‘শিকারি’র প্রচারে ফের ঢাকায় শ্রাবন্তী
টালিগঞ্জের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন ঢাকায়। মঙ্গলবার সকালের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন ‘শিকারি’ সিনোমার এই নায়িকা।
শাকিব খানে বিপরীতে ‘শিকারি’ সিনেমার মাধ্যমেই ঢাকাই সিনেমায় অভিষেক ঘটছে টালিগঞ্জের অভিনেত্রী শ্রাবন্তী চট্টেপাধ্যায়ের- এই খবর আর নতুন নয়। এর আগে এই সিনেমার কাজেই ঢাকায় ঘুরে গেছেন তিনি। এবার তিনি এলেন ঈদকে সামনে রেখে সিনেমার প্রচারকাজে।
‘শিকারি’ সিনেমার প্রচারনার উদ্দেশ্যে চলতি সপ্তাহেই বাংলাদেশে শ্রাবন্তীর আসার বিষয়টি গ্লিটজকে শুক্রবার নিশ্চিত করেছিলেন জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহি আলিমুল্লাহ খোকন।
এব্যাপারে তিনি গ্লিটজকে বলেন, “শ্রাবন্তী চট্টোপাধ্যায় আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। ‘শিকারি’ সিনেমার প্রমোশনের জন্য তিনি ঢাকায় এসেছেন। বুধবার জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে তিনি ঢাকার সাংবাদিকদের মুখোমুখি হবেন।”
মুক্তির আগেই ‘শিকারি’র টিজার ও গানে শাকিব-শ্রাবন্তীর রসায়ন ঝড় তুলেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ও ইউটিউবে। বিশেষ করে ‘হারাবো তোকে’ গানটি এরমধ্যেই এক কোটিরও বেশি ভিউ নিয়ে গড়েছে নতুন রেকর্ড।
‘শিকারি’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। আর সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দীপ মুখার্জী।
১৯৯৭ সালে স্বপন সাহার ‘মায়ার বাঁধন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রূপালি পর্দায় অভিষিক্ত হন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ২০০৩ সালে ‘চ্যাম্পিয়ান’ সিনেমায় অভিনয়ের পরই পরিচালক রাজিব বিশ্বাসকে বিয়ে করে পুরোদস্তর গৃহিনী বনে গিয়েছিলেন। পরে ২০০৮ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আবার নিয়মিত কাজ শুরু করেন। তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘চ্যাম্পিয়ান’, ‘অমানুষ’, ‘দুজনে’, ‘ওয়ান্টেড’, ‘সেদিন দেখা হয়েছিলো’, দিওয়ানা’, ‘কানামাছি’, ‘মজনু’, ‘বিন্দাস’, ‘বুনোহাঁস’ ইত্যাদি।
