আসছে 'ডক্টর স্ট্রেঞ্জ'
২০১৬ সালটি যে মারভেল আর ডিসি কমিক্সের হাড্ডাহাড্ডি লড়েইয়ের মধ্য দিয়েই যাবে, তার ইঙ্গিত মিলেছে আগেই। ডিসি যখন ‘সুইসাইড স্কোয়াড’ দিয়ে মাঠে নামাচ্ছে একঝাঁক নতুন কমিকচরিত্রকে, সেখানে মার্ভেল নিয়ে আসছে ক্ষমতাধর জাদুকর 'ডক্টর স্ট্রেঞ্জ'কে। মঙ্গলবার জনপ্রিয় সেলেব্রিটি টক শো 'জিমি কিমেল লাইভ!'-এ প্রকাশ করা হয় সিনেমাটির প্রথম ট্রেইলার।
হলিউডের দর্শকপ্রিয় তারকারা কোন না কোন ভাবেই নিজের নামের সাথে জুড়েছেন সুপারহিরোদের তকমা। 'ডক্টর স্ট্রেঞ্জ' হিসেবে এবার সে দলের নতুন সদস্য হতে চলেছেন 'শার্লক' তারকা বেনেডিক্ট কাম্বারব্যাচ। ট্রেইলারে চোখে পড়লো 'ডক্টর স্ট্রেঞ্জ' হিসেবে তার অনবদ্য অভিনয়ের এক ঝলক।
এর আগেই অবশ্য 'ডক্টর স্ট্রেঞ্জ' এর বেশে কাম্বারব্যাচের একটি ছবি প্রকাশ করেছিল মারভেল। এবার এক মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের ট্রেইলারে উঠে এল স্টিফেন ভিক্টর স্ট্রেঞ্জের 'ডক্টর স্ট্রেঞ্জ' হয়ে ওঠার ইতিহাসটুকু। মারাত্মক এক দুর্ঘটনায় শল্যবিদ স্ট্রেঞ্জের ক্যারিয়ার যখন হুমকির মুখে, এমন সময় মৃত্যুর হাত থেকে তাকে বাঁচিয়ে তোলেন এক জাদুকর, যাকে ডাকা হয় 'দ্য এইনশেন্ট ওয়ান' নামে। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আয়ত্ব করতে স্ট্রেঞ্জ শিষ্যত্ব নেয় 'দ্য এইনশেইন্ট ওয়ান'-এর, খোঁজ পায় জাদু এবং পৌরাণিক জগতের অপরিমেয় ক্ষমতার সন্ধান। আর এদিকে পৃথিবীকে হুমকির মুখে ঠেলে দিতে উত্থান ঘটে নতুন এক অশুভ সত্ত্বার।
সিনেমায় কাম্বারব্যাচ ছাড়াও দেখা গেছে `দ্য ক্রনিকলস অফ নার্নিয়া’খ্যাত টিলডা সুইনটনকে। এইনশেন্ট ওয়ান-এর চরিত্রে কেশবিহীন অবতারে তার অবির্ভাব চমকে দিয়েছে সবাইকে। সিনেমাতে আরও থাকছেন ‘হ্যানিবল’খ্যাত ম্যাডস মিকেলসেন, যিনি নিজেও প্রথমবারের মত অভিনয় করতে যাচ্ছেন বড় কোন সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি সিনেমায়।
এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন র্যাচেল ম্যাকঅ্যাডামস, চিউইতেল এজিয়োফোর এবং বেনেডিক্ট উওং। ট্রেইলারের একটি অংশে চোখ ধাঁধানো গ্রাফিক্সের কাজ মনে করিয়ে দেয় ক্রিস্টোফার নোলানের ‘ইনসেপশন’-এর কথা।
‘ডক্টর স্ট্রেঞ্জ’-এর নির্মাতার আসনে আছেন স্কট ডেরিকসন, আর মারভেলের অন্যান্য সিনেমার মত এটিও প্রযোজনার দায়িত্বে আছেন কেভিন ফিজ। সিনেমাটি মুক্তি পাবে নভেম্বরের ৪ তারিখে।
