২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় শুক্রবার শুরু ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ’

এশিয়ার ১৯টি দেশের ৬৫টি চলচ্চিত্র নিয়ে শিল্পকলা একাডেমিতে শুরু হতে যাচ্ছে ১৭ সপ্তাহব্যাপী ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2016, 08:01 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এই আয়োজনে ৫৬ জন চলচ্চিত্রকার নির্মিত এসব চলচ্চিত্র প্রদর্শিত হবে।

‘বিশ্ব চলচ্চিত্র অনুধাবন কর্মসূচি ২০১৬’ এর অংশ হিসেবে যৌথভাবে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও মুভ্যিয়ানা ফিল্ম সোসাইটি।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ কক্ষে শুক্রবার বিকাল ৫টায় বাংলাদেশের চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী নির্মিত ‘ঘুড্ডি’ চলচ্চিত্রের প্রদর্শনীর মধ্য দিয়ে এশিয়ান সিনেমার এই রেট্রোস্পেক্টিভ শুরু হবে।

প্রতি শুক্র ও শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সপ্তাহে তিনটি চলচ্চিত্র প্রদর্শনী এবং সংশ্লিষ্ট চলচ্চিত্র নিয়ে আলোচনা হবে বলে আয়োজকদের পক্ষে জানান মুভ্যিয়ানা ফিল্ম সোসাইটির প্রেসিডেন্ট বেলায়াত হোসেন মামুন।

তিনি জানান, বাংলাদেশ ছাড়াও ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, চীন, পাকিস্তান, থাইল্যান্ড, তাইওয়ান, শ্রীলঙ্কা, ভুটান, মালয়েশিয়া, ফিলিস্তিন, ইরাক, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, সৌদি আরবের চলচ্চিত্রগুলো এ আয়োজনে প্রদর্শিত হবে।

‘রেট্রোস্পেক্টিভ’ শেষে এশিয়ান সিনেমা বিষয়ক একটি বিস্তৃত সেমিনারের আয়োজন করা হবে। ‘রেট্রোস্পেক্টিভে’ অংশগ্রহণকারীদের চলচ্চিত্র আলোচনা লেখার ক্ষেত্রকে উৎসাহিত করা হবেও বলে জানান মামুন।

বেলায়াত হোসেন মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এশিয়া মহাদেশ বিশাল এবং বৈচিত্রময় মানব ইতিহাসের সমৃদ্ধ অঞ্চল। পৃথিবীর সবচেয়ে বেশি জনগোষ্ঠী এই অঞ্চলে বসবাস করে। ফলে পৃথিবীর মানুষের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সবচেয়ে প্রাণবান ক্ষেত্র এশিয়া। চলচ্চিত্রে এশিয়ার বিচরণ আদি এবং সমৃদ্ধ।

“তরুণ প্রজন্মের নির্মাতাদের উৎসাহিত করার পাশাপাশি আমরা নবীন দর্শককেও চলচ্চিত্র সম্পর্কে জানাতে চাই। আগের আসরগুলোতে তরুণদের ব্যাপক সাড়া পেয়েছি আমরা। এবারও তরুণ দর্শকদের সমাগম হবে বলে আশা করছি।”

তিনি বলেন, ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ’ মূলত এশিয়ান চলচ্চিত্রের ধরন, গতি-প্রকৃতি, এশিয়ার দিকপাল চলচ্চিত্রকারদের সাথে পরিচয় ও জানা-বোঝার পাঠ চলবে।

প্রতিটি চলচ্চিত্র প্রদর্শনীর পূর্বে প্রদর্শিতব্য চলচ্চিত্র, চলচ্চিত্রকার ও তাদের দেশের চলচ্চিত্র-সংস্কৃতিবিষয়ক আলোচনা উপস্থাপন করা হবে।

‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেকিভ’ আয়োজনে নিবন্ধন করে যে কেউ এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন। নিবন্ধনের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মুভ্যিয়ানা ফিল্ম সোসাইটির কার্যালয়ে যোগাযোগ করতে হবে।