২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিজলী’ আসছে নারী সুপারহিরো নিয়ে

বাংলাদেশে প্রথমবারের মতো সুপারহিরো সিনেমা তৈরি করছেন ইফতেখার চৌধুরী। ‘অগ্নী’ খ্যাত এই পরিচালক এবার নিয়ে আসছেন ‘বিজলী’, যার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে এক নারী সুপারহিরোকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 06:41 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

সিনেমার নাম ভুমিকায় অভিনয় করছেন চিত্রনায়িকা ববি। সিনেমাটির প্রযোজনাতেও আছে তার প্রতিষ্ঠান ববস্টার ফিল্মস।

শনিবার সন্ধ্যায় গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হলো ‘বিজলী’র মহরত। সেখানেই একসঙ্গে পাওয়া গেলো সিনেমাটির কলাকুশলীদের।

সিনেমাটি সম্পর্কে নির্মাতা ইফতেখার চৌধুরী গ্লিটজকে বললেন, “ঢাকাই ছবির ইতিহাসে প্রথমবারের মতো ‘বিজলী’র মাধ্যমে আমরা নিয়ে আসছি একটি সুপারহিরো সিনেমা। আমরা হলিউড কিংবা বলিউডের সিনেমায় সুপারহিরোদের অনেক আগে থেকে দেখে থাকলেও এই প্রথমবার বাংলাদেশের সিনেমাতে এটা দেখতে পাবো।”

তিনি আরও বলেন, “শুধু তাই নয়, আমাদের সিনেমায় নায়কের নয় সুপার পাওয়ার রয়েছে নায়িকার। আইটেম গান, রোমান্টিক কিংবা অ্যাকশনধর্মী সিনেমাতে ববিকে দেখলেও এবার একটি গল্পনির্ভর সিনেমাতে নতুন অবতারে ববিকে সবাই দেখতে পাবেন।”

মন্দার বাজারে সিনেমা প্রযোজনার মতো ঝুঁকি নেওয়ার প্রসঙ্গে গ্লিটজকে ববি বলেন, “আমি চলচ্চিত্র খুবই ভালোবাসি। আমি ঝুঁকি বলতে কিছুই বুঝি না। আমার মনে হয়, অনেক শিল্পীরই সিনেমা প্রযোজনার একটা সুপ্ত ইচ্ছা মনের ভিতরে থাকে। কিন্তু খুব কম শিল্পীই এই ‍সুযোগ পান। এই সিনেমার কনসেপ্ট খুবই সুন্দর। তাছাড়া নিজের পছন্দমতো নায়ক নির্বাচন করা থেকে শুরু করে সিনেমার প্রতিটি বিষয়ে নিজেকে সম্পৃক্ত রাখার সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি। আশা করছি ‘বিজলী’র মাধ্যমে আমাদের দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো।”

‘বিজলী’তে ববির বিপরীতে অভিনয় করছেন কলকাতার নবাগত অভিনেতা রণবীর। ক্যারিয়ারের শুরুতেই নারীকেন্দ্রিক সিনেমাতে অভিনয় প্রসঙ্গে গ্লিটজকে রণবীর বললেন, “আমি যখন সিনেমার গল্পটা শুনেছি তখন আমার গল্পটা বেশ ভালো লেগেছে। আমি একটি মূহুর্তের জন্যও ভাবিনি ক্যারিয়ারের শুরুতেই এমন একটি সিনেমাতে অভিনয় আমার আগামী দিনের অভিনয় জীবনের গতিপথকে বাধাগ্রস্ত করবে কী না। সিনেমার গল্পটা খুবই সুন্দর, বলতে গেলে এটি একটি গল্পনির্ভর সিনেমা। আর আমার কাছে হিরোইজম থেকে সিনেমার গল্পের গাঁথুনিই বেশি গুরুত্বপূর্ণ। তাই এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব চোখ বুঁজে লুফে নিয়েছি।”

‘বিজলী’ সিনেমায় অন্যান্যদের মধ্যে অভিনয় করছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়, বাংলাদেশের আহমেদ রুবেল, ইলিয়াস কাঞ্চন, দিলারা জামান, শিমুল খান সহ আরও অনেকে।

ইফতেখার চৌধুরীর কাহিনীতে ‘বিজলী’ সিনেমার সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন কলকাতার পেলে ভট্টাচার্য। সিনেমাতে নৃত্য পরিচালনা করবেন মাসুম বাবুল। সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিলের ২৯ তারিথ থেকে ভারতের দার্জিলিংয়ে শুরু হবে ‘বিজলী’ সিনেমার দৃশ্যধারণের কাজ।