২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিৎ - এর 'পাওয়ার'- এ দম নেই

প্রথমবার রাজীব বিশ্বাসের পরিচালনায় অভিনয় হলেও নতুন কিছু পাওয়া  গেল না জিৎ-এর ‘পাওয়ার’ সিনেমার ট্রেইলারে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 02:14 PM

Updated : 12 Apr 2022, 01:42 AM

ট্রেইলারের শুরুতেই দেখা যায় জিৎ এর ধুম ধাড়াক্কা অ্যাকশন দৃশ্য। অ্যাকশনের সঙ্গে কমেডির মিশেলও পাওয়া গেছে। সেই সঙ্গে দৃঢ়চেতা পুলিশ কর্মকর্তারূপী সংলাপও ছুড়ে দেন, “বুলেট কিন্তু ব্যালেট ছাড়াও চলে, ব্যালট বুলেট ছাড়া চলে না।”

অ্যাকশনের জোয়ারের ফাঁকে সংলাপহীন নুসরাত জাহানকে বারবার দেখা গেছে। তার চরিত্রটি রহস্যের কুয়াশায় ঢাকাই থেকে যায়। তবে তার বুকে গুলি লাগার দৃশ্যকেই কাহিনির মোড় বদলের দৃশ্য বলে মনে হচ্ছে।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ায় ট্রেইলারে আরো বেশি অস্পষ্ট।

এর আগে যেমন বলা হয়েছিল, সিনেমায় দুই চরিত্রে অভিনয় করবেন জিৎ। পরিচালক ট্রেইলারে সেই পার্থক্য শুধু পোশাকের মাধ্যমেই দেখালেন কি না, বোঝা কষ্টকর।

ট্রেইলারের শুরুতে শোনা যায়, “আজকাল ১০০ ডায়াল করলে পুলিশ আসে না বরং ১০০ টাকা দিলে পুলিশ আসে”। এই সংলাপ শুনতে শুনতেই জিৎ-এর গুলিবিদ্ধ শরীর পানিতে ফেলে দেয়ার দৃশ্যের মাধ্যমে আবার বহুবার রিমেইক হওয়া ‘রাউডি রাঠোর’-এর কাহিনি মনে পড়ে যায়।

জিৎ গত তিন বছরে বেশ কয়েকটি ফ্লপ সিনেমার উপহার দিয়েছেন। সবশেষটি ছিল কোয়েল মল্লিকের সঙ্গে ‘বেশ করেছি প্রেম করেছি’। এরপর খানিকটা বিরতি দিয়ে শুরু করেন ‘পাওয়ার’ সিনেমার কাজ। এর মধ্যেই যৌথ প্রযোজনার সিনেমা ‘বাদশা’য় অভিনয়ের চুক্তি করেন। বাবা যাদব পরিচালিত এই সিনেমাটিও অ্যাকশন ধারার।

পুরনো খবর:

ধরা দিলেন না জিৎ
‘বাদশা’র সেটে জিৎ
ফারিয়ার নায়ক এবার জিৎ