মান ভাঙলেন ফারিয়া
অভিনয়কে বিদায় জানানোর একবছর পর আবার ক্যামেরার সামনে দাঁড়ালেন ছোটপর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। ২০১৫ সালের শেষ দিকে এক পরিচালকের কাছ থেকে পারিশ্রমিক নিয়ে প্রতারিত হয়ে অভিনয় ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছিলেন ফারিয়া।
ইফফাত জাহানের গল্প ভাবনা ও জীবন শাহাদাতের পরিচালনায় ‘বাকরখানি’ নাটকে সম্প্রতি অভিনয় করেন এ অভিনেত্রী। নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।
দীর্ঘদিন পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে ফারিয়া শাহরিন বলেন- ‘পড়াশোনা আর অভিমানের কারনে কাজ ছেড়ে দিয়েছিলাম। সবার অনুরোধে আবার অভিনয়ে ফিরলাম। একজনের উপর রাগ করে সবাইকে কেন বঞ্চিত করবো?’
অভিনয় ছেড়ে গত বছরের শুরুর দিকে দুই বছরের জন্য মিডিয়া মার্কেটিং বিষয়ে পড়তে মালয়েশিয়া যান লাক্স সুন্দরী থেকে অভিনয়ে আসা ফারিয়া। ডিসেম্বরে ছুটিতে বাংলাদেশে ফিরেই মান ভাঙলেন।
নাটকের গল্পে দেখা যাবে, ফারিয়া একজন প্রবাসী বাংলাদেশি। যিনি বাংলাদেশে আসেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাকরখানির উপর একটি তথ্যচিত্র বানানোর জন্য। কাজ করতে গিয়ে চারুকলার ছাত্র ইরফান সাজ্জাদের সঙ্গে পরিচয়। নানা ঘটনায় গল্প এগিয়ে যায়।
খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।
