'আমি রানবিরের ভক্তও নই'
ক'দিন ধরে শোনা যাচ্ছিল, এবার বাস্তবেই নিজের 'দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড' খুঁজে পেয়েছেন অভিনেতা রানবির কাপুর। তবে যাকে নিয়ে হচ্ছে এতো হইচই, সেই ভারতি মালহোত্রা সাফ জানিয়ে দিলেন, প্রেম তো দূরের কথা, রানবিরের ভক্তও নন তিনি।
দিল্লির মেয়ে ভারতি মালহোত্রার সঙোগ সম্প্রতি নাম জুড়েছে রানবিরের। এদিকে প্রেমের গুজব শুরু হওয়ার পর থেকেই গণমাধ্যমের একের পর এক ফোনকল আর মেসেজে অতিষ্ঠ তিনি।
ক্ষুব্ধ হয়ে ভারতি টাইমস অফ ইন্ডিয়াকে জানান, “রানবির ভালো অভিনেতা হতে পারেন, তবে আমি কখনও তাকে অভিনয়ের জন্য আলাদাভাবে পছন্দ করিনি বা ভক্ত হিসেবে তাকে অনুসরণও করিনি।”
গুঞ্জন উঠেছিল, রানবিরের দিল্লিবাসী বড় বোন রিধিমার সঙ্গে আগে থেকেই পরিচয় আছে ভারতির। রিধিমাই নাকি এক পার্টিতে রানবিরের সঙ্গে ভারতির পরিচয় করে দিয়েছেন।
এ প্রসঙ্গে ভারতির ভাষ্য, “আমি রিধিমাকে চিনিও না, তার সঙ্গে পার্টিতে দেখা হওয়া কিংবা রানবিরের সঙ্গে পরিচয় তো দূরে থাক। সবাই আমাকে জিজ্ঞেস করছে আমি রানবিরের সঙ্গে কবে দেখা করলাম, আমি তাদের বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি যে, আমি রানবিরকে চিনি না এবং তার সঙ্গে পরিচয়েরও আমার কোন ইচ্ছা নেই।”
টাইমস অফ ইন্ডিয়ার কাছে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “আমি একটি সাধারণ মেয়ে, আমার ছবি যেভাবে অবাধে ব্যবহার করা হচ্ছে এবং আমার ব্যক্তিগত জীবন নিয়ে সেভাবে সবাই কথা বলছে তার প্রভাব খুব খারাপভাবে পড়ছে আমার উপর।”
দিল্লিবাসী মেয়ে ভারতি পেশায় একজন মডেল এবং মেকাপ আর্টিস্ট। জানালেন, প্রতিক চৌধুরী নামের এক যুবকের সঙ্গে ৩ বছর ধরে প্রেম করছেন তিনি, শীঘ্রই আংটি বদলেরও পরিকল্পনা আছে তাদের।
যদিও গণমাধ্যমে খবর এসেছিল রানবিরের সঙ্গে মরক্কোতে গিয়েছেন ভারতি, কিন্তু ভারতির মুখে শোনা গেল সেদিন প্রেমিকের সঙ্গে জয়পুরে ছিলেন তিনি।
চলতি বছরের শুরুতেই অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে ৬ বছরের সম্পর্কের ইতি টানেন রানবির। ধারণা করা হয়, বিয়ের প্রতি রানবিরের অনীহাই ছিল তাদের বিচ্ছেদের কারণ।
