২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফ্যান’-এর বিশ্বজয়

শাহরুখ খানের নতুন সিনেমা ‘ফ্যান’ ভারত ও পাকিস্তান জয়ের পর এবার পা ফেলছে বিশ্ববাজারেও। ১৫ এপ্রিল মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে সিনেমাটি। আন্তর্জাতিক বাজারে সিনেমাটির আয় ছাড়িয়ে গেছে ১০০ কোটি রুপির মাইলফলক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 06:05 PM

Updated : 12 Apr 2022, 01:52 AM

ডিএনএ ইন্ডিয়া বলছে, উদ্বোধনী সপ্তাহেই বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি আয় করে নিয়েছে ১১৩ কোটি রুপি। ওদিকে ভারতেও মুক্তির তিন দিনেই ৫৩ কোটি রুপি বাগিয়ে নিয়েছে সিনেমাটি। এর আগে ১৯ কোটি ২০ লাখ রুপি আয় নিয়ে চলতি বছরের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছিল সিনেমাটি। প্রথম তিন দিনে ৫ কোটি রুপি আয় নিয়ে পাকিস্তানেও এখন বলিউডের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের সিনেমা ‘ফ্যান’।

বাণিজ্য বিশ্লেষকেরা জানিয়েছেন, শুক্রবার মুক্তির পর শনি ও রোববারের ছুটিতে ভালো ব্যবসা করেছে সিনেমাটি। শনিবার ১৬ কোটি রুপি এবং রোববার ১৭ কোটি ৭৫ লাখ রুপি আয় নিয়ে তিনদিনে ভারতে সিনেমাটি মোট আয় করেছে ৫৩ কোটি রুপি।

গান এবং নায়ক-নায়িকার প্রেমের রসায়ন ছাড়াই সিনেমাটি দর্শকদের সন্তুষ্টি অর্জন করেছে। শুধু তাই নয়, সমালোকদের কাছ থেকেও ভূয়সী প্রশংসা মিলেছে মানিশ শর্মা পরিচালিত সিনেমাটির।