নির্মাতা যখন সাংবাদিক !
শামীম আহমেদ রনির ‘মেন্টাল’ সিনেমায় একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছিলেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস। এবার দ্বিতীয়বারের মত একই ভূমিকায় অভিনয় করছেন তিনি, অনন্য মামুন-এর ‘বন্ধন’ সিনেমায়।
দুটি ঘটনাই কি কাকতালীয়?
গ্লিটজের এমন প্রশ্নে হেসে দেবাশীষ বিশ্বাস বলেন, “আমি আসলেই জানি না এই ঘটনাটি কাকতালীয় ব্যাপার কিনা। কারন ‘মেন্টাল’ সিনেমায় আমি সাংবাদিক চরিত্রে অভিনয় করেছিলাম। তারপরে আমি ‘মুসাফির’, ‘এক পৃথিবী প্রেম’, ‘রাজনীতি’ ইত্যাদি সিনেমাগুলোকে ভিন্ন ধরনের চরিত্রগুলোতে অভিনয় করেছি। এবার অনন্য মামুনের ‘বন্ধন’ সিনেমায় আবারও সাংবাদিক চরিত্রে অভিনয় করা হলো।”
তিনি আরো বলেন, “ ‘মেন্টাল’ ও ‘বন্ধন’ দুটো সিনেমাতেই আমি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্রাইম রির্পোটারের ভূমিকায় অভিনয় করেছি। তবে ‘বন্ধন’ সিনেমার নির্মাতা জানতেন না যে আমি এর আগেও একটি সিনেমায় একই ধরণের চরিত্রে অভিনয় করেছি। সেই দিক থেকে ঘটনাটি কিছুটা কাকতালীয় তো বটেই।”
অন্যদিকে ১৯৯০ সালে মাত্র ১৩ বছর বয়সে দিলীপ বিশ্বাসের ‘অকৃতজ্ঞ’ সিনেমায় প্রথমবারের মত অভিনয়ের মাধ্যমে ঢালিউডে শিশুশিল্পী হিসেবে অভিষিক্ত হন দেবাশীষ বিশ্বাস। পরবর্তীতে দীর্ঘ ২৩ বছর পরে ‘মেন্টাল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আবারও ঢালিউডে অভিনয় শুরু করেন তিনি।
তবে ‘মেন্টাল’ কিংবা ‘বন্ধন’ দুটো সিনেমাতেই সাংবাদিক চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে তেমন কোনো প্রস্তুতির নাকি প্রয়োজন পড়ে নি, এমন কথাই শোনালেন তিনি।
গ্লিটজকে দেবাশীষ বলেন, “সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে গিয়ে আমার খুব একটা কষ্ট করতে হয়নি। সাংবাদিকের চরিত্রে অভিনয়ের জন্য আমাকে সাংবাদিকদের চলাফেরা, কথাবার্তা, রিপোর্টিংয়ের ধরণ ইত্যাদি নিয়ে তেমন কোনো গবেষণাও করতে হয়নি। কারন আমার ক্যারিয়ারের সফলতার পেছনে আমার যেমনি কঠোর পরিশ্রমের ফসল রয়েছে তেমনি সাংবাদিকদেরও ভূমিকা রয়েছে। সেই দিক থেকে সাংবাদিকদের সঙ্গে আমার সবসময়ই একটা সখ্যতা রয়েছে। বরং বলতে গেলে এই চরিত্রে অভিনয় করতে গিয়ে একধরনের স্বাচ্ছন্দবোধ করেছি।”
২০০২ সালে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমা নির্মাণের মাধ্যমে ঢালিউডে নির্মাতা হিসেবে অভিষিক্ত হন দেবাশীষ বিশ্বাস। তার নির্মিত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে ‘শুভ বিবাহ’, ও ‘ভালোবাসা জিন্দাবাদ’। এছাড়াও ‘পথের প্যাঁচালি’ ও ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।
অভিনয় ছাড়াও তার নতুন সিনেমা ‘চলো পালাই’-এর নির্মাণকাজ নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন দেবাশীষ। ‘চলো পালাই’ সিনেমায় অভিনয় করছে শিপন মিত্র, শাহরিয়াজ ও তমা মির্জা।
ইতমধ্যে সিনেমাটির বান্দরবন অংশের দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিকঠাক মত চললে ফেব্রুয়ারি মাসে সিনেমার ঢাকার অংশের দৃশ্যধারনের কাজ শুরু হবে বলে গ্লিটজকে নিশ্চিত করেছেন তিনি।
