শাকিবের নায়িকা এবার শুভশ্রী
চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন টালিগঞ্জের অভিনেত্রী শুভশ্রী।
শাকিব খানের বিপরীতে টালিগঞ্জের নায়িকার জুটি বেঁধে অভিনয় এখন আর কোন নতুন খবর নয়। কিছুদিন আগেই মুক্তি পাওয়া ‘শিকারি’ সিনেমায় শাকিবের সঙ্গে ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের রসায়ন আলোচনায় এসেছে সবখানে। বক্স অফিসেও দারুন সাড়া ফেলে সিনেমাটি।
এবার তাই আরও একবার যৌথ প্রযোজনার সিনেমায় শাকিবের পাশে টালিগঞ্জের নায়িকা রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতারা। নাম ঠিক না হওয়া ওই সিনেমার জন্য চুক্তিপত্রে এখনও সই না করলেও, শুভশ্রীই যে হতে যাচ্ছেন সেই নায়িকা- এ খবর এখন অনেকটাই পাকা।
যৌথ প্রযোজনায় র্নিমিত এই সিনেমাটি প্রযোজনায় থাকছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।
এব্যাপারে জাজ মাল্টিমিডিয়ার কণর্ধার আব্দুল আজিজ গ্লিটজকে বলেন,“শাকিব খান ও শুভশ্রিকে নিয়ে আমাদের নতুন সিনেমার র্নিমানের ব্যাপারে এখনও কোনো চুক্তি তাদের দু্ইজনকে নিয়ে সম্পন্ন হয়নি। যখন সব কিছু সম্পন্ন হবে তখনই নিশ্চিত করে বলা যাবে। এছাড়াও সিনেমার নাম কি হবে তা যেমনি র্নিধারণ হয়নি ঠিক তেমনি সিনেমাটির পরিচালকের আসনে কে থাকছেন তাও র্নিধারিত হয়নি।”
জাজ কর্ণধার আরও বলেন , “সিনেমাটি র্নিমান হলে ওদের (শাকিব খান ও শুভশ্রি) দুইজনকে নিয়েই হবে। ঈদুল আযহার আগেই একটা সুখবর আপনারা জানতে পারবেন।”
টালিগঞ্জের জনপ্রিয় মুখ শুভশ্রী কিন্তু ঢাকার দর্শকদের সঙ্গে পরিচিত হয়েছেন আরও আগেই। ২০১৪ সালে যৌথ প্রযোজনার আরেক সিনেমা ‘আমি শুধু চেয়েছি তোমায়’ দিয়েই ঢাকাই চলচ্চিত্রে প্রবেশ করেছিলেন তিনি। অনেক চড়াই উৎরাই পেরিয়ে ঢাকায় মুক্তি পাওয়া সিনেমাটির অন্যতম পরিচালক ছিলেন অনন্য মামুন। শুভশ্রীর বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা।
