২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বছর পর বেতারে তপন চৌধুরী

পাইরেসির কবলে পড়ে জনপ্রিয় শিল্পীদের অনেকেই গুটিয়ে নিয়েছিলেন নিজেকে। অন্তর্জালকে কেন্দ্র করে অডিও ইন্ডাস্ট্রির নতুন করে ঘুরে দাঁড়ানোর দিনে তাদের অনেকেই ফের সুর ধরছেন তাদের কণ্ঠে। ১৩ বছর পর নতুন অ্যালবাম নিয়ে তপন চৌধুরীর ফেরার ঘোষণা তারই ইঙ্গিত বহন করছে। শুধু অ্যালবামেই নয়, এবার দু বছর পরবাংলাদেশ বেতারেও গান নিয়ে ফিরলেন এ শিল্পী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 07:09 PM

Updated : 11 Apr 2022, 10:44 PM

সম্প্রতি বাংলাদেশ বেতারের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘গানের ভুবন’-এ গাইলেন তপন চৌধুরী। রাজধানীর আগারগাঁও-এ বেতারের নিজস্ব স্টুডিওতে গানের রেকর্ডিংয়ে অংশ নেন তিনি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন লায়লা পারভীন কেয়া। মোঃ ফখরুল করিমের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোঃ লিয়াকত হোসেন।প্রযোজনা করেছেন ফারজানা।

এ প্রসঙ্গে তপন চৌধুরী বলেন, “দীর্ঘ দুই বছর পর আবারও বেতারে গাইলাম। ভালো লাগলো। দেশের বাইরে থাকার কারনে এখানে গাওয়া হয় কম। তবে বেতারে গেয়ে এখনো তৃপ্তি পাই।”

এদিকে ৭ জানুয়ারি নিজের জন্মদিনে ‘ফিরে এলাম’ নামের অ্যালবামটির মোড়ক খুলবেন তপন চৌধুরী। ১৩ বছর পর  তার নতুন একক অ্যালবাম প্রকাশ করা হবে ঢাকা ক্লাবে।  এ দিন তিনি আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দিবেন তার শিল্পীজীবনে অবদান রাখা সাত  গুণী ব্যক্তিত্বকে।