২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডেন গ্লোবে প্রিয়াঙ্কার স্বর্ণসাজ

হলিউডে জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে প্রিয়াঙ্কা চোপড়ার। কদিন আগেই মাতালেন অস্কারের মঞ্চ। এবারে ডাক পেলেন গোল্ডেন গ্লোব থেকেও। অনুষ্ঠানের একটি অংশে পুরস্কার তুলে দিতে মঞ্চে ওঠেন এ বলিউড সুন্দরী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 06:51 PM

Updated : 11 Apr 2022, 10:46 PM

গোল্ডেন গ্লোব-এর মঞ্চে উঠবেন প্রিয়াঙ্কা, এ কথা শোনা গিয়েছিলো আগেই। এমনকি কী পরবেন তিনি-তা নিয়েও হয়েছে নানা জল্পনা-কল্পনা। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে সোনালি র‌্যাল্ফ-লোরেনের সান্ধ্যপোশাকে আসর মাত করলেন এ সাবেক বিশ্বসুন্দরী।

আসরের নাম ‘গোল্ডেন গ্লোব’। একারণেই বোধহয় পোশাকের রঙ হিসেবে সোনালীকেই বেছে নিয়েছেন পিগি চপস! ভারতীয় গণমাধ্যম বলছে, “সোনালি গাউন পরিহিতা নয় বরং সোনায় মোড়া এক প্রতিমা যেন প্রিয়াঙ্কা চোপড়া!” আদতেই গাঢ় সোনালী রঙের রাজকীয় এ পোশাকটি একেবারেই মানানসই এমন জমকালো আসরের জন্য।

নিজের টুইটার অ্যাকাউন্টে প্রিয়াঙ্কা লিখেছেন, “দুষ্ট লোকেরাই সব মজা উপভোগ করবে! যাচ্ছি গোল্ডেন গ্লোব আসরে পুরস্কার তুলে দিতে।” প্রিয়াঙ্কার আবেদনময়ী সাজ-পোশাক ও দুষ্টুমিমাখা হাসির জাদুতে বাঁধা পড়বেন সকলেই!

অনুষ্ঠানে সেরা টিভি অভিনেতা (ড্রামা) বিলি বব থর্নটনের হাতে পুরস্কার তুলে দেন প্রিয়াঙ্কা চোপড়া ও জেফরি ডিন মরগ্যান।