২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন নিয়ে লুকোচুরি খেলতে চান শিলা

আইটেম গান ‘দেখো না ও রসিয়া’ দিয়ে আলোচনায় আসার পর এবার মন নিয়ে লুকোচুরি খেলতে পর্দায় হাজির হচ্ছেন অভিনেত্রী শিরিন শিলা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 01:22 PM

Updated : 12 Apr 2022, 02:16 AM

শোনালেন ক্যারিয়ার নিয়ে আগামী দিনের ভাবনা। 

কাশেম মন্ডলের ‘ক্ষণিকের ভালোবাসা’ সিনেমার মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু, তবে মূলত ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষিক্ত হন শিলা।

সিনেমাটিতে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও ‘দেখো না ও রসিয়া’ আইটেম গানে নেচে নজর কাড়েন তিনি।

তবে নতুন সিনেমায় দর্শকদের সামনে নতুন রূপেই হাজির হচ্ছেন শিলা।

এ ব্যাপারে গ্লিটজকে শিরিন শিলা বললেন,“হিটম্যান’ সিনেমায় আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করিনি। কিন্তু ‘দেখো না ও রসিয়া’ গানটির মাধ্যমে যথেষ্ট প্রশংসিত হয়েছিলাম। পরের সিনেমাগুলোতে গ্রাম্য মেয়ের চরিত্রে অভিনয় করলেও এবার পুরোদস্তুর একজন শহুরে মেয়ের ভূমিকায় এই সিনেমায় সবাই আমাকে দেখতে পাবেন।”

সিনেমার গল্প সম্পর্কে গ্লিটজকে শিলা বললেন,“ পুরোটাই প্রেমের সিনেমা। যেখানে নায়কের সঙ্গে ফোনের মাধ্যমে আমার প্রেম হয়। কিন্তু গল্পের একটা সময়ে দেখা যায় নায়ক আমার সাথে প্রতারণা করেছে। এমন ধরনের নাটকীয়তায় এগিয়ে যায় সিনেমার গল্প।” 

‘মন নিয়ে লুকোচুরি’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শিলা। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় শাহ রিয়াজের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

সহশিল্পী সর্ম্পকে শিলার ভাষ্য, “শাহ রিয়াজ খুবই সহযোগী মনোভাবের একজন মানুষ। কাজের ক্ষেত্রে ওর মত সহকর্মী আসলেই প্রয়োজন। ও আসলে একজন ভালো বন্ধুর মতো পাশে থেকে আমাকে সহযোগিতা করেছে।” 

ঢাকাই সিনেমায় মাহিয়া মাহি ও পরীমণির দাপুটে অবস্থান থাকলেও নিজের অবস্থান নিয়ে যথেষ্ট আত্নবিশ্বাসী তিনি।

শিলা বলেন, “আমি ঢাকাই সিনেমার গুণী নির্মাতাদের সঙ্গে ভালো সিনেমাতে অভিনয় করার জন্য সবসময় চেষ্টা করে থাকি। আমি নিজের যোগ্যতা দিয়ে টিকে থাকতে চাই। আমার প্রত্যাশা, দর্শকদের হৃদয়ে আমারও একটি শক্তিশালী দাপুটে অবস্থান আস্তে আস্তে তৈরি হবে।” আশা প্রকাশ করেন শিলা।

‘মন নিয়ে লুকোচুরি’ সিনেমাটি ছাড়াও শিলার হাতে আছে, শাহিন সুমনের ‘আংটি’ ও মাজহার বাবুর ‘বেঁধেছি মনে তোমায়’ সিনেমা দুটি। দুই সিনেমাতেই তিনি জুটি বেঁধেছেন সায়মন সাদিকের সঙ্গে।