ফেলুদা এবার ঢালিউডে!
বলিউডে নির্মিত হতে চলেছে ফেলুদাকে নিয়ে সিনেমা, টলি্উডে ফেলুদা দীর্ঘদিন ধরেই জনপ্রিয়, এবার বাংলাদেশের চলচ্চিত্রেও ফেলুদার আত্মপ্রকাশ ।
সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’-র ছায়া অবলম্বনে ‘শহর ব্যাপী খুন খারাপি’ সিনেমা নির্মাণ করছেন নির্মাতা নাহিদ হাসান। সিনেমায় ফেলুদা চরিত্রে অভিনয় করেছেন মডেল ও টেলিভিশন অভিনেতা নিঝুম ফারুকী। গ্লিটজকে বিষয়টি নিশ্চিত করেছেন ফারুকী নিজেই।
তিনি বলেন, “আমি ফেলুদা চরিত্রে অভিনয় করছি ‘শহর ব্যাপী খুন খারাপি’ সিনেমায়। ইতমধ্যে সিনেমার প্রযোজনা সংস্থার সঙ্গে আমার আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে, এছাড়াও আমাদের সিনেমার কাজের অংশ হিসেবে অন্তর্জালে আমরা সিনেমার ফার্স্টলুকও প্রকাশ করেছি।”
টেলিভিশন ও স্থিরচিত্র বিজ্ঞাপনের নিয়মিত মুখ নিঝুম ফারুকী। কিন্তু হঠাৎ সিনেমার অধ্যায় শুরু কেনো জানতে চাইলে তিনি গ্লিটজকে বলেন, “সিনেমায় অভিনয়ের পরিকল্পনা আমার অনেক আগে থেকেই ছিলো। কিন্তু সবসময় একটাই লক্ষ্য ছিলো যখনই সিনেমায় অভিনয় করবো তা অবশ্যই ভালো গল্পের সিনেমা হতে হবে। অন্যদিকে আমি সবসময় গোয়েন্দা গল্পের খুব ভক্ত। ফেলুদা’র প্রায় সবগুলো গল্পই আমরা পড়া। যখন শুনলাম সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’-র ছায়া অবলম্বনে একটি সিনেমা নির্মিত হবে এবং সেই সিনেমায় আমি ফেলুদা চরিত্রে অভিনয় করবো, আমার কাছে তখন প্রস্তাবটা খুবই ভালো লাগলো। বলতে গেলে সবকিছুই হঠাৎ ব্যাটে বলে মিলে গেলো আর আমিও সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে গেলাম।”
ছবি: ফাহিম মঞ্জুর
গ্লিটজকে বলেন, “ফেলুদার উপন্যাস ও গল্প যেমন আমার পড়া রয়েছে তেমন ফেলুদার উপর নির্মিত সিনেমাগুলো দেখেছি। এই সিনেমায় ফেলুদা চরিত্রে অভিনয়ের জন্য আবারো ফেলুদা পড়ছি, ফেলুদা সিনেমায় সব্যসাচী চক্রবর্তীর অভিনয়গুলোও খুব মন দিয়ে দেখেছি। তিনি কীভাবে পর্দায় আমাদের সামনে নিজেকে ছাপিয়ে সেই গল্পের ফেলুদাকে চোখের সামনে তুলে ধরেছেন।”
টালিগঞ্জের ফেলুদা চরিত্র মানেই হলো পর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায় ও সব্যসাচী চক্রবর্তীর উপস্থিতি। সে ক্ষেত্রে ঢালিউডের দর্শকদের কাছে ফেলুদা চরিত্রে অভিনয়ের মাধ্যমে কোন ইমেজ সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে কিনা? এই প্রশ্নের অত্যন্ত কৌশলী জবাব তার।
গ্লিটজকে তিনি বলেন, “এই সিনেমায় আমাদের দর্শকরা সিনেমার ফেলুদাকে নয় বরং গল্পের ফেলুদাকে দেখবেন।”
‘শহর ব্যাপী খুন খারাপি’ সিনেমাটি নির্মানের পাশাপাশি চিত্রনাট্যর কাজটিও করেছেন নির্মাতা নাহিদ হাসান নিজেই। সিনেমাটি প্রযোজনা করছেন দ্য ক্রিয়েটর’স ফিল্মস। সম্প্রতি অন্তর্জালে প্রকাশিত হয়েছে এই সিনেমাটির ফার্স্টলুক। সবকিছু ঠিকঠাক মত চললে চলতি বছরই ফেলুদা ভক্তরা প্রেক্ষাগৃহে ঢালিউডের প্রথম ফেলুদাকে প্রেক্ষাগৃহে দেখতে পারবেন বলেও গ্লিটজকে বলেন নিঝুম ফারুকী।
