২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিন্সের জন্মদিনকে ‘প্রিন্স ডে’ ঘোষণা

সংগীত কিংবদন্তী প্রিন্সের স্মরণে প্রতি বছর ৭ জুন 'প্রিন্স দিবস' হিসেবে পালন করার ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর। ১৯৫৮ সালের ৭ জুন মিনেসোটাতে জন্ম হয় সদ্য প্রয়াত এই শিল্পীর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 02:36 PM

Updated : 12 Apr 2022, 02:14 AM

জন্মস্থান মিনেসোটাতেই ২১ এপ্রিল মারা গেছেন প্রিন্স, ব্যথানাশক ওষুধ ফেন্টানিলের অতিরিক্ত সেবনের কারণে। রয়টার্স বলছে, বিশ্বব্যাপী জনপ্রিয় এই তারকার জন্মদিনকে তাই এখন থেকে 'প্রিন্স ডে' হিসেবে পালন করার ঘোষণা দিয়েছেন রাজ্যটির গভর্নর মার্ক ডেইটন।

সম্প্রতি এক বিবৃতিতে ডেইটন বলেন, “প্রিন্সের গান সঙ্গীতের পুরো একটি যুগকে প্রতিনিধিত্ব করে। এমন একজন অসাধারণ শিল্পীকে হারিয়ে মিনেসোটা অধিবাসী এবং পুরো জাতি শোকাহত।”

'প্রিন্স ডে'তে সবাইকে প্রিন্সের পছন্দের রং বেগুনি পোশাক পড়ার আহবান জানান গভর্নর। এদিকে টুইটারে সেদিন 'প্রিন্স ডে' হ্যাশট্যাগ ছিল মার্কিন ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। প্রয়াত এই তারকাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

সত্তরের দশক থেকে মার্কিন সংগীত জগতের এক কিংবদন্তী নাম ছিলেন প্রিন্স। পপ ধাঁচের গান ছাড়াও তার কণ্ঠে শোনা গেছে ফাঙ্ক, আরঅ্যান্ডবি এবং রক সঙ্গীত। ২১ এপ্রিল সকালে প্রিন্সকে নিজের বাসভবনে মৃত অবস্থায় খুঁজে পান তার ব্যক্তিগত চিকিৎসকের ছেলে। প্রিন্সের জন্য চিকিৎসকের দেয়া ওষুধ নিয়ে আসছিলেন তিনি।

ময়নাতদন্তে জানা যায়, আরও ৬ ঘন্টা আগেই মৃত্যু হয়েছিল তার। ব্যাথানাশক ওষুধ ফেন্টানিলের অতিরিক্ত সেবনের কারণেই মৃত্যু হয় এই শিল্পীর।

ব্যক্তিগত জীবনে একা প্রিন্সের লাখ লাখ ডলারের সম্পত্তির কোন উইল না থাকায় আপাতত সবকিছু আছে আদালতের তত্ত্বাবধানে।