'গেইম অফ থ্রোনস'-এর সেরা দশ মূহুর্ত
ষষ্ঠ সিজন শেষ, এরমধ্যেই শুরু হয়ে গেছে পরের দুই সিজন নিয়ে জল্পনা-কল্পনা। ‘গেইম অফ থ্রোন্স’-এ শেষপর্য্ন্ত জয়ী হবেন কে আর, কেইবা বসবেন সবার আরাধ্য আয়রন থ্রোন্সে, তা নিয়ে এখন থেকেই ভক্তদের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ।
সিরিজের নির্মাতারা এরমধ্যেই ঘোষণা দিয়েছেন আর ১৩ পর্ব বাদেই শেষ হচ্ছে টিভি ইতিহাসের সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাওয়া এই সিরিজের। তার আগে, চলুন ফিরে দেখা যাক, গত ছয় সিজনের সেরা দশ মুহুর্তগুলোকে
সিরিজটির পঞ্চম সিজন শেষ হয়েছিল সার্সেই ল্যানিস্টারের লজ্জাজনক 'ওয়াক অফ শেইম' দিয়ে। এক সিজন ঘুরতে না ঘুরতেই নিজের বিপক্ষ শক্তিকে রীতিমত ছাই বানিয়ে কিংস ল্যান্ডিং এর সিংহাসনে এখন সার্সেই!
পুরো পর্বের প্রতিটি পর্বেই ছাপ মিলেছে শৈল্পিক মুন্সিয়ানার। সিনেম্যাটোগ্রাফির কারিকুরি আর অনবদ্য সাউন্ডট্র্যাক- সবকিছু মিলে পর্বের প্রথম পাঁচ মিনিটেই আভাস মিলছিল বড় কোন ধাক্কার। রেড কিপের ব্যালকনিতে নীরবে দাঁড়িয়ে থাকা সার্সেই এর জন্য সেপ্ট অফ বেইলরে যেন অপেক্ষা করে রয়েছে উৎসবের মূহুর্ত!
সে উৎসবের শুরু হয় ভয়ানক এক বিস্ফোরণে, ওয়াইল্ডফায়ারের আগুনে পুড়ে ছারখার হয়ে যায় হাই সেপ্টনের প্রত্যেক সদস্য, কুইন মারজারি, লোরাস টাইরেল সহ সার্সেই বিপক্ষের সবাই। বিচারকার্যের কাঠগড়ায় দাঁড়ানোর পরিবর্তে সার্সেই পর্ব শেষে দখল করে বসে আয়রন থ্রোন, কেননা সে বেছে নিয়েছিল ধ্বংসের পথ।
ষষ্ঠ সিজনের শেষ পর্বটি শুধু সার্সেই এর জন্য নয়, সিরিজের সকল গুরুত্বপূর্ণ নারী চরিত্রের জন্য হয়ে থেকেছে এক মাইলফলক। অবশেষে প্রতিশোধের তালিকা থেকে আরইয়া খুন করেছে ওয়াল্ডার ফ্রে কে, এদিকে বিশাল বাহিনী নিয়ে ওয়েস্ট্রোসে এগিয়ে আসছে ড্যানেরিস টারগেরিয়ান। নর্থে আবার উড়েছে স্টার্কদের পতাকা, জন স্নোর পাশাপাশি সানসা স্টার্কও গল্পে এখন প্রধান এক চরিত্র। সবমিলিয়ে, সপ্তম সিজনে আরও কি কি চমক থাকছে, তারই এক বার্তা দিয়ে শেষ হয় এবারের সিজন।
তৃতীয় সিজনের নবম এপিসোডে লুকিয়ে ছিল ভয়ঙ্কর, বিভৎস এক হত্যাযজ্ঞ! শেষ পাঁচ মিনিটে স্টার্ক পরিবারের তিন সদস্যকে নির্মমভাবে হত্যা করার দৃশ্য হজম করতে দর্শকদের সময় লেগেছে অনেকদিন। মূহুর্তেই 'গেইম অফ থ্রোনস' উগ্র এবং ভয়ানক চমক হাজির করতে পারে, 'দ্য রেড ওয়েডিং' পর্বটি তারই প্রমাণ।
