ধরা দিলেন না জিৎ
যৌথ প্রযোজনার সিনেমায় কাজ করার লক্ষ্যে পশ্চিমবঙ্গের তারকারা যতবারই বাংলাদেশে এসেছেন গণমাধ্যমকে সময় দিয়েছেন, গণমাধ্যমের সাহায্যে ভক্তদের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন, ভক্তরাও প্রিয় তারকার অনুভূতির কথা জানতে পেরেছে। কিন্তু জিৎ সে সুযোগ দিলেন না।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজের প্রযোজনায় 'বাদশা দ্য ডন' সিনেমায় কাজ করতে শনিবার ঢাকায় আসেন। বাবা যাদবের পরিচালনায় টানা পাঁচ দিন ঢাকার বেশ কয়েকটি স্থানে সিনেমার দৃশ্য ধারণ করা হয়। পুরোটা সময় গণমাধ্যমকে এড়িয়ে চলেছেন জিৎ। শুধু তাই নয়, তাকে ঘিরে ছিল নিরাত্তা বেষ্টনী। অবশেষে সবার নজর এড়িয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার উদ্দেশ্যে তিনি ঢাকা ছেড়েছেন বলে গ্লিটজকে নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার প্রধান র্নিবাহী আলিমুল্লাহ খোকন।
