শুভর সঙ্গে আমার সারাক্ষণ ফাইট: ফারিয়া
সারাক্ষণ খুনসুঁটি আর ঝগড়া- অভিনেতা আরিফিন শুভ’র সঙ্গে সম্পর্কের রসায়নটা নাকি এমনই চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। এই দুই বন্ধু সম্প্রতি চুক্তি বদ্ধ হলেন নতুন আরেকটি ছবিতে।
‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রের ডাবিং করছিলেন নুসরাত ফারিয়া। তারই ফাঁকে কথা হল তার সঙ্গে। এই সিনেমাতেও ফারিয়ার নায়ক শুভ। আর এবার এই জুটি অভিনয় করছেন শামিম আহমেদ রনির পরিচালনায় ‘ধ্যাৎতিরিকি’ সিনেমাটিতে। খবরটা কিছুদিন আগেই ফাঁস হয়ে গেলেও ১০ অক্টোবর ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার স্টুডিওতে এলো আনুষ্ঠানিক ঘোষণা।
সে সূত্রেই শুভর সঙ্গে বোঝাপড়ার জায়গাটা বলছিলেন ফারিয়া।
তিনি বলেন, “শুভর সঙ্গে আমার সম্পর্কটা মোটেই মধুর না। তার সঙ্গে আমার সারাক্ষণ ফাইট। আমাকে সারাক্ষণ পঁচায় সে। আমিও তাই করি। ফলে দেখা যায় তিনদিন কথা চলছে তো সাতদিন বন্ধ।”
তবে সম্পর্কের এমন টানাপোড়েনে কাজের কোন সমস্যা হতে দেননা পেশাদার এ দুই শিল্পী। তাই মুক্তি আসন্ন ‘প্রেমী ও প্রেমী’-নিয়েও দারুন আশাবাদী ফারিয়া।
হিসেব নিকেষ বলছে আরেফিন শুভই নুসরাত ফারিয়ার একমাত্র স্বদেশি নায়ক। এছাড়া বাকি সব নায়কই কলকাতার। মুক্তিপ্রাপ্ত তিন ছবি ‘আশিকি’, ‘হিরো ৪২০’ ও ‘বাদশা’ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন যথাক্রমে অঙ্কুশ, ওম ও জিৎ। তিনটি চলচ্চিত্রই ভারত বাংলা যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে।
নতুন চলচ্চিত্র ‘ধ্যাৎতিরিকি’ও যৌথ প্রযোজনার। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের সঙ্গে যৌথভাবে ছবিটি নির্মাণ জাজ। এতে লাঠিয়াল পরিবারের মেয়ে ফারিয়া। লাঠিখেলায় খুব পারদর্শী। এমনই এক দস্যি চরিত্রে দেখা যাবে তাকে। নভেম্বর থেকেই লাঠি খেলা শিখতে নামবেন তিনি।
জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে চলচ্চিত্রটিতে শুভ ও নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করবেন নবাগতা নায়ক রোষন, সুষমা, সাদেক বাচ্চুসহ আরো অনেকে। চমক হিসেবে থাকছে আরও একজন নতুন নায়িকা। তবে এখনই সে নাম উচ্চারণ করতে চাননা তারা। খুব শিগগিরই জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে পরিচয় করিয়ে দেয়া হবে তাকে।
নতুন বছরের পহেলা বৈশাখে মুক্তির লক্ষ্যে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্রটি।
