২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রোজা রেখেও ভুলে চকলেট খেয়ে ফেলেছিলাম’

রোজা রাখা নিয়ে সাধারণ মানুষদের মতোই তারকাদেরও রয়েছে মজার কিছু স্মৃতি। গ্লিটজ-এর পাঠকদের জন্য আজ সেরকমই এক মজার স্মৃতি ভাগাভাগি করে নিয়েছেন চিত্রনায়িকা শিরিন শিলা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2016, 03:13 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

একেবারে শৈশব থেকেই রোজা রাখার অদম্য ইচ্ছা নিয়ে সেহেরীর সময়ে ঘুম থেকে উঠে পড়তেন শিলা।

সেই দিনগুলোর কথা মনে করে তিনি বলেন, “তখন বয়স কত তা ঠিক এই মূহুর্তে মনে পড়ছেনা। কিন্তু এইটুকু মনে আছে, তখন আমি সবেমাত্র কুরআন শরীফ পড়া শুরু করেছি। সেইসময় আমি রোজা রাখার জন্য খুবই জেদ করতাম। কিন্তু আমার আব্বু আম্মু কোনভাবেই আমাকে রোজা রাখতে দিতেন না। ভোর রাত্রে সেহেরি করার সময় তারা খুবই আস্তে আস্তে সেহেরি করতেন যেন আমার ঘুম ভেঙ্গে না যায়।”

তবে, বড় হয়ে যখন থেকে রোজার রাখা শুরু করলেন, তখন নাকি একবার ভুলে চকলেট খেয়ে ফেলেছিলেন তিনি। 

শিলা বলেন, “যখন আরো বড় হয়ে রোজা রাখা শুরু করলাম, তখন একবার ভুলে চকলেট খেয়ে ফেলেছিলাম। আম্মুকে দৌড়ে গিয়ে ভুলে চকলেট খাওয়ার কথা জানালে আম্মু তো হেসেই খুন। তখন আমার কি যে রাগ হয়েছিলো আম্মুর উপর! আম্মু তারপর আদর করে বললো ভুলে কোন কিছু খেয়ে ফেললে সমস্যা নেই। তোমার দুটো রোজা হয়ে যাবে!”

শৈশবের সেই স্মৃতি মনে করে এখনও হাসি পায় শিলার। তবে কাজের ব্যস্ততায় সেইসব দিন দারুন মিস করেন এই চিত্রনায়িকা।

“এখন সেইগুলো মনে পড়লে খুবই লজ্জা লাগে। না বুঝে কি না করেছি। এখন সেই দিনগুলোকে খুবই মিস করি। ছোটবেলার রোজা খুবই মজার ছিলো।”

অভিনয়ের ব্যস্ততায় যখন পরিবারের সঙ্গে ইফতার করা হয় না, তখন নাকি শিলার মন খুবই খারাপ হয়ে যায়। 

তিনি বলেন, “পরিবারের লোকজনের সাথে ইফতার করার মতো আনন্দকে পৃথিবীর অন্য কোন আনন্দের সাথে তুলনা করা যায় না। হ্যা, এটাও ঠিক যে ইউনিটের লোকজন কাজের কারনে পরিবার বনে যায়। তাদের সাথে ইফতার করার মধ্যেও আনন্দ রয়েছে। কিন্তু মায়ের পাশে বসে বাবাকে সঙ্গে নিয়ে পরিবারের সবার সাথে ইফতারের ব্যাপারটাই আলাদা।”

ঢালিউডে র্নিমাতা কাশেম মন্ডলের ‘ক্ষণিকের ভালোবাসা’ সিনেমার মাধ্যমে রূপালি জগতে এলেও ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন শিরিন শিলা। সিনেমাটিতে ‘দেখনা ও রসিয়া’ আইটেম গানটিতে তার অভিনয় নজর কাড়ে সবার।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানেনা মনের ঠিকানা’ ও শাহিন সুমনের ‘মিয়া বিবি রাজি’। এইমুহুর্তে তিনি ব্যস্ত এমদাদুল হক খানের ‘মন নিয়ে লুকোচুরি’ সিনেমায় অভিনয় করছেন।