কান উৎসবে ধরা দিলেন মাল্লিকা
১১ মে ফ্রান্সের কান শহরে শুরু হলো বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসব। প্রথম দিনে বিশ্বের বিভিন্ন তারকাদের সঙ্গে লাল গালিচায় হেঁটেছেন শুধু একজন ভারতীয়। তিনি হলেন অভিনেত্রী মাল্লিকা শেরাওয়াত।
উৎসব শুরু হওয়ার আগে মাল্লিকা টুইট করে জানান, এবারের পোশাক এখনও ঠিক করা হয়নি তার। কিন্তু শেষমেশ ভারতীয়দের মান ভালোভাবেই বজায় রেখেছেন এই অভিনেত্রী। লেবাননের ডিজাইনার জর্জেস হোবেইকার নকশা করা নীল সান্ধ্য পোশাক পড়ে উৎসবে অংশ নেন তিনি।
এ বছর মাল্লিকা কান উৎসবে অংশ নিয়েছেন তার নতুন সিনেমা ‘টাইম রেইডারস’-এর প্রচারণা করতে। বক্স অফিসে তার সিনেমা চলুক আর না চলুক, গত কয়েক বছরে ভারতীয় অভিনেত্রী হিসেবে কান উৎসবের নিয়মিত মুখ হয়ে দাঁড়িয়েছেন মাল্লিকা। সামাজিক যোগাযোগের মাধ্যমে একের পর এক ছবি দিয়ে পুরোটা সফর ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেও ভোলেন না তিনি।
গত বছর তিনি এই উৎসবে অংশ নিয়ে ভারতীয় প্যাভিলিয়নের পক্ষ থেকে আলোচনা অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া অভিনেতা আন্তোনিও বান্দারাসের সঙ্গে ঘুরে বেড়িয়ে নজর কেড়েছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমের।
