‘ফ্যান’-এর আয়ে ভাটা
উড়ন্ত সূচনার পর হঠাৎ করেই সাফল্যের গতিতে ছেদ পড়লো শাহরুখ খান অভিনীত সিনেমা ‘ফ্যান’-এর। এ বছরে ভারতের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের সিনেমা হলেও সোম এবং মঙ্গলবার সিনেমাটির বক্স অফিস আয় কমে গেছে আশংকাজনকভাবে।
সোমবার মাত্র ৬ কোটি ৫০ হাজার আর মঙ্গলবার ৫ কোটি ৭৫ লাখ রুপি আয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সিনেমা নির্মাতাদের।
দ্বৈত চরিত্রে আরেক দফায় শাহরুখের অনবদ্য অভিনয় দেখার জন্য প্রেক্ষাগৃহগুলোতে ঝাঁপিয়ে পড়েছিলেন ভক্তরা। ভারতসহ সারাবিশ্বের মোট ৪,৬০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি, আর তাতেই উদ্বোধনী দিনে পড়ে গিয়েছিল বিরাট সাড়া! প্রথম দিনেই সিনেমাটি কামিয়ে নেয় ১৯ কোটি ২০ লাখ রুপি।
বাকি দুদিনও দারুণ গতিতেই ঘুরেছে আয়ের চাকা। প্রথম তিন দিনেই সিনেমাটি ছাড়িয়ে যায় ৫০ কোটি রুপির মাইলফলক।
তবে সোম আর মঙ্গলবারে এসে হঠাৎ করেই নেমে গেছে আয়ের গ্রাফ। আর তা চোখে
পড়েছে বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শের টুইটে। তিনি জানান, “আয় বাড়িয়ে নিতে ব্যর্থ ‘ফ্যান’। শুক্র ১৯.২০ কোটি, শনি ১৫.৪০ কোটি, রোব ১৭.৭৫ কোটি, সোম ৬.০৫ কোটি, মঙ্গল ৫.৭৫ কোটি, সর্বমোট ৬৪.১৫ কোটি।"
অবশ্য বুধবারই ভারতে রয়েছে একটি সরকারি ছুটির দিন। নির্মাতাদের ধারণা, ভক্তরা আবারও সাদরেই গ্রহণ করে নেবেন সিনেমাটিকে।
গ্রহণ করার ব্যাপারে অবশ্য দর্শকদের চাইতে সমালোচকরা একমত বেশি। মানিশ শর্মা পরিচালিত ‘ফ্যান’-এ দ্বৈত চরিত্রে শাহরুখের প্রত্যাবর্তনকে সাধুবাদ জানিয়েছেন সবাই, প্রশংসা করেছেন তার অভিনয় দক্ষতার। অপরদিকে, দর্শকরা সিনেমাটি নিয়ে জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া।
শুধু ভারতে নয়, উদ্বোধনী সর্বোচ্চ আয়ের রেকর্ডটা পাকিস্তানেও নিজের করে নিয়েছে এখন ‘ফ্যান’। তবে, সিনেমাটির ভাগ্য ক্রমশ ‘দিলওয়ালে’র মত হতাশাজনক হবে কীনা, সেটি বোঝা যাবে সিনেমাটির পরবর্তী সপ্তাহের আয়ের হিসাব থেকে।