সবকিছু ঠিক চললেও কোথাও যেন গরমিল ছিল! ওয়াল্ডার ফ্রে এর মেয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা হয়েছিল রব স্টার্কের, কিন্তু তার পরিবর্তে রবের স্ত্রী হতে চলেছে টালিসা। এমন পরিস্থিতিতেও অসম্ভব রকম শান্ত ওয়াল্ডার ফ্রে। উৎসবমুখরতার বিকৃত রূপটি প্রথম চোখে পড়লো ক্যাটলিন স্টার্কের, অতর্কিত ছুড়িকাঘাতে নিমিষেই প্রাণ হারায় সন্তানসম্ভবা টালিসা। হিংস্র ফ্রেদের নিষ্ঠুর পরিকল্পনা থেকে রেহাই মিলল না রব, ক্যাটলিন কারোরই। স্টার্ক হাউজের রক্তে ভেসে গেল 'দ্য রেড ওয়েডিং'। এরকম এক ভয়ঙ্কর শ্বাসরুদ্ধকর পর্ব দেখে মৃত্যুর আগে অসহায় ক্যাটলিনের মত অসহায় হয়ে পড়েছিল সিরিজটির দর্শকরাও।
জন স্নো বনাম র্যালমসি বোল্টন- প্রধান দুই হাউজের দুই 'জারজ' সন্তানের মুখোমুখি লড়াই নিঃসন্দেহে ছিল ষষ্ঠ সিজনের সবচেয়ে চমকপ্রদ পর্বের একটি। আর নির্মাণগত কুশলতার কারণে
সংখ্যায় কম হলেও জন স্নো বাহিনী প্রবল দৃঢ়তা নিয়ে আক্রমণে প্রস্তুত বোল্টন বাহিনীকে। কিন্তু নিষ্ঠুর রামসের মাথায় রয়েছে ভিন্ন ফন্দী, যার ফাঁদে পা দেয় জন স্নো। স্টার্ক পরিবারের সর্বকণিষ্ঠ রিকনকে মেরে ফেলায় ভেস্তে যায় নর্থবাহিনী আর ওয়াইল্ডলিং দের পরিকল্পনা। কোণঠাসা হয়ে পড়া জন স্নো বাহিনীর সৈন্যরা মারা পড়ে একে একে। কিন্তু শেষ মূহুর্তে হাউজ অ্যারিন এর পতাকা নিয়ে যুদ্ধক্ষেত্রে পিটার বেইলিশ এর অতর্কিত আক্রমণ নিশ্চিত করে স্টার্ক বাহিনীর জয়।
জফ্রির পরে এই সিরিজের সবচেয়ে ঘৃণিত চরিত্র ছিল র্যা্মসি বোল্টনই। নিষ্ঠুর এবং বিবেকহীন এই চরিত্রে দুর্দান্ত অভিনয় করে ইওয়ান রিওন দর্শকদের ঘৃণার পুরোটুকুই অর্জন করেছেন নিজ গুণে। আর তাই এই পর্বে এসে র্যাএমসির নারকীয় নিষ্ঠুরতার অবসান স্বস্তি এনে দিয়েছে সবার মনেই।
সার্সেই এর 'ওয়াক অফ শেইম', কিংবা আরইয়ার অন্ধ হয়ে যাওয়া, অথবা বর্বর ডথরাকিদের হাতে বন্দী ড্যানেরিস- পঞ্চম সিজনের শেষ পর্বটি ছিল বারুদঠাসা চমকে ভরপুর। তবে, নির্মাতারা সবচেয়ে বড় চমকটি বরাদ্দ রেখেছিলেন শেষ পর্বের একদম শেষদৃশ্যের জন্য। যেখানে সিরিজের অন্যতম প্রধাণ ও দর্শকপ্রিয় চরিত্র জন স্নোকে মেরে ফেলে তারই অনুগত ক্রো ব্রাদারেরা।
ওয়াল্ডলিংদের প্রবেশাধিকার দেওয়ার ‘অপরাধে’ স্নোয়ের বিপক্ষে দানা বাঁধছিল অসন্তোষ। আর তার সুযোগ নিয়েই একদল বিদ্রোহীকে নিয়ে জন স্নোকে ‘প্রতারক; আখ্যা দিয়ে রাতের আঁধারে নির্মম ভাবে হত্যা করে অ্যালিসার থোর্ন। শ্বেতশুভ্র তুষার ক্রমেই স্নোর রক্তে লালবর্ণ ধারণ করার দৃশ্যে আঁতকে উঠেছিলেন সকল 'গেইম অফ থ্রোনস' ভক্ত। অনেকেই মেনে নিত পারেনি তাদের প্রিয় এই চরিত্রের মৃত্যু। সিরিজ শেষ হবার পরপরই অনলাইন সরগরম হয়ে উঠেছিল একটা প্রশ্নেই। আর তা হল- জন স্নো কি আবারও ফিরবে?
