বাংলাদেশে যেতে ভয় পাব কেন?: ইরফান খান
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় অভিনেতা ইরফান বলেছেন, গত কয়েকদিনের জঙ্গি হামলায় তিনি ভীত নন; প্রয়োজনে আবার বাংলাদেশে আসবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি কেন ভয় পাব? যদি প্রয়োজন হয় আমি আবারও বাংলাদেশে যাব।”
‘লাইফ অফ পাই’ খ্যাত এই অভিনেতা বাংলাদেশসহ বিশ্বের সকল ‘উদারমনা মুসলমান’দের সন্ত্রাসবাদের বিরূদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
পহেলা জুলাই গুলশানের হলি আর্টিজেন রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত হন ১৭ বিদেশী নাগরিক, যাদের মধ্যে ছিলেন একজন ভারতীয় তরুণীও। এই ঘটনার পর থেকে অনেক ভারতীয় তারকাই বাংলাদেশে তাদের সফর স্থগিত করেছেন।
তবে, ইরফান জানালেন, সন্ত্রাসের ভয়ে বাংলাদেশে আসা থেকে বিরত থাকবেন না তিনি।
“কিন্তু আমি বাংলাদেশে ফিরে যাব, যদি প্রযোজন হয়, যদি আমাকে ডাকা হয়। এটা খুবই চমৎকার একটা জায়গা।”
গুলশান হামলার ঘটনায় এর আগে নিহতদের প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে গভীর শোক প্রকাশ করেন ইরফান।
#বাংলাদেশে অ্যাটাক হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেন, “ ছোটবেলায় ধর্ম নিয়ে আমাদের বলা হতো, তোমার প্রতিবেমকৈ ক্ষুধার্থ রেখে তুমি নিজে খেতে পারো না। বাংলাদেশের খবর শুনে নিজের ভেতরে এক অদ্ভুত শূণ্যতা অনুভব করছি।”
পুরো ঘটনা নিয়ে মুসলিম বিশ্বের নিরবতার সমালোচনাও করেন ইরফান। তিনি লিখেন, “কুরআনের আয়াত না জানার কারণে রমজানের মাসে মানুষ খুন করা হলো। হামলা এক জায়গায় হয়, আর দোষ এসে পড়ে ইসলাম আর গোটা বিশ্বের মুসলমানদের উপর। সেই ইসলাম, যার ভিত্তিই হল শান্তি, দয়া আর অন্যের কষ্ট বুঝতে পারার উপর। মুসলমানগণ কিভাবে এরমধ্যে চুপ করে বসে থাকবেন, আর নিজেদের ধর্মকে বদনাম হতে দেবেন?”
