‘পূজার কাপড় নিয়ে ঘুমিয়ে যেতাম’
পূজার পাঁচটি দিন আর দশটা বাঙালির মতোই মণ্ডপে ঘুরে, প্রতিমা দেখে কাটে অভিনেত্রী মৌটুসী বিশ্বাসের। সারাদিন ঘরে নানান কাজের চাপে ব্যস্ত থাকলেও সন্ধ্যা হলেই বেরিয়ে পরেন পূজা দেখতে- এমনটাই জানালেন তিনি।
প্রতিদিন নতুন নতুন মণ্ডপ ঘুরে দেখা নাকি এ অভিনেত্রীর ভীষণ প্রিয় একটি কাজ!
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি একেক দিন একেটি মণ্ডপে পূজা দেখতে যাই। সন্ধ্যাবেলা পরিবারের সবাইকে নিয়ে হৈচৈ করে পূজা দেখার মজাই আলাদা। এবারেও আমি অনেকগুলো মণ্ডপ ঘুরে ফেলেছি ইতোমধ্যেই। সপ্তমীতে গিয়েছিলাম বসুন্ধরার একটি মণ্ডপে। ওখানকার পূজা বেশ জাঁক-জমকভাবে করা হয়। অষ্টমীতে যাবো জগন্নাথ মন্দিরের পূজা দেখতে। নবমীতে বনানীর কোনো মন্ডপে যাওয়ার ইচ্ছে আছে।”
পূজা নিয়ে অনেক মজার স্মৃতি আছে মৌটুসীর ঝুলিতে। গ্লিটজকে তিনি বলেন, “পূজার স্মৃতির কথা বলতে হলে অবশ্যই বলতে হবে ছোটবেলার পূজার কথা। তখন তো অনেক আনন্দ হতো পূজায়। আমি আমার বাবা ও মা দুই পক্ষের আত্মীয়দের কাছ থেকেই অনেক উপহার পেতাম। জামা-কাপড়, জুতা, মাথার ক্লিপ, হাত-ঘড়ি এ রকম অনেক কিছু। আমি এসব উপহার যত্ন করে জমিয়ে রাখতাম আর জামা-কাপড়গুলো আলাদা করে র্যাপিং করে রাখতাম! সবাই দেখে ফেলবে এই ভয়ে পূজার কাপড় নিয়ে আমি রাতে ঘুমাতে যেতাম।”
তারকা হওয়ার আগের এবং পরের পূজার মাঝে কি কোনো পার্থক্য দেখতে পান?-
জানতে চাইলে তিনি বলেন, “হ্যাঁ, কিছু পার্থক্য তো অবশ্যই আছে। আগে পূজার সময় মণ্ডপে ঘুরতাম, কেউ তেমন একটা চিনতো না। কিন্তু এখন সবাই চেনে। সবাই ঘুরে ঘুরে তাকায়, কাছে আসে এবং কথা বলতে চায়। এখন তো আবার সেলফি’র যুগ। অনেকেই আমার সাথে সেলফি তুলতে চান। অবশ্য এগুলো আমি বেশ এনজয়ই করি।”
দশমীতে কি করবেন?- জানতে চাইলে তিনি বলেন, “এবারের দশমীতে আমি কিছুই করছি না। কারণ সামনে একটি রিয়ালিটি শোতে উপস্থাপনার কাজ করতে যাচ্ছি আর সেটার শ্যুটিং শুরু হবে দশমীর দিন থেকেই। সে কারণে ইচ্ছে থাকলেও দশমীতে তেমন কিছুই করতে পারছি না।”
