ব্যতিক্রমধর্মী গানের আয়োজন নিয়ে আসছে ‘পাওয়ার লাউঞ্জ’
ঈদ উপলক্ষে চ্যানেল নাইন তৈরি করেছে পূর্ব ও পশ্চিমের সংগীতভিত্তিক ফিউশনধর্মী অনুষ্ঠান ‘পাওয়ার লাউঞ্জ’। ব্যাতিক্রমধর্মী এই গানের আয়োজনে গাইতে দেখা যাবে আসিফ আকবর, আইয়ূব বাচ্চু, ন্যান্সি, মিনার, সুমনা হক, তাহসান, মিলা, ন্যান্সি, তন্ময় তানসেন সহ আরও অনেকে।
ফিউশনধর্মী এই আয়োজনে দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সত্তর দশক থেকে শুরু করে এই সময়ের শিল্পীদের জনপ্রিয় গানগুলি ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হবে। অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন তানভীর খান।
নিজের অনুষ্ঠান নিয়ে গ্লিটজকে তানভীর খান বলেন, “সংগীত নিয়ে বরাবরই আমার ব্যতিক্রমধর্মী কাজ করতে ভালো লাগে। ‘পাওয়ার লাউঞ্জ উইথ ভিশন’ আয়োজনের এটা প্রথম সিজন। ইর্স্টান-ওয়ের্স্টানের ব্লেন্ডিংকে মূলত ফিউশন বলে। আমরা যেহেতু প্রাচ্যে বসবাস করি, তাই পশ্চিমের সঙ্গে আমাদের তেমন বেশি যোগাযোগ নেই। তারপরেও আমরা দুটো ঘরানাকে এক সঙ্গে করার চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “ঈদে দর্শক-শ্রোতাদের ব্যতিক্রমধর্মী বিনোদন দিতেই এই আয়োজন করেছি। আমাদের প্রত্যাশা দর্শকদের আমাদের এই আয়োজন ভালো লাগবে। প্রথমে গানগুলো আমরা চ্যানেলে প্রচার করবো। যেদিন যে গানগুলো প্রচার হয়ে যাবে সেদিনই গানগুলো ইউটিউবেও প্রকাশ করা হবে।”
‘পাওয়ার লাউঞ্জ’য়ের প্রথম সিজনে ‘ও প্রিয়া তুমি কোথায়’ এবং ‘আমার পাগলা ঘোড়া রে’ গান দুটির জন্য নতুন করে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর।
এমন ধরনের আয়োজন প্রসঙ্গে গ্লিটজকে তিনি বলেন, “নতুন যে কোনো কিছু করতেই আমার খুব ভালো লাগে। আমি খুবই উপভোগ করি। এই কাজটিও দারুণ অভিজ্ঞতার। নিজের প্রিয় দুটি গান নিয়ে নতুন আঙ্গিকে হাজির হবো।”
‘আমার আছে জল’ গানটির ফিউশনে কন্ঠ দিয়েছেন গায়িকা ও র্নিমাতা মেহের আফরোজ শাওন। এই আয়োজন বেশ ভালোই লাগছে, এমনটাই দাবি করলেন তিনি।
গ্লিটজকে তিনি বলেন, “আমি তো এই কাজটা বেশ উপভোগ করছি। আমরা সবসময় যেখানে গান শুনে থাকি তার চেয়ে একটু অন্যভাবে গান শুনতে আমরা সবসময় পছন্দ করি। আমার কাছে এই এক্সপেরিমেন্টের বিষয়টা খুবই ভালো লাগছে।”
এছাড়াও পপ গায়িকা নাজমা জামানকে নিবেদন করে ‘তোমারই জীবনে’ গানটিতে নতুন করে কন্ঠ দিয়েছেন রমা।
এব্যাপারে গ্লিটজকে তিনি বলেন, “বাংলাদেশে যখন পপ মিউজিকের যাত্রা শুরু হয় অর্থাৎ যে সময়টায় আজম খান, পিলু মমতাজ গান করতেন সেই সময়টাতে নাজমা জামানও গান করেছেন। আমাদের দেশে পপ সঙ্গীতের পথপ্রদর্শক যারা রয়েছেন তাদের মধ্যে তার নামও চলে আসবে। আমি মূলত নাজমা জামানকে এবং বাংলাদেশের পপ সংগীতকে ট্রিবিউট দেওয়ার জন্যই এই গানটি র্নিবাচন করেছি।”
‘পাওয়ার লাউঞ্জ’য়ের প্রথম সিজনে অংশ গ্রহন করেছেন প্রথম সারির ২৩ জন শিল্পী।
এছাড়াও বিভিন্ন সংগীতভিত্তিক প্রতিযোগীতা অনুষ্ঠান থেকে উঠে আসা বেশ কয়েকজন তরুণ শিল্পীও এই আয়োজনে অংশ গ্রহন নিয়েছেন।
চ্যানেল নাইনের ঈদ-উল-আযহার ৬ দিনব্যাপী আয়োজনের প্রতিদিনই ‘পাওয়ার লাউঞ্জ উইথ ভিশন’য়ের রাত ৯টা ১৫মিনিটে সম্প্রচার করা হবে।
