২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধারাবাহিক নাটকে অভিনয়টাকেই বেশি পছন্দ করি’

টেলিভিশন বিজ্ঞাপন, উপস্থাপনা ও নাটক- সব ক্ষেত্রেই নিজের উপস্থিতি ধরে রাখতে চান অ্যানি খান। তবে অভিনয়ের ক্ষেত্রে খণ্ড নাটকের তুলনায় ধারাবাহিক নাটকগুলোর প্রতিই তার আগ্রহ একটু বেশি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 09:56 PM

Updated : 11 Apr 2022, 10:45 PM

গ্লিটজকে অ্যানি বলেন, “নিয়মিত ধারাবাহিক নাটকে অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝে যখন একটু বিরতি পাই তখনই ব্যাটে বলে মিলে গেলে ভালো গল্পের খণ্ড নাটকগুলোতে অভিনয় করি এবং অন্যান্য কাজগুলোও করি। কিন্তু সত্যি বলতে খণ্ড নাটকে অভিনয়ের তুলনায় আমার ধারাবাহিক নাটকগুলোতে অভিনয়ের প্রতি আগ্রহ সবসময়ই বেশি।”

তিনি আরও বলেন, “খণ্ড নাটকের তুলনায় দর্শকরা ধারাবাহিক নাটকগুলো বেশি দেখে থাকেন। তাছাড়া বেশিরভাগ ধারাবাহিক নাটক ৫২ কিংবা ১০৪ পর্বের হয়। ফলে টেলিভিশনে নিয়মিত থাকা যায়। তাছাড়া ধারাবাহিক নাটকের ক্ষেত্রে একটি চরিত্রের অনেক বেশি গভীরে প্রবেশ করে সেই চরিত্রের বিভিন্ন অ্যাঙ্গেলগুলোকে নিয়ে নিজের মত করে নিরীক্ষা চালানো যায়। তাই আমি সবসময় ধারাবাহিক নাটকে অভিনয়টাকেই বেশি পছন্দ করি।” 

অন্যদিকে ‘রঙধনু’ নামের একটি সিনেমায় কাজ শুরু করলেও ঢালিউডে এখনও নায়িকা হিসেবে অভিষিক্ত হতে পারেননি অ্যানি। সেক্ষেত্রে ঢাকাই সিনেমায় আবারও অভিনয়ের ক্ষেত্রে একটু যাচাই বাছাই করেই সিদ্ধান্ত গ্রহণের পরিকল্পনাও করেছেন তিনি।

এ প্রসঙ্গে গ্লিটজকে অ্যানি বলেন, “খুব শখ করেই জীবনের প্রথম সিনেমাটিতে অভিনয় শুরু করেছিলাম। কিন্তু ভাগ্য খারাপ সেই সিনেমাটি প্রযোজকদের দ্বন্দ্বের জন্য আলোর মুখ দেখলো না। এরপরেও আমার কাছে আরও অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব এসেছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে সেই সিনেমাগুলো আমার জন্য উপযুক্ত নয়।”

সিনেমায় অভিনয় প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমি চাই এমন গল্পের সিনেমা, যেখানে আমার অভিনয়ের পুরো স্বাধীনতা থাকবে। আমি অবশ্যই বাণিজ্যিক ঘরানার সিনেমাতেই অভিনয় করতে চাই। আমার সঙ্গে মানানসই যে কোন ভালো গল্পের বাণিজ্যিক সিনেমাতে অবশ্যই আমি অভিনয় করবো।”

বতর্মানে তিনি এনামুল হক খানের ‘গো বৎস’, ওয়ালি হাসানের ‘জলে ভেজা রঙ’, হাসান জাহাঙ্গীরের ‘চাপাবাজ’ এবং ওয়ালি হাসানের ‘অন্ধকারের অন্তরালে’ নাটকে অভিনয় করছেন।

 ছবি: তানজিল আহমেদ জনি