যখন শাহিদকে দেখে চমকে গিয়েছিলেন মিরা!
হিন্দি সিনেজগতের আলোচিত দম্পতি শাহিদ কাপুর এবং মিরা রাজপুত। নিজের চেয়ে ১৩ বছরের ছোট মিরার সঙ্গে ২০১৫ সালের জুলাইয়ে গাঁটছড়া বাঁধেন শাহিদ। এখন অপেক্ষায় আছেন তাদের প্রথম সন্তানের আগমনের। কিন্তু জানেন কি, শাহিদের সঙ্গে প্রথম দেখায় রীতিমতো এক ধাক্কাই খেয়েছিলেন মিরা?
টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মিরার সঙ্গে প্রথম দেখা থেকে শুরু করে নিজেদের সম্পর্কে অনেক কথাই বলেন শাহিদ, যা এতোদিন জানতো না কেউ।
পারিবারিকভাবেই বিয়ে হয় শাহিদ-মিরার। তবে অবাক করার মত ব্যাপার হল, বিয়ের আগে খুব বেশি মেলামেশাও করেননি তারা।
এ ব্যাপারে তিনি বলেন, “আমরা কখনও প্রেম করিনি। তিন-চারবার আমাদের দেখা হয়েছিল, এরপরই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলি।”
তবে দেখাটা অবশেষে যখন হল, সেই স্মৃতি মনে করে এখনও হাসেন এই দম্পতি- এমনটাই জানালেন, শাহিদ।
শাহিদ বলেন, “আমি তখন 'উড়তা পাঞ্জাব'-এর শুটিং মাত্র শুরু করেছি। আমার মনে আছে, যখন আমি মিরার বাড়িতে প্রথম যাই তখন আমার চুলে ঝুঁটি করা ছিল। 'উড়তা পাঞ্জাব'এ আমার অভিনীত চরিত্র টমির মেকআপ এবং পোশাক পরা ছিলাম আমি। আমার পরনে ছিল মলিন প্যান্ট, উদ্ভট রকমের জুতো। এই অবস্থায় আমি মিরাদের দিল্লির ফার্মহাউজে যাই।”
“আমার মনে আছে, যখন আমি গাড়ি থেকে নামছিলাম এই অবস্থায়, মিরার বাবা আমাকে স্বাগত জানাতে এসেছিলেন। তিনি আমাকে এই অবস্থায় দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যান, হয়ত ভাবছিলেন 'এই ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিবো!'। তিনি আমার সরাসরি একবারও তাকাননি। ফিসফিস করে বলেছিলেন, 'ভেতরে আসুন', এরপর তিনি চলে যান।”
শুধু হবু শ্বশুরকেই নয়, মিরাকেও এই সাজে চমকে দিয়েছিলেন শাহিদ।
“আমি মিরাকে বলেছিলাম আমি চুলে রঙও করবো। তখন তার মুখের অভিব্যক্তি ছিল দেখার মত! সদ্য বিশ পেরোনো কলেজ পাশ করা একটি মেয়ে, এই কথা শুনে এতোটা অবাক হয়েছিল যে বলার মত নয়। আমি তাকে যখন বলেছি আমার চরিত্রের নাম টমি, তখন সে বলেছিল, 'টমি তো কোন মানুষের নাম হতে পারে না, এটা তো কুকুরের নাম!'' বলেন শাহিদ।
মজার ব্যাপার হল, এরপর থেকে শাহিদকে 'টমি' বলেই ডাকেন মিরা। এমনকি তার মোবাইলে শাহিদের নাম লেখা টমি। যখন শাহিদ ফোন করেন স্ত্রীকে, লেখা উঠে 'টমি কলিং'।
বিয়ের সময় শাহিদকে একটি শর্ত দিয়েছিলেন মিরা। তা হল, বিয়ের অনুষ্ঠান চলাকালীন চুলে রং করতে পারবেন না তিনি। মিরা তাকে বিশেষভাবে সতর্ক করেছিলেন, যেন চুলে লাল রং না দেখা যায়।
শাহিদ বলেন, “আমি সত্যি চাচ্ছিলাম লাল চুল নিয়ে বিয়ে করতে, যেন আমার বাচ্চারা আমার বিয়ের ছবি দেখে বলে, আমাদের বাবা দারুন ছিল, তিনি তার কাজকে এতো ভালবাসতেন যে লাল চুলেই বিয়ে করেছিলেন।”
শেষপর্যন্ত অবশ্য ‘টমি’কে ভালোই বশে এনেছেন শাহিদ।
শাহিদের ভাষ্যে, “কিন্তু আমি পরে অনেক ভদ্র হয়ে গেছি, এখন মিরা যা বলে আমি শুনি।”
সেপ্টেম্বরে শাহিদ-মিরার ঘরে আসছে নতুন অতিথি। এখন এই নিয়েই কাটছে দুজনের সময়।
“এখন সবকিছুই মিরাকে ঘিরে। সে আমাদের সন্তান ধারণ করছে। তার বয়স খুবই কম, আমার মনে হয় তার জন্য ব্যাপারটা এতো সহজ নয়। আমি শুধু এখন তার সঙ্গে থাকতে চাই, তার কাছাকাছি থাকতে চাই। বাচ্চা হওয়ার আগের একমাস আমি কোন কাজ করবো না, আমি বাবা হওয়ার সময়টুকু পুরোপুরি উপভোগ করতে চাই। এমন অভিজ্ঞতা মানুষের জীবনে খুব বেশি হয় না।”
ভবিষ্যতে আরও সন্তান নেওয়ার পরিকল্পনা আছে কি?
এ প্রসঙ্গে শাহিদ বলেন, “আমি এখনই এই ব্যাপারে কথা বলতে চাই না, হয়ত আমাদের একটা কিংবা দুটো সন্তান হবে। তবে কিছু কিছু ব্যাপার গোপন থাকাই ভালো। আমি শুনেছি তারকাদের সন্তানরা প্রায়ই অভিযোগ করেন, তাদের বাবা-মায়েরা ছোটবেলায় তাদের গোপনীয়তা নষ্ট করেছেন। আমি এমন বাবা হতে চাই না।”
'উড়তা পাঞ্জাব' ছাড়াও শাহিদের হাতে এখন আছে ভিশাল ভারদ্বাজের সিনেমা 'রাঙ্গুন'-এর কাজ। এতে শাহিদের সঙ্গে অভিনয় করছেন সাইফ আলি খান এবং কাঙ্গানা রানাউত।
