২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার মুক্তি পাচ্ছে ‘মুখোশ মানুষ’

শুক্রবার সারা দেশে মুক্তি পাচ্ছে ২০১৬ চলচ্চিত্র বছরের শেষ ঢাকাই সিনেমা ‘মুখোশ মানুষ’। সিনেমাটি নির্মাণ করেছেন নবাগত পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল। দেশে প্রথমবারের মত সাইবার ক্রাইম নিয়ে নির্মিত সিনেমায় প্রধান তিন কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল, নওশীন নাহরীন ও কল্যাণ কোরাইয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 07:03 PM

Updated : 11 Oct 2022, 09:31 PM

২০১৬-র বক্সঅফিসে ঢাকাই সিনেমা মুক্তির তালিকায় ‘মুখোশ মানুষ’ সিনেমার মাধ্যমে ইতি টানলো ঢাকাই সিনেমার মুক্তির তালিকা। মুক্তির আগে থেকে নানান কারনে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে এই সিনেমাকে ঘিরে। কিন্তু তারপরেও সিনেমাকে ঘিরে বেশ আশাবাদ ব্যক্ত করলেন জুয়েল।

গ্লিটজকে তিনি বলেন,“এটি (‘মুখোশ মানুষ’) এই বছরের শেষ ঢাকাই সিনেমা। একজন নির্মাতার জায়গা থেকে তো প্রত্যাশা সবসময় বেশিই থাকবে। আমি তো চাইবো আমার এই সিনেমাটি সবাই দেখুক। সিনেমাটি ব্যবসাসফল হোক। তবে আকাশ ছোঁয়া প্রত্যাশা রাখলে তো চলবে না সবকিছুই দর্শকের গ্রহনযোগ্যতার উপর নির্ভর করছে। আমার বিশ্বাস সিনেমার গল্পে যে নতুনত্ব রয়েছে এর জন্য দর্শকদের কাছে সিনেমাটি গ্রহনযোগ্যতা পাবে।”

সংখ্যাতত্ত্বের হিসেব না কষে টার্গেট অডিয়েন্সের হিষেব কষেই নাকি প্রেক্ষাগৃহের সংখ্যা নির্ধারন করেছেন জুয়েল। এজন্য নাকি তিনি সারাদেশের ২৩টি প্রেক্ষাগৃহ নির্বাচন করেছেন।

এ প্রসঙ্গে গ্লিটজকে তিনি বলেন,“ আমার সিনেমার যে গল্প এবং যেমন ধরনের রুচিশীল দর্শকদের জন্য এই সিনেমাটি নির্মিত হয়েছে সেই জন্য যেই প্রেক্ষাগৃহগুলো আমার প্রয়োজন ছিলো আমি সেইগুলোই পেয়েছি। বলতে গেলে একটু বেশি পেয়েছি। কারন আমার লক্ষ্য ছিলো বিশটি। সেখানে আমি আরোও তিনটি বেশি পেয়েছি। তাই প্রেক্ষাগৃহের সংখ্যা নিয়ে আমি খুবই সন্তুষ্ট।”

অন্যদিকে একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে কলকাতার সিনেমা রাজ চক্রবর্তীর ‘অভিমান’ । সিনেমায় কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন জিৎ, শুভশ্রী গাঙ্গুলী ও সায়ন্তিকা বন্দোপাধ্যায়। কিন্তু তারপরেও বক্সঅফিসের অন্য কোন সিনেমাকে নিজের সিনেমার প্রতিদ্বন্দ্বী ভাবতে চাইছেন না জুয়েল।

গ্লিটজকে তিনি বলেন,“ আমি কোনভাবেই ‘অভিমান’ সিনেমার সঙ্গে আমার সিনেমার তুলনা করছি না। কিংবা সেই সিনেমাকে ঘিরে কোন কিছু ভাবছিও না। ‘অভিমান’ সিনেমাটির সঙ্গে আমার সিনেমার কোন ধরনের সর্ম্পক নেই। আমার সিনেমাটি বাংলাদেশের সিনেমা, যা বাংলাদেশের দর্শকদের কথা চিন্তা করেই নির্মাণ করা হয়েছে।

অন্যদিকে ‘অভিমান’ সিনেমাটি কলকাতার দর্শকদের কথা চিন্তা করেই নির্মিত হয়েছে। তাই মনস্তাত্ত্বিকভাবে আমি কোন ভাবেই সেই (অভিমান) সিনেমাটিকে আমার প্রতিদ্বন্দ্বী ভাবছি না। আর বাংলাদেশের দর্শকরা দেশকে যেহেতু ভালোবাসে সেহেতু তারা দেশি সিনেমাটাই দেখবেন বলে আমার বিশ্বাস।”

‘স্টপ সাইবার ক্রাইম’ শ্লোগান নিয়ে নির্মিত সিনেমাটির ইংরেজি ট্যাগলাইন ‘দ্য ফেইক’। একজন সাইবার অপরাধীর কবলে পড়ে একজন নারীর সুন্দর সাজানো গোছানো সংসার জীবন কীভাবে ধ্বংস হয়ে যায় মূলত এমন ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে থ্রিলার ধাঁচের ‘মুখোশ মানুষ’ সিনেমার কাহিনি।

ডিজি মোশন পিকর্চাস প্রযোজিত সিনেমাটি নির্মানের পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন আহাদুর রহমান। সিনেমায় অন্যান্যদের মধ্যে অভিনয় করেছেন বড়দা মিঠু, লামিয়া মিমো, প্রসুন আজাদ ও রাইজা রশিদ।

এতে আবহসংগীত করেছেন প্রত্যয় খান। সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ ও আহমেদ হুমায়ূন। আর গান গেয়েছেন সুকন্যা মজুমদার, আঁচল ও আরিফ।