২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যেখানে জেগে আছে আলতাফ মাহমুদের স্মৃতি

“বড় হওয়ার পর জানতে পারলাম, বাবার কোনো মৃত্যুদিন নেই এবং মৃতদেহ পাওয়া যায়নি বলে তার কোনো চিহ্নিত কবরও নেই। মা আর আমার পরিবারের সবাই পাগলের মতো খুঁজেও বাবার কোনো চিহ্ন খুঁজে পাননি। স্মৃতিসৌধের বিশালতার সঙ্গে যোগ হলো বিশাল বাংলাদেশ। এ দেশের আনাচে কানাচে যেখানে যত শহীদের কবর আছে, তার প্রতিটাই আমার কাছে বাবার কবর”-কথাগুলো শহীদ বুদ্ধিজীবি গীতকার, সুরকার ও সংগীত পরিচালক আলতাম মাহমুদ-এর একমাত্র মেয়ে শাওন মাহমুদ-এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুদ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 12:18 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

১৯৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালীন ৩০ আগস্ট পাক হানাদার বাহিনী ধরে নিয়ে যায় আলতাফ মাহমুদকে। তারপর আর খোঁজ পাওয়া যায়নি সুরে কথায় স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখা মানুষটিকে। শহীদ জনকের স্মরণে নিজের ও অন্য অনেকের উচ্চারিত এমন কথাগুলো শাওন মাহমুদ তুলে রেখেন সযত্নে, ধরে রেখেছেন পিতার যা কিছু স্মৃতি। সেই সব স্মৃতি তিনি তুলে ধরেছেন ওয়েবসাইট আলতাফ মাহমুদ ডটকম-এ।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানের সুর যিনি ছড়িয়ে দিয়েছেন সব বাঙালির প্রাণে তার সম্পর্কে কি জানতে চাইবেনা নতুন প্রজন্ম?

গ্লিটজকে তেমনটাই বললেন শহীদ তনয়া শাওন মাহমুদ, “তরুণদের জন্যই করা এ ওয়েবসাইটটা। ভবিষ্যত প্রজন্ম যাতে চাইলে তার সম্পর্কে জানতে পারে। সম্পূর্ণ পারিবারিক উদ্যোগে আমরা কাজটি করেছি। নিয়মিত তার স্মৃতিচিহ্ন ও তাকে নিয়ে যা কিছু পাচ্ছি আমরা আপডেট করার চেষ্টা করছি।”

২০১৪ সালের ফেব্রুয়ারীতে তৈরি হয় এ অন্তর্জাল স্মৃতি সংরক্ষনাগার। ঢুকতেই চোখে পড়ে আলতাফ মাহমুদের হাতে স্ত্রীর কাছে লেখা চিরকুট। নিচে জন্মবৃত্তান্ত পাঠে জানা গেলো তার ডাকনাম ছিলো ঝিলু। ১৯৩৩ সালের ২৩ ডিসেম্বর বরিশালের মুলাদি থানার পাতারচর গ্রামে জন্ম নিয়েছিলেন তিনি।

ওয়েবসাইটের বাঁয়ে সূচি, ডানে চোখ ফেলতেই দেখা গেলো আলতাফ মাহমুদ স্মরণে কবির সুমনের গান-‘সুরের জন্য শহীদ, আলতাফ মাহমুদ, আমার ভায়ের রক্তে রাঙানো একুশে রয়েছি বুঁদ।’

Image
স্ত্রীকে পাঠানো আলতাফ মহমুদ-এর চিরকুট

স্ত্রীকে পাঠানো আলতাফ মহমুদ-এর চিরকুট

সঙ্গে অবসকিওর ব্যান্ডের কম্পোজিশনে একুশের সেই গান আর শহীদ বুদ্ধিজীবিদের নিয়ে তাদের অন্য একটি নিবেদন। আছে আলতাফ মাহমুদের সুর করা বেশকিছু গান।

তার সুরের জাদুতে বুঁদ হয়ে যেতে যেতে চোখে পড়বে আলতাফ মাহমুদ স্মরণে তার সহযাত্রী, উত্তরাধিকার শিল্পী-চিন্তাবিদদের নানা লেখা।

সেখানেই জানা গেলো অনেক অজানা কথাও।

দরাজ গলায় মধুর সুরে কোরান শরীফ পাঠ করতেন তিনি। সবাই ভাবত, বড় হয়ে নিশ্চয়ই অনেক বড় ক্বারী হবেন। সবার মন জয় করে নিয়েছিলেন। বাড়ির সামনে বেঞ্চিতে বসে ঘন্টার পর ঘন্টা গান গাইতেন। আর সে গানে মুগ্ধ হত পরিবারের লোকজন, সহপাঠীরা থেকে শুরু করে স্কুলের শিক্ষকরাও।

শুধু যে গান করতেন তাই নয়, ছবি আঁকাতেও দারুন পারদর্শী ছিলেন তিনি। ১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত বিভিন্ন আন্দোলনে সংগ্রামে তাকে দেখা গেছে প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার আঁকতে। ছবি আঁকা ছিল তার নেশা।

তবে তার সবচেয়ে বড় নেশা ছিল গান। নিজে গান লিখতেন, সুর করতেন। গেয়ে শোনাতেন। প্রায় সবরকম বাদ্য যন্ত্র বাজাতে পারতেন তিনি। হারমোনিয়াম, তবলা, বেহালা, পিয়ানো, বাঁশি, পারকিনসন সবকিছুতেই পারদর্শী ছিলেন। ষাটের দশকে এসে অর্কেস্টেশন সম্পর্কে বিরল জ্ঞান অর্জন করেন। সে সময়ে উপমহাদেশের অল্প যে কয়জন সংগীতজ্ঞ এ সম্পর্কে জ্ঞান রাখতেন তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। 