অভিনেতা কিট হ্যারিংটন ভক্তদের হতাশ করেছিলেন তিনি আর ফিরছেননা, এই সংবাদ দিয়ে। তবে, নির্মাতারা দর্শকদের ভিন্ন মাত্রার চমক দিতে বেশ আনন্দই পান। তাই ষষ্ঠ সিজনের দ্বিতীয় পর্বেই মেলিসান্দ্রের অলৌকিক জাদুবলে আবারও জীবন ফিরে পায় মৃত জন স্নো।
লেনা হিডি নিঃসন্দেহে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন শক্তিশালী অভিনেত্রী হিসেবে। দক্ষ অভিনয়ে গড়ে তুলেছেন ঠাণ্ডা মাথার খুনে মেজাজী এক চরিত্র সার্সেই ল্যানিস্টারকে, যাকে রীতিমত ঘৃণাই করে থাকে 'গেইম অফ থ্রোনস' ভক্তরা।
এরকম ক্ষমতাশালী একটি চরিত্রের পতন লেখা হয়েছিল সিরিজের পঞ্চম সিজনের শেষ পর্বে, যেটি দেখে সার্সেইয়ের প্রতি করুণা বোধ করেননি, এমন কোন দর্শক হয়তো খুঁজে পাওয়া যাবে না।
'ওয়াক অফ শেইম' স্তম্ভিত করেছে সবাইকে, যেখানে নগ্ন হয়ে সার্সেইকে সহ্য করতে হয়েছিল পুরো ওয়েস্ট্রোসবাসীর জমে থাকা ক্ষোভ আর ঘৃণা। পাথর আর পচে যাওয়া ফলের আঘাতে সার্সেই ক্ষতবিক্ষত হয়েছে প্রতিটি পদক্ষেপে। একটানা ঘন্টাধ্বনির আওয়াজ এর সঙ্গে সেপটা উনেলার কণ্ঠে 'শেইম' 'শেইম'- যন্ত্রণার প্রতিধ্বনি হয়ে বাজছিল সার্সেই এর কানে। সিংহাসনের খেলায় কোন হাউজই এককভাবে দাপুটে নয়, সে বার্তাই জানিয়েছিল 'গেইম অফ থ্রোনস' এর এই পর্বটি।
‘গেইম অফ থ্রোন্স’ বরাবরই রগরগে নগ্ন দৃশ্য আর বিভৎসতার জন্য সমালোচিত হয়ে এলেও যেকবার নারীবাদিদের রোষানলে পড়েছে সিরিজটি, তারমধ্যে এই পর্বটি অন্যতম। সিরিজের অন্যতম খলচরিত্র হওয়া সত্ত্বেও কোন নারীরই এভাবে প্রকাশ্যে সম্ভ্রমহানি হতে দেওয়া যায় না বলেই গর্জে উঠেছিল অসংখ্য মানবতাবাদী সংস্থা।
একসময় সিরিজটির সবচেয়ে ঘৃণিত চরিত্রে পরিণত হয়েছিল কিং জফ্রি। জ্যাক গ্লিসন এই চরিত্রে এতটাই অনবদ্য অভিনয় করেছেন যে সিরিজটির ভক্তরা তাকে প্রকৃত অর্থেই ঘৃণা করতে শুরু করে। সেভেন কিংডমসের নিষ্ঠুর এই কিশোর শাসকের মৃত্যু তাই বহুল প্রতিক্ষীত ছিল ভক্তদের কাছে। অবশেষে চতুর্থ সিজনের 'দ্য পার্পল ওয়েডিং' এনে দেয় সেই আকাঙ্খিত পরব।
টাইরেল হাউজের কূটকৌশল ডেকে আনে সার্সেই-জেইমি ল্যানিস্টারের সন্তান জফ্রির মৃত্যু। নাক থেকে অনবরত ধারায় রক্ত ঝড়তে থাকা জফ্রির পুরো মুখ ধারণ করে বেগুনি বর্ণ। যন্ত্রণায় শ্বাসরোধ হয়ে সার্সেই কোলে জফ্রির মৃত্যু ছিল নির্মম, একই সঙ্গে ভক্তদের জন্য 'দীর্ঘ প্রতীক্ষা'র স্বস্তির নিঃশ্বাস।
