ঢাকায় ‘অ্যাসাসিন’স ক্রিড’
বিশ্বব্যাপী জনপ্রিয় গেইম ‘অ্যাসাসিন’স ক্রিড’ এবার চলচ্চিত্র হয়ে আসছে রূপালী পর্দায়। অ্যাকশন অ্যাডভেঞ্চার ছবিটি বিশ্বে মুক্তি পাচ্ছে ২১ ডিসেম্বর। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি।
ফ্রান্সের ভিডিও গেইম নির্মাতা ও প্রকাশনা প্রতিষ্ঠান ইউবিসফট তাদের গেইমটিকে চলচ্চিত্রে রূপায়ন করে। গেইমের নামেই ছবিটি পরিচালনা করেছেন জাস্টিন কারজেল।
অ্যাকশন-অ্যাডভেঞ্চার ভিডিও গেইমের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রটিতে, অ্যাসাসিন এবং টেমপ্লারদের মধ্যে যুদ্ধ দেখানো হয়েছে, যেখানে অ্যাসাসিনরা স্বেচ্ছায় শান্তির জন্য যুদ্ধ করে আর টেমপ্লাররা ক্ষমতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে চায়।
ইউবিসফট মোশন পিকচার্সের প্রযোজনায় এ চলচ্চিত্রটির প্রধান ভূমিকায় অভিনয় করেছেন জার্মান অভিনেতা মাইকেল ফাসবেন্ডার। আরও থাকছেন ফরাসি অভিনেত্রী মারিয়ন কতিয়াহ, জেরেমি আয়রন্স, ব্রেন্ডন গ্লিসন এবং কে উইলিয়ামস।
ইউবিসফটের সবচেয়ে ব্যবসাসফল গেইম সিরিজ ‘অ্যাসাসিন্স ক্রিড’ থেকে ছয় পর্বের সিনেমা তৈরির প্রক্রিয়া শুরু করে দিয়েছেন নির্মাতারা। ডিজিটাল স্পাই জানিয়েছে, প্রথম দুই পর্বেই মাইকেল ফাসবেন্ডার এবং কনর ম্যাকহ্যানকে দেখা যাবে।
এই ছবির বাংলাদেশ প্রচারে সার্বিক সহযোগীতায় রয়েছে ‘গ্রামীণফোন স্টার প্রোগ্রাম’। স্টার গ্রাহকগণ একটি টিকেট ক্রয় করলে বিনামূল্যে আরেকটি টিকেট পাবেন। এই বিশেষ অফার শুধুমাত্র মুভিটি মুক্তির প্রথম এক সপ্তাহের জন্য প্রযোজ্য।
