২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নকশাকার যখন গায়ক!

রঙ-এর বিপ্লব সাহা মানেই পোশাকে নানান নকশা আর রংয়ের খেলা। তবে এই ফ্যাশন ডিজাইনার সুরের ভুবনেও রঙিন পাখা মেলেছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 04:05 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

সম্প্রতি মৌলিক একটি গানে কণ্ঠ দিয়েছেন দেশীয় ফ্যাশন ঘর ‘বিশ্বরঙ’-এর কর্ণধার বিপ্লব সাহা। সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন এই সময়ের আলোচিত কণ্ঠশিল্পী কনা।

রাজন সাহার সুরে গানটির নাম ‘আনচান আনচান করে মন’। গানের কথা লিখেছেন জীবন ফারুকী।

বিপ্লব বলেন, “গানটি পাহাড়ি ঢংয়ে। আমি আসলে শখের শিল্পী। রাজন সাহার অনুরোধেই গানটি করা।”

এর আগেও অবশ্য গানের অভিজ্ঞতা হয়েছে বিপ্লব সাহার। ‘চিরদিনই তুমি যে আমার’ নামের পুরনো দিনের গানটিতে দিনাত জাহান মুন্নির সঙ্গে কণ্ঠ দিয়ে সুরের ভুবনে নাম লিখিয়েছেন এই ডিজাইনার। তবে সেটা কোথাও প্রকাশিত হয়নি।

বিপ্লব বলেন, “প্রথম গানটা একেবারেই শখ থেকে করা। কোথাও প্রকাশিত হয়নি। শুধু ফেইসবুকে শেয়ার করেছিলাম। আর আমার প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বৈশাখী উপহার হিসেবে গানটা দিয়েছিলাম। কারণ সেটা করা হয়েছিল পহেলা বৈশাখের আগে।”

গান গাইতে ও শুনতে পছন্দ করলেও এ ব্যাপারে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই বিপ্লব সাহার।

এই ব্যাপারে তিনি বলেন, “এই উপমহাদেশের সব প্রতিষ্ঠিত শিল্পীই আমার গুরু। তাদের গানের সঙ্গে গাইতে গাইতেই আমার এই গান শেখা।”

সুরের ভুবনেই নয়, যে বিষয়ে পারদর্শী অর্থাৎ পোশাক নকশা করা, সেখানেও যুক্ত করেছেন নতুন মাত্রা। নিজ প্রতিষ্ঠানের কাজ তো আছেই। পাশাপাশি সিনেমার পোশাকও নকশা করছেন নকশাকার বিপ্লব সাহা।

কথার ফাঁকে জানা গেল, মোস্তফা সরার ফারুকীর নতুন ছবি ‘ডুব’-এর পোশাক পরিকল্পনা করছেন এই ডিজাইনার।

তবে কি, পোশাকের ভুবন ছেড়ে বিনোদন জগতেই থিতু হতে চলেছেন এই শিল্পী?

বিপ্লবের সহজ উত্তর, “ইচ্ছে তো আছে। তবে সময়ই বলে দেবে কখন কী করবো।”