বিপাশার বিয়ে: কি ভাবছেন জন?
বলিউডের ‘সুপার কাপল’ বলা হত জন আব্রাহাম এবং বিপাশা বসুর জুটিকে। প্রায় নয় বছর এক ছাদের নিচে থাকার পর এখন ভিন্ন ভিন্ন সঙ্গী বেছে নিয়েছেন তারা। নিজের বিয়ে তো হলো, এবার সাবেক প্রেমিকা বিপাশার বিয়ে নিয়ে কি অভিমত জনের?
২০০২ থেকে ২০১১, পুরো নয় বছর বিপাশা-জন ছিলেন অবিচ্ছেদ্য। হঠাৎ করে তাদের সম্পর্কের ইতি টানার খবর চমকে দিয়েছিল অনেককেই। আরও বিস্ময়কর ছিল বিপাশার সঙ্গে বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই প্রিয়া রুঞ্চালের সঙ্গে জনের বিয়ে। আজও বলা হয়, প্রিয়ার কারণেই বিচ্ছেদ হয় তাদের।
জনের বিয়ের সময় বিপাশাকে প্রশ্ন করতে ছাড়েনি গণমাধ্যম। তখন তাচ্ছিল্যের ভঙ্গীতে বিপাশা, ‘জন আবার কে?’ বলে হেসেও নিয়েছিলেন একচোট।
জন সংসার পেতে বসলেও তাকে ভুলে এগিয়ে যাওয়া এত সহজ ছিল না বিপাশার জন্য। প্রেম করেছেন হারমান বাওয়েজার সঙ্গে, কিন্তু এক বছর না গড়াতেই ভেঙ্গে যায় তাদের সম্পর্ক। তবে সময়ের সঙ্গে সঙ্গে ঠিকই নিজের জীবনসঙ্গী খুঁজে নিয়েছেন এই বাঙালি সুন্দরী।
প্রায় দেড় বছর প্রেমের পর এবার অভিনেতা কারান সিং গ্রোভারকেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন বিপাশা। এপ্রিলের শেষে বসবে তাদের বিয়ের আসর, বলিউডপাড়ার বাতাসে এখন শোনা যায় বিপাশার বিয়ের বাদ্য।
এমনই সময় এক অনুষ্ঠানে জনকে জিজ্ঞেস করা হল বিপাশার বিয়ে নিয়ে তার অভিমত, কিন্তু তার উত্তর সবাইকে রীতিমত চমকে দিল।
ডিএনএ সাময়িকী বলছে, গণমাধ্যমের এই প্রশ্নের কোন উত্তরই দেননি জন, বরং মাইক্রোফোনটি সরিয়ে দিয়ে চুপচাপ হেঁটে মঞ্চ থেকে নেমে গেছেন তিনি!
জনের এই ব্যবহার দেখে নিন্দুকেরা বলছেন, অন্তত ‘নো কমেন্টস’ তো বলতে পারতেন তিনি।
