২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-টুঙ্গিপাড়া ‘সম্প্রীতির শিল্পযাত্রা’

মাসব্যাপী জাতীয় শোক দিবসের আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘ঢাকা থেকে টুঙ্গিপাড়া সম্প্রীতির শিল্পযাত্রা’ করেছে সম্প্রীতি নাট্যোৎসব পর্ষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2016, 12:35 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

মঙ্গলবার সকাল ৮টায় শিল্পকলা একাডেমি থেকে ‘সম্প্রীতির শিল্পযাত্রা’ উদ্বোধন করেন সাংষ্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন রামেন্দু মজুমদার।

‘সম্প্রীতির শিল্পযাত্রা’ সমন্বয়ক কমিটির আহ্বায়ক মহাকাল নাট্যসম্প্রদায়ের প্রধান মীর জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতির জনকের চেতনা ও প্রেরণায় নতুন শক্তি ও সাহসের শপথ নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধে সকলকে সচেতন করা ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে এ সম্প্রীতির শিল্পযাত্রা।”

তিনি জানান, ‘যখন আমার পিতার নাম শেখ মুজিবুর রহমান’ শীর্ষক গীতি-আলেখ্য পরিবেশনার মধ্য দিয়ে এ শিল্পযাত্রা শুরু হয়েছে। নাট্যজন কামাল বায়েজীদের নেতৃত্বে সারা দেশের দেড় শতাধিক নাট্য ও সংস্কৃতিকর্মী এ শিল্পযাত্রায় অংশ নিচ্ছেন।

পথবিরতিতে মাওয়া ফেরিঘাট, কাওড়াকান্দি ফেরিঘাট, গোপালগঞ্জ শহর এবং জাতির জনকের সমাধিস্থলে পরিবেশিত হবে মহাকাল নাট্য সম্প্রদায়ের গীতি-আলেখ্যটি।

গীতিআলেখ্য পরিকল্পনা ও গ্রন্থণা করেছেন মীর জাহিদ হাসান। এরপরই লোক নাট্যদল পরিবেশন করবে লিয়াকত আলী লাকী রচিত ও নির্দেশিত নাটক ‘মুজিব মানে মুক্তি’।