একজন সুরপাগল দেশপ্রেমিক মানুষের গল্প তার জীবন। তাকে নিয়ে লিখেছেন মঞ্চকুসুম শিমুল ইউসুফ। সম্পর্কে তার বড়বোনের স্বামী আলতাফ মাহমুদ। চোখের সামনে দেখেছিলেন কি করে পাক হানাদারের হাতে গ্রেপ্তার হয়ে হারিয়ে যাচ্ছিলেন তিনি।

Image
শহীদ মিনারের বেদীতে আলতাফ মাহমুদ-এর নেতৃত্বে একুশের গান

শহীদ মিনারের বেদীতে আলতাফ মাহমুদ-এর নেতৃত্বে একুশের গান

শিমুল ইউসুফ লিখেছেন– “আমি তোমার হাত ধরে ৬৯-এর গণআন্দোলনে শহীদ মিনারে গান গাইতে গেছি। তুমি আমাকে ৭০- এর ভয়াল ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রানের জন্য বিক্ষুব্ধ শিল্পীসমাজের মিছিলে নিয়ে গিয়েছিলে। তোমার গলার সঙ্গে গলা মিলিয়ে সেই মিছিলে টাকা তুলেছি জনতার কাছ থেকে আর গান গেয়েছি ‘এই ঝঞ্ঝা মোরা রুখব’, তোমারই দেওয়া সুরের গণসঙ্গীত। এই তো সেদিন ‘৭১ এর ২১ ফেব্রুয়ারী, তোমার পায়ে পা মিলিয়ে তোমার সুর দেওয়া গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী’ কন্ঠে তুলে, ভোরের ধূসর কুয়াশার ভেতর প্রভাতফেরিতে গিয়েছিলাম। পায়ে পায়ে এগিয়ে গেছি বাঙালির আত্মত্যাগের স্মৃতিবিজড়িত সেই শহীদ মিনারে।”

“আমি দেখলাম, আমার সেই শিক্ষকের মুখ, সেই বীরের মুখ, কত দ্রুততায়, কত ক্ষিপ্রতায়, কত অবলীলায় তার আকার ওরা পাল্টে দেয়। কত সহজে পাকিস্তানী আর্মিরা তার মুখ থেকে সমস্ত দেহ ক্ষতবিক্ষত করে দিয়েছিল। আমি সেই সুন্দর মুখ, সেই সৌম্য মুখটা কতবার চেষ্টা করেছি মনে করতে। কিন্তু সারা জীবন শত চেষ্টা করেও আমি আর কোনো দিন সেই পবিত্র মুখকে মনে করতে পারি-নি। আমার হৃদয়ে যে মুখ আঁকা হয়ে গিয়েছিল সেই মুখ রক্তাক্ত, এক বীর মুক্তিযোদ্ধার মুখ।”

শহীদ আলতাফ মাহমুদের জীবন শান্তিপ্রিয় গীতল-হৃদয়ের বাঙালির মুক্তির সংগ্রামে জেগে ওঠারই একটি অনন্য উদারহরণ। তার স্মরণে ২০০৫ সাল থেকে ফাউন্ডেশন প্রতিবছর স্মৃতি পদক প্রদান করছেন দেশের ভাষা-শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদান রাখা বাঙালিদের। চলতি বছর এ পদক পেয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

১৯৭৭ সালে মরনোত্তর একুশে পদক ও ২০০৪ সালে স্বাধীনতা পদক পান শহীদ আলতাফ। ১৪ ফেব্রুয়ারী ২০১৪ তারিখে সংগঠন সবুজ পাতার উদ্যোগে ইতিহাসের একটি দায় মেটান হয়। স্বাধীনতার ৪৪ বছরে এই প্রথম শহীদ আলতাফ মাহমুদের নামে শহীদ মিনারে একটি পলাশ গাছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকি রোপণ করেন।

শুধু কী ওয়েবসাইটেই সীমাবদ্ধ থাকবেন শহীদ আলতাফ?

গ্লিটজের কাছে কন্যা শাওন মাহমুদ-এর নিস্পৃহ অভিমত, “সরকার যদি কিছু করতে চায় তো করবে, আমরা নিজ থেকে কিছু দাবি করতে চাই না। ফাউন্ডেশন করেছি, ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর ৩০ অগাষ্ট তার অন্তর্ধান দিবসে আমরা স্মৃতি পদক চালু করেছি। বাবার স্মৃতি উদযাপনে এই একটি মাত্র অনুষ্ঠানেই যাই আমি। বুদ্ধিজীবি দিবসেও স্মৃতিসৌধে যাওয়া হয়না।”

‘ঘুমের দেশে ঘুম ভাঙাতে ঘুমিয়ে গেলো যারা, জ্বলছে স্মৃতি আলোর বুকে ভোরের করুণ তারা’-নিজের সুর করা এ গানটা খুব গাইতেন আলতাফ মাহমুদ।

এখন তিনিই ঘুমিয়ে আছেন ঘুম না ভাঙার দেশে; কিন্তু তার স্মৃতি সংরক্ষণের ওয়েবসাইটটি আলো জ্বালাবে নতুন প্রজন্মের শত তরুণের মধ্যে- এমন আশাই রাখে তার পরিবার।

শহীদ আলতাফ মাহমুদ সম্পর্কে জানতে ক্লিক করুন তার ওয়েবসাইটে:

http://shahidaltafmahmud.com/