চলতি বছরেই নিরবের বলিউড অভিষেক
বৃহস্পতিবার মধ্যরাতে প্রকাশিত ‘শয়তান’ ছবির ট্ট্রেইলারে দেখা গেলো, ভৌতিক ছবির মোড়কে অ্যাকশন-রোমান্টিক হিরো নিরব। ছবিটি পরিচালনা করেছেন বলিউডের নির্মাতা ফয়সাল সাইফ। চলতি বছরের এপ্রিল-মে'তে চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে।
মালয়েশিয়ান ছবি ‘বাংলাশিয়া’য় অভিনয় করেও দেশের বাইরে বড় পর্দায় মুখ দেখাতে ব্যর্থ হয়েছিলেন দেশি চলচ্চিত্রের নায়ক নিরব। চলচ্চিত্রটি নিষিদ্ধ করে সে দেশের সরকার। এবার নিরবের চোখ বলিউডে। সম্প্রতি বলিউডি হরর ফিল্ম শয়তান-এ অভিনয় করেছেন তিনি। বৃহস্পতিবার মধ্যরাতে প্রকাশিত হল ছবিটির ট্রেইলার।
গত সেপ্টেম্বর মাসে ‘শয়তান’ ছবির শুটিং শুরু হয়। নাম যদিও তখন ‘বালা’ বলেই জানিয়েছিলেন চিত্রনায়ক নিরব। কিন্তু চলচ্চিত্রটির নাম এখন `শয়তান'। বৃহস্পতিবার মধ্যরাতে প্রকাশিত ট্রেইলারে দেখা গেলো চলচ্চিত্রটিকে মুসলিম হরর ফিল্ম বলা হচ্ছে। ভারতের বেঙ্গালুরু, চেন্নাই, গোয়া, কেরালার বিভিন্ন লোকেশনে টানা শুটিংয়ের মাধ্যমে সম্প্রতি চলচ্চিত্রটির নির্মাণ কাজ শেষ হয়। ছবিটি পরিচালনা করেছেন বলিউডের নির্মাতা ফয়সাল সাইফ।
ট্রেইলারে দেখা গেলো, ভৌতিক ছবির মোড়কে সেই অ্যাকশন-রোমান্টিক হিরো নিরবকেই। যদিও বলিউড বলে নিরবের উপস্থিতি একটুও কম মনে হয়নি দুই মিনিট দুই সেকেন্ডের ট্রেইলারটিতে। নিরব জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল-মে’তে চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশেও চলচ্চিত্রটি মুক্তির ইচ্ছা পোষন করছেন তিনি।
নিরব বললেন, ‘চলচ্চিত্রটিতে অভিনয়ের অভিজ্ঞতা দারুন। আশা করছি এ অভিজ্ঞতা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক সহযোগিতা করবে। আপাতত চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষা করছি। চলতি বছরের এপ্রিল মে-তে এটি মুক্তি পাবে। তারই ধারাবাহিকতায় ট্রেইলারটি প্রকাশিত হল।’
তবে বলিউডের একটি ছবিতেই কাজ করে থেমে যেতে চান না নিরব। জানালেন, বলিউডের নতুন কোনো চলচ্চিত্রের কথা এখনও পাকাপোক্ত হয়নি। হলে ঘটা করেই জানাবো।
নিরব-কবিতা ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী মিরা খান, আসিফ বাখরা, আমিতা, তাসমিয়া প্রমুখ।
