প্রত্যুষার মৃত্যুতে টুইট করে বিপাকে হেমা মালিনি
১ এপ্রিল নিজের ফ্ল্যাটেই পাওয়া যায় ভারতীয় টিভি অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জির ঝুলন্ত লাশ। ২৪ বছর বয়সী এই তরুণীর মৃত্যুতে যখন শোকাহত পুরো ভারত, তখন নেতিবাচক টুইট করে বিপাকে পড়লেন অভিনেত্রী ও সাংসদ হেমা মালিনি।
ঘটনার তিন দিন পর হেমা টুইট করেন, "আত্মহত্যা করে মানুষ কিছুই পায় না! আমাদের জীবন হলো সৃষ্টিকর্তার দান, তার ইচ্ছার বিরুদ্ধে জীবন শেষ করার কোনো অধিকার আমাদের নেই।"
গণমাধ্যমের সমালোচনাও করেন হেমা, "ক্ষুধার্ত গণমাধ্যমগুলো সব সময় অপেক্ষায় থাকে কখন কোন তারকা আত্মহত্যা করবে। কিছুদিন পর সবাই ভুলে যায়।"
তবে হেমার মন্তব্য পছন্দ হয়নি অনেক টুইটার ব্যবহারকারীর।
একজন লেখেন, "হেমা মালিনি ভাবেন তিনি মানুষের দুঃখ এবং কষ্ট সম্পর্কে সব জানেন। ম্যাডাম আপনার জীবন খুব সুন্দর হতে পারে, সবারটা এত সুন্দর হয় না।"
আবার একজন টুইটার ব্যবহারকারী তুলে আনেন হেমার গাড়িতে ধাক্কা খেয়ে মারা যাওয়া শিশুটির কথা।
"তারকাদের গাড়িতে দুর্ঘটনার শিকার হয়ে যেসব শিশুরা মারা যায়, তাদের কথা কি বলবেন? তাদের জীবন কি ‘সৃষ্টিকর্তার’ দান ছিল না?"
একজন লেখেন, "এই ধরনের মন্তব্য কখনও গ্রহণযোগ্য নয়। আত্মহত্যা অবশ্যই ভাল কাজ নয় কিন্তু একজন মৃত মানুষকে নিয়ে সমালোচনা করে আপনি কোনো মহৎ কাজ করছেন না!"
