'ভাল গান শ্রোতাদের ফেরাবেই'
‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’, ‘জীবন মাঝি’, ‘দৃষ্টি প্রদীপ জ্বেলে’-এর মতো জনপ্রিয় গানের শিল্পী মেসবা রহমান নিজের একক অ্যালবাম নিয়ে ফিরছেন দীর্ঘ ১৮ বছর পরে। নব্বই দশকের জনপ্রিয় সফ্ট রক ব্যান্ড ডিফারেন্ট টাচ-এর এই ভোকালিস্টের নতুন অ্যালবাম ‘তোমার জন্য’ প্রকাশ পেলো লেজার ভিশনের প্রযোজনায়।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলানায়তনে অডিও অ্যালবামটির মোড়ক উম্মোচন ও প্রকাশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সৈয়দ আব্দুল হাদী, আইয়ুব বাচ্চু, ফাহমিদা নবী, আসিফ আকবর, মাজহারুল ইসলামসহ আরো অনেকে।
শ্রোতাদের উদ্দেশ্যেই অ্যালবামের নাম ‘তোমার জন্য’ রেখেছেন মেসবা রহমান। অডিও বাজারের মন্দার সময়ে ব্যান্ডের অ্যালবামের পরিবর্তে নিজের অ্যালবাম প্রকাশের ব্যাপারে গ্লিটজকে মেসবা বললেন, “বাজার মন্দার বিষয়টি আমি মোটেও ভাবিনি। বরং আমার ভালোলাগার জায়গা থেকেই অ্যালবামের গানগুলো করা। একজন শিল্পী কখনোই তার গান করার সময় গানের বাজারের কথা চিন্তা করে না। আমি কাজের ক্ষেত্রে খুবই যাচাই বাছাই করে কাজ করি। ভালো গান না হলে আমি কখনোই গাইতাম না। আমার গানের ক্যারিয়্যারে ব্যান্ডের অ্যালবাম সাড়ে তিনটা, কারণ একটা মিক্সড অ্যালবাম ছিলো। অনেক যাচাই বাছাই করতে গিয়েই এতো সময় চলে গেলো। আমার দলের সবাই এতো ব্যস্ত আর শ্রোতাদের পক্ষ থেকেও অনেক অনুরোধ আসছিলো, তখন নিজে থেকেই এই অ্যালবামের উদ্যোগটা নেয়া।”
“আমাদের ব্যান্ডের কিছু কাজ হাফ ডান হয়েছে। ব্যস্ততার জন্য আসলে সময় হয়ে উঠছে না। তবে এই বছরই হয়ত কোন সুখবর পাবেন।”
ডিফারেন্ট টাচের সবশেষ অ্যালবাম বাজারে এসেছিল ১৯৯৭ সালে। ১৮ বছর পরে নতুন প্রজন্মের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে এই অ্যালবাম?
এমন প্রশ্নের জবাবে মেসবা বললেন, “আমার যারা শ্রোতা তারা সবসময়ই আমার কাছে জানতে চায় কেন আমার অ্যালবাম বাজারে আসছে না। যদিও আমি জানি তাদের অনেকেই হয়ত বিভিন্ন কারনে গানের সাথে খুব বেশি সম্পৃক্ত না। কিন্তু যারা আমার চেয়ে বয়সে ছোট, বড় বা সমসাময়িক তারা আমার গান দারুণ পছন্দ করে। আর এখনকার তরুন প্রজন্ম তো আমাদের কিছু গান খুবই পছন্দ করে। তাই কিছু ভালো গান উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। প্রকৃতপক্ষে গানের কোন বয়স নেই। আমি মনে করি তরুণ প্রজন্ম আমার অ্যালবামের কিছু গান খুবই পছন্দ করবে। আর ভালো সুরের বাণীপ্রধান গান শ্রোতাদের ফিরিয়ে আনবেই।”