যেকোন হাউজের সশস্ত্র আক্রমণের চাইতেও নারকীয় হতে পারে হোয়াইট ওয়াকারদের আক্রমণ- তার আভাস সিরিজের নির্মাতারা দিয়েছেন পঞ্চম সিজনের অষ্টম পর্বে এসে। 'ব্যাটল অফ হার্ডহোম' জয় পরাজয় বা ওয়েস্ট্রোসের কোন অংশ দখলের জন্য ছিলনা, ছিল শুধু মাত্র বেঁচে থাকার এক আকুল প্রচেষ্টা।
ওয়াল্ডলিং দের গ্রামে ওয়াইট ওয়াকার বাহিনীর অতর্কিত হামলায় দিশেহারা যায় সেখানে আশ্রয় নেওয়া হাজারও মানুষ, এমনকি রণে ভঙ্গ দিয়ে ভাগ্যবান কয়েকজনকে নিয়ে পালাতে হয় লর্ড কমান্ডার জন স্নো'কে। নদীতে ভেসে থাকা আর মাটিতে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকা মৃতদেহগুলোকে দেখাচ্ছিল লোমহর্ষক ভৌতিক সিনেমার কোন দৃশ্যের মতো। দর্শকদের সঙ্গে দেখা মিলে দ্য হোয়াইট কিং-এর, যার বাহুর প্রসারণে জেগে ওঠে প্রত্যেকটি ছিন্ন-বিচ্ছিন্ন মৃতদেহ, পরিণত হয় হোয়াইট ওয়াকারদের নতুন সদস্য হিসেবে। গা শিউরে ওঠা এই পর্বে হোয়াইট ওয়াকারদের রাজা জন স্নোর দিকে নিষ্পলক তাকিয়ে জানিয়ে দিলেন- শীতের হাওয়া বইতে শুরু করেছে!
যারা সিরিজ বের হবার আগে বই আগেই পড়ে ফেলেছিলে, তারা শুরু থেকেই জানতেন এই ধাক্কার কথা। শন বেন যেসকল চরিত্রে অভিনয় করেন, সে চরিত্রের অকাল মৃত্যু ঘটে- এমন কৌতুক ইন্টারনেটে অনেক বছর ধরেই ঘুরছে। তাই সিরিজের দর্শকও ধরে নিয়েছিলো, খুব শীঘ্রই হতে চলেছে চরিত্রটির মৃত্যু।
লৌহ সিংহাসন দখলের প্রতিযোগিতায় প্রথম সিজনে নেড স্টার্কের মৃত্যু সবচাইতে গুরুত্বপূর্ণ। রাজনীতির মারপ্যাঁচ আর বুদ্ধিবল ছাড়াও রক্তপাত হতে চলেছে 'গেইম অফ থ্রোনস' এর অবিচ্ছেদ্য এক উপাদান- সেটা কিংস ল্যান্ডিং এর ফটকে ঝুলিয়ে রাখা নেডের কাটা মস্তকই বলে দিয়েছিল।
মূলতঃ নেড স্টার্ককে হত্যার ঘটনাটি দিয়েই দর্শকদের চমকের জোগান দিতে শুরু করেন সিরিজের নির্মাতারা। শুধু তাই নয়, কোন হাউজগুলোর মধ্যবর্তী বিরোধগুলো জমজমাট হয়ে উঠবে, নেডের মৃত্যুদণ্ডে সেটিও পরিষ্কার হয়ে ওঠে।
