২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্দা উঠল এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভের

বিশ্ব চলচ্চিত্র অনুধাবনের অংশ হিসেবে এশিয়ার ১৯টি দেশের ৫৬ জন চলচ্চিত্রকারের ৬৫টি চলচ্চিত্র নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ ২০১৬’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2016, 10:06 PM

Updated : 11 Oct 2022, 08:30 PM

পুরনো খবর:

শিল্পকলায় শুক্রবার শুরু ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ’

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির যৌথ উদ্যোগে শনিবার বিকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে শুরু হয় চার মাসব্যাপী এই চলচ্চিত্র উৎসবের।

দেশব্যাপী গুপ্তহত্যা, গুলশানে জঙ্গি হামলার প্রেক্ষাপটে নিরাপত্তার চাদরে ঢেকে যাওয়া সংস্কৃতি অঙ্গনে এমন আয়োজনে এসে চলচ্চিত্র সংসদ আন্দোলনের কর্মীরা বললেন, চলচ্চিত্রই তাদের প্রতিবাদের ক্ষেত্র।  সামাজিক ও রাজনৈতিক জীবনের নানা চালচ্চিত্র রূপালী পর্দায় তুলে ধরে তারা জাগিয়ে তুলবেন ভ্রাতৃত্ববোধ।

অনুষ্ঠানের শুরুতে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ’ মূলত এশিয়ান চলচ্চিত্রের ধরণ, গতি-প্রকৃতি, এশিয়ার দিকপাল চলচ্চিত্রকারদের সাথে পরিচয়- জানাবোঝার পাঠ চলবে।

প্রতিটি চলচ্চিত্র প্রদর্শনীর আগে প্রদর্শিতব্য চলচ্চিত্র, চলচ্চিত্রকার ও তাদের দেশের চলচ্চিত্র-সংস্কৃতিবিষয়ক আলোচনা উপস্থাপন করা হবে। রেট্রোস্পেক্টিভ শেষে এশিয়ান সিনেমা বিষয়ক একটি বিস্তৃত সেমিনারের আয়োজন করা হবে। রেট্রোস্পেক্টিভে অংশগ্রহণকারীদের চলচ্চিত্র আলোচনা লেখার ক্ষেত্রকে উৎসাহিত করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং চলচ্চিত্র গবেষক ফাহমিদুল হক বলেন, “চলচ্চিত্র বিষয়ে আগ্রহীদের জন্য সিনেমা রেক্ট্রোস্পেক্টিভের ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে।”

বিভিন্ন দেশের চলচ্চিত্রের ধরনের উদাহরণ টেনে এই শিক্ষক বলেন, “এশিয়ান চলচ্চিত্রের সুনির্দিষ্ট কোন ধাঁচ নেই। বিচিত্র ধারার চলচ্চিত্র হলো এশিয়ান সিনেমা।”

প্রবীণ চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম বলেন, “এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে প্রমাণিত হয়, চলচ্চিত্র সংসদ আন্দোলন স্তিমিত হয়ে যায়নি।”

উদ্বোধনীতে প্রধান অতিথি সৈয়দ সালাউদ্দিন জাকী বলেন, “প্রযুক্তিগত ও আর্থিক কারণে এশিয়ান চলচ্চিত্রকে এগিয়ে আসতে বেশ সময় লেগেছিল। তবে এশিয়ান চলচ্চিত্রই বর্তমান বিশ্বে নতুন ধারার চলচ্চিত্রের জন্ম দিয়েছে।”

বর্তমানের প্রেক্ষাপটে দক্ষিণ আমেরিকার চলচ্চিত্রের প্রতি ‘দৃষ্টি দেওয়া প্রয়োজন’ উল্লেখ করে তিনি বলেন, “অসাধারণ দৃষ্টিভঙ্গি নিয়ে সেখানে অনেক ছবি তৈরি করা হচ্ছে। উৎসবে এ ধরনের ছবি দেখানো যেতে পারে।”

উৎসবকে উদ্দেশ্য করে চলচ্চিত্র নির্মাণ না করে মানুষের জীবনকাহিনিভিত্তিক চলচ্চিত্র নির্মাণের জন্য নির্মাতাদের প্রতি আহ্বান জানান তিনি।

ফিল্ম সোসাইটিজ ফেডারেশন অব বাংলাদেশের সভাপতি লাইনুন নাহার বলেন, “এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ চলচ্চিত্র শিক্ষার্থীদের চলচ্চিত্রটির অভিনয়, লাইটিং, সিনেমাটোগ্রাফি সম্পর্কে ধারণা দেবে।”

‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ’ এর সেশনগুলো হবে প্রতি শুক্র ও শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। সপ্তাহে ৩টি চলচ্চিত্র প্রদর্শনী এবং সংশ্লিষ্ট চলচ্চিত্র আলোচনা অনুষ্ঠিত হবে।

রেট্রোস্পেক্টিভে বাংলাদেশ ছাড়াও এশিয়ার দেশ ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, চীন, পাকিস্তান, থাইল্যান্ড, তাইওয়ান, শ্রীলঙ্কা, ভুটান, মালয়েশিয়া, ফিলিস্তিন, ইরাক, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, আফগানিস্তান ও সৌদি আরবের চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উদ্বোধনী দিনে প্রদর্শিত হয়েছে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’ সিনেমাটি। উৎসবে মোরশেদুল ইসলামের ‘আগামী’ ও ‘চাকা’ চলচ্চিত্র দুটিও প্রদর্শনের কথা রয়েছে।