২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তর্জালে ‘বেয়াইনসাব’ এর দাপট!

সম্প্রতি অন্তর্জালে প্রকাশিত হয়েছে প্রীতম হাসান ফিউচারিং প্রতীক হাসানের ‘বেয়াইনসাব’ গানটি। যা ইতমধ্যে শ্রোতাদের হৃদয়ে ঝড় তুলেছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2016, 07:30 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

এ প্রসঙ্গে গ্লিটজকে গায়ক প্রতীক বলেন, “শ্রোতাদের কাছে থেকে খুবই ভালো সাড়া পাচ্ছি। বিশেষ করে বিয়ে বাড়িতে আগে যেখানে ভারতীয় সিনেমার গান বাজানো হত এখন সেখানে আমাদের এই গানটি বাজানো হচ্ছে। বিয়ের অনুষ্ঠানে এই গানটির মাধ্যমে হিন্দি গানের জায়গা দখল করে নেওয়াটাই এই গানের সবচেয়ে বড় সফলতা।”

এছাড়াও গানটির নির্বাচন প্রসঙ্গেও বললেন প্রিতম। “পরিবারে বেয়াই বেয়াইনদের মধ্যে যে মিষ্টি খুনশুটির বিষয়টি থাকে এই গানের কথায় সেই বিষয়গুলোই রয়েছে। তাছাড়া আমাদের দেশে কোন বিয়ে বাড়িতে বাজানোর জন্য ভালো কোন বাংলা গানও ছিলো না। তাই ভাবলাম আমাদের দেশে কি এমন কোন ‘ওয়েডিং সং’ থাকবে না যা অন্য দেশের গানের জায়গা দখল করতে পারে। তাই সবদিক ভেবেই এই গানটি বেছে নিয়েছিলাম। ইতমধ্যেই গানটিকে ওয়েডিং সং অব দ্য ইয়ার বলা হচ্ছে।”

২০১৫ সালের নভেম্বর মাসে প্রকাশিত হয়েছিলো প্রতিক ‘অচিন পাখি’ গানটি। এরপরে টানা একবছর বিরতির পরে হঠাৎ ‘বেয়াইনসাব’ গানটির মাধ্যমে আবারো ফিরে আসার নেপথ্যের কারনটিও বললেন প্রতীক।

তিনি বলেন, “মূলত এই গানটির পরিকল্পনা ছিলো আসিফ ইকবাল ও প্রীতমের। তারা চেয়েছিলো এমন একজন গায়ক যে এই পুরো গানটিকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারে। অন্যদিকে আমি বাজারে আমার একটি দূরত্ব তৈরি করতে চেয়েছিলাম। সেই পরিকল্পনা অনুযায়ী সব কাজগুলো হয়েছে। এই গানটির মাধ্যমে সব হিসেব মিলে গেলো তাই শ্রোতাদের জন্য সর্ম্পূণ নতুন অবতারে নতুন উপহার নিয়ে উপস্থিত হলাম।”

গানের কথা লিখেছেন প্রীতম হাসান ও প্রতীক হাসান। আর প্রতীক হাসানের সঙ্গে গানে কন্ঠ দিয়েছেন জারিন তাসনিম নাওমি। টিউন ও কম্পোজিশন করেছেন প্রীতম হাসান। 

এছাড়াও গানে মডেল হিসেবে অভিনয় করেছেন জাহিদ হাসান, সিয়াম আহমেদ, শায়লা শাবি, শার্লিনা হোসেন ছাড়াও আরো অনেকে। পুরো মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন খালিদ মাহমুদ ও গানটি নির্মান করেছেন তানিম রহমান অংশু।