নাঈম-শাবনাজের ‘চাঁদনী সন্ধ্যা’
এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম ও চিত্রনায়িকা শাবনাজ জুটির প্রথম ছবি মুক্তির ২৫ বছরপূর্তি উপলক্ষ্যে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ঢাকায় এক কনভেনশন সেন্টারে ১৯ নভেম্বর সন্ধ্যায় আয়োজনটি সম্পন্ন হবে। মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন নাঈম।
১৯৯১ সালের ৪ অক্টোবর ‘চাঁদনী’ ছবির মাধ্যমে এই তারকাজুটির অভিষেক হয় চলচ্চিত্রে। সে হিসেবে ৪ অক্টোবর ছবিটি মুক্তির ২৫ বছর অতিক্রম করল।
এই কারণে ‘চাঁদনী সন্ধ্যা’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ‘চাঁদনী’ ছবি সংশ্লিষ্ঠ কলাকুশলীসহ শোবিজের অনেকেই উপস্থিত থাকবেন।
এ প্রসঙ্গে চিত্রনায়ক নাঈম বলেন, “আসলে এ রকম একটা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা প্রথমে আমাদের চিন্তায় ছিল না। আমার কয়েকজন শুভাকাঙ্খি বিষয়টি সম্পর্কে আগে আমাকে প্রাথমিকভাবে জানান। তবে শুরুতে এতো বড় পরিসরে আয়োজনের কথা শুনিনি। কথায় কথায় অনুষ্ঠানটির পরিসর বৃদ্ধি পেতে থাকে।”
তিনি আরও বলেন, “এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেকেই একসঙ্গে ভালো কিছু সময় পার করব। এতে প্রয়াত চিত্রপরিচালক এহতেশামের পরিবারে পাশাপাশি অনেকেই উপস্থিত থাকবেন। আশা করছি সবার অংশগ্রহণে আনন্দময় হয়ে উঠবে অনুষ্ঠানটি।”
এই বিষয়ে, শাবনাজ বলেন, “২৫ বছর যে কীভাবে এত তাড়াতাড়ি পার হয়ে গেল। বুঝতেই পারলাম না। বাংলাদেশে সিনেমা নিয়ে এ ধরনের আয়োজন প্রথম হচ্ছে। এছাড়া সব প্রিয়জন একসঙ্গে আড্ডায় মেতে উঠব। অনেক আনন্দ হবে সেদিন।”
অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করবেন চিত্রপরিচালক আজিজুর রহমান। অনুষ্ঠানটি বাস্তবায়ন করার জন্য শাবনাজ-নাঈমকে সার্বিক সহযোগিতা করছেন চিত্রপরিচালক মতিন রহমান ও সাংবাদিক অভি মঈনুদ্দীন।
এ অনুষ্ঠানে ‘চাঁদনী’ ছবির গান পরিবেশন করবেন ছবিটির একাধিক গানে কণ্ঠ দেওয়া প্রয়াত কন্ঠশিল্পী খালিদ হাসান মিলুর ছেলে কণ্ঠশিল্পী প্রতীক হাসান এবং এ ছবির সব গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার।
খালিদ হাসান মিলু ছাড়াও এই চলচ্চিত্রের গানে কন্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লা।
এ ছবির পর বেশকিছু সফল ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন নাঈম-শাবনাজ জুটি।
তাদের অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হল: ‘দিল’, ‘সোনিয়া’, ‘চোখে চোখে’, ‘বিষের বাঁশি’, ‘ফুল আর কাঁটা’, ‘আগুন জ্বলে’, ‘লাভ’ ‘অনুতপ্ত’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’, ‘জিদ’।
এখন পর্যন্ত এ জুটির একসঙ্গে অভিনীত শেষ ছবিটি হচ্ছে ‘ঘরে ঘরে যুদ্ধ’। বর্তমানে এই জুটি সিনেমা নিয়ে ব্যস্ত না থাকলেও নিজেদের সংসার নিয়ে ব্যস্ত আছেন।
