২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সর্বশ্রেষ্ঠ’ গ্যাংস্টার সিনেমা নিয়ে রাম গোপাল ভার্মা

নির্মাতা রাম গোপাল ভার্মা আবারও হাজির হচ্ছেন নতুন এক গ্যাংস্টার সিনেমা নিয়ে। ‘রাই’ নামের সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ভার্মারই পছন্দের অভিনেতা ভিভেক ওবেরয়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 04:11 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

পাওলো এস্কোবার, দাউদ ইব্রাহিম কিংবা এল ক্যাপোনের মত দুঁদে সন্ত্রাসীদেরকেও হার মানিয়ে দিবে 'রাই'- এমনটাই মনে করছেন ‘সাত্যা’খ্যাত এই পরিচালক। কর্ণাটকের কুখ্যাত সাবেক গডফাদার এবং শিল্পপতি মুত্থাপ্পা রাই-এর জীবনীনির্ভর সিনেমা হতে যাচ্ছে এটি। সিনেমায় তুলে ধরা হবে অপরাধ জগতের ডন হয়ে ওঠার পথে মুত্থাপ্পা রাই-এর যাত্রা।

প্রাথমিকভাবে এই চরিত্রে ভার্মা ভেবে রেখেছিলেন অভিনেতা সুদিপের কথা। তবে শেষমেষ ওবেরয়কেই নিজের নতুন সিনেমার কেন্দ্রীয় চরিত্রে জায়গা দিয়েছেন এই নির্মাতা। অপরাধ জগত নিয়ে সিনেমা বানিয়ে সিদ্ধহস্ত রাম গোপাল ভার্মা 'রাই'কে বলছেন তার ক্যারিয়ারের সেরা গ্যাংস্টার সিনেমা।

টুইটারেই ভক্তদের সাথে নিজের সিনেমার ব্যাপারে শেয়ার করেন ৫৪ বছর বয়সী নির্মাতা। আর সেখানেই নিশ্চিত করেন কেন্দ্রীয় চরিত্রে ৩৯ বছর বয়সী এই অভিনেতার। সেইসঙ্গে ‘রাই’রূপী ভিভেক-এর একটি ছবিও পোস্ট করেন তিনি।

এই রাম গোপাল ভার্মার নির্মিত সিনেমা 'কোম্পানি' দিয়েই বলিউড অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন ভিভেক। তার অভিনয় সবচেয়ে প্রশংসা পেয়েছিল ভার্মার 'রক্ত চরিত্র' সিনেমায় অভিনয় করে। ভার্মার পছন্দের তালিকায় বেশ উপরেই অবস্থান করছেন এই তারকা।

ম্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর, মুম্বাই, দুবাই এবং লন্ডনে ধারণ করা হবে সিনেমার বিভিন্ন দৃশ্য। হিন্দি ছাড়াও কানাড়া, তেলেগু ও তামিল ভাষায় ডাব করা হবে সিনেমাটি।