দর্শকপ্রিয় চরিত্রগুলো দ্রুত মেরে ফেলার একধরণের ঝোঁক আছে 'গেইম অফ থ্রোনস' লেখক জর্জ আর আর মার্টিনের, এমন অভিযোগ ভক্তদের কাছ থেকে আসছে অনেকদিন ধরেই। তবে, নির্মাতারা এবার ষষ্ঠ সিজনে নিজেরাই সাহস করে সিরিজ থেকে বিদায় জানিয়েছেন অন্যতম দর্শকপ্রিয় এক চরিত্র- হোডরকে।
হোডরকে এতোদিন ধরে দর্শকদের সবাই মনে করে এসেছে বাকপ্রতিবন্ধী এক চরিত্র হিসেবে, যার কণ্ঠ দিয়ে কেবল নিজের নাম ছাড়া আর কোন শব্দ বের হয়না। এবারের সিজনে রহস্যের খোলসা করলেন নির্মাতারা। দেখালেন নাদুস-নুদুস গোছের এক কিশোর কিভাবে ভবিষ্যতে হয়ে ওঠে দিব্যদৃষ্টির ক্ষমতা ব্যাবহার করতে সক্ষম 'থ্রি আইড রেইভেন' ব্র্যান স্টার্কের রক্ষাকারী। দ্য নাইট কিং এর আক্রোশ থেকে ব্র্যানকে বাঁচাতে গিয়ে নিজেই প্রাণটি হারায় সে।
'হোল্ড দ্য ডোর', 'হোল্ড দ্য ডোর' চিৎকার করতে করতে হোয়াইট ওয়াকারদের হিংস্রতায় নিস্তেজ হয়ে আসতে হোডরের প্রাণ। আর ভবিষ্যতের এই টুকরো ছবিই অতীতের নাদুস নুদুস কিশোরটিকে পরিণত করে ‘হোডর’-এ। পুরো ঘটনাটিকেই শৈল্পিকভাবে উপস্থাপন করার কারণে, এই দৃশ্যটিই হয়ে উঠে ষষ্ঠ সিজনের সবচেয়ে করুণ দৃশ্য।
দর্শকপ্রিয়তা পেতে চতুর্থ সিজনে দুটি পর্বের বেশি সময় নেননি মার্টেল হাউজের প্রিন্স ওবেরিন মার্টেল। কিং জফ্রি ব্যারাথিওনকে মেরে ফেলার চক্রান্তে ফেঁসে যায় টিরিওন ল্যানিস্টার। নিজের ভাইকে পৃথিবী থেকে সরিয়ে দিতে মরিয়া সার্সেই ল্যানিস্টার, তার ছেলের হত্যাকারী হিসেবে সার্সেই অভিযোগের তীর ছুঁড়েছে তার দিকেই। তবে, টিরিওন এত সহজেই দমার পাত্র নয়, বিচারসভায় নিজের জীবন বাঁচানোর শেষ চেষ্টায় দাবী করেন 'ট্রায়াল বাই কমব্যাট' এর। কমব্যাটে টিরিওনের হয়ে লড়তে এগিয়ে আসেন মার্টেল হাউজের 'ভাইপার' ওবেরিন।
চতুর্থ সিজনের অষ্টম পর্বে ওবেরিন মার্টেলের মুখোমুখি দানব আকৃতির গ্রেগর ক্লেগেন ওরফে 'দ্য মাউন্টেন'। তুমুল শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ওবেরিন তার বর্শা মাউন্টেনের বুকে বিঁধিয়ে দিলেও প্রাণনাশ করতে পারেনি। নিজের বোনের মৃত্যুর প্রতিশোধের নেশায় বুঁদ হয়ে থাকা ওবেরিনের অন্যমনষ্কতার সুযোগে মাউন্টেন চেপে বসে ওবেরিনের ওপর। চোখ দুটো আঙ্গুল দিয়ে গেঁথে পলকেই দৈত্যসম হাতে ভেঙ্গে ফেলে ওবেরিনের করোটি!
'গেইম অফ থ্রোনস' সম্প্রচারিত হবার সময় এই দৃশ্যের বীভৎসতা দেখে আক্ষরিক অর্থেই জ্ঞান হারিয়েছেন অসংখ্য দর্শক।
