২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শবনমের 'জন্মসাথী'দের জন্য প্রণমি

ধরুন, এই মুহূর্তে যদি প্রশ্ন করা হয়, কতো বয়স হলো আমাদের স্বাধীনতার? উত্তর দিতে পারবেন? কিছু না ভেবে? আমার বিশ্বাস, অনেকেই পারবেন না। পারবেন না, কারণ আমাদের প্রতিদিনকার জীবনে স্বাধীনতার উদযাপন নেই। কিন্তু ধরুন, একজন বীরাঙ্গনার কথা যদি বলি, যিনি প্রতিদিন নয়, প্রতি মুহূর্তে বয়ে বেড়ান তার ওপর দীর্ঘ নয় মাস ধরে চলা পাশবিকতার ভয়ঙ্কর স্মৃতি এবং তারপর গত ৪৩ বছর ধরে তার এই দানের বদলে নিগ্রহের চিহ্ন শরীরে ও মনে, তাহলে একবার চোখ বন্ধ করে ভেবে দেখুনতো, এই বীরাঙ্গনার জীবন বলতে আদৌ কোনো কিছু বোঝায় কি না?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>মাসুদা ভাট্টি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 10:07 AM

Updated : 11 Oct 2022, 08:00 PM

পুরনো খবর:

‘আর নয় যুদ্ধশিশু, ডাকা হোক বিজয়শিশু’

সত্যি কথা বলতে কি, আমি নিজেও প্রায়শই ভুলে যাই, স্বাধীনতার কথা, বঙ্গবন্ধুর কথা, মুক্তিযুদ্ধের কথা। আমার মতো যারা স্বাধীনতার পরে জন্মেছে, জন্মেই দেখেছে একটি স্বাধীন দেশ এবং যাদের বেড়ে ওঠা একটা চরম বিভ্রান্তির কালে তাদের কারো পক্ষেই স্বাধীনতা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এই শব্দগুলো আসলে বড় কোনো আলোড়ন তৈরি করে না; আর আমার পরবর্তী প্রজন্মের কথা না হয় বাদই দেয়া গেল। ব্যতিক্রম যে নেই, সেকথাই বা বলি কোন সাহসে? এই যে এত বড় গণ জাগরণ হলো ২০১২-১৩ সালে, তারা যে কেবলই স্বাধীনতা-প্রজন্ম, তাতো নয়, বরং এর বৃহদাংশই স্বাধীনতা পরবর্তী প্রজন্ম। কিন্তু আজ মুক্তিযুদ্ধের ৪৩ বছর পর ৪৪তম বছরে পা রাখার আগে নিজেকে যখন প্রশ্ন করি, আসলে আমরা কতোটুকু মনে রেখেছি তাদের, যারা আমাদের জন্য দেশ এনেছিলেন, স্বাধীনতা এনেছিলেন, জাতীয়তাবোধ এনেছিলেন তাদের? তখন যেটুকু বিবেকবোধ অবশিষ্ট আছে, সেটুকু বিবেকবোধ নিয়েই মাথাটা আপন ইচ্ছেতে ন্যুয়ে যায়, কারণ আমাদের এই মনে রাখাটা নিরবচ্ছিন্ন নয়। অথচ, তারা প্রাতঃস্মরণীয় এবং জীবিতদের জন্য আমাদের করণীয় রয়ে গেছে অনেক কিছুই। দুঃখজনক হলো, এই জীবিতদের জন্য আমাদের দায়বোধকে জাগ্রত করার কাজটিও কেউ করতে চায় না। আবারও ব্যতিক্রম যে নেই, তা নয়। এমনই একজন ব্যতিক্রমী মানুষ এবং তার নতুনতম সৃষ্টি সম্পর্কে জানাতে চাই; স্বাধীনতা দিবসকে সামনে রেখে এই মানুষটি ও তার কর্মকে আমার লেখায় উল্লেখ না করলে, নিজের বিবেকের কাছেই আমি খাঁটো হয়ে যেতাম। 

অনেকেই হয়তো তার নাম জানেন কিংবা কখনো টেলিভিশনের অনুষ্ঠান সঞ্চালনায় তার চেহারা দেখে থাকবেন অথবা এরও আগে দেশে যে কজন ডকুফিল্ম নির্মাতা রয়েছে তাদের মধ্যে তার নাম দেখে থাকবেন। কিন্তু ২২ মার্চ বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সে তাকে আমি নতুন করে চিনতে পেলাম। তিনি শবনম ফেরদৌসী। একাত্তর টেলিভিশনে কর্মরত আছেন, কিন্তু তার মূল পরিচয় তিনি ফিল্ম বানান। আমি এর আগে তার বানানো কোনো ফিল্ম দেখিনি। তার সঙ্গে ঘনিষ্টতার সূত্র ধরেই কাল গিয়েছিলাম তার বানানো ডকুফিল্মটি দেখতে। কিন্তু ফিল্ম দেখার পর এবংলিখতে বসে আমি নিশ্চিত হয়েছি যে, তাকে যদি আমি নাও চিনতাম, তার সঙ্গে যদি আমার ঘনিষ্ঠতার সম্পর্ক নাও থাকতো তাহলেও আমি এই লেখাটি লিখতাম। এ কারণে যে, তিনি যে চলচ্চিত্রটি বানিয়েছেন, তা আমার চেতনাকে নাড়া দিয়েছে, তা আমার বোধকে দিয়েছে একটি শক্তিশালী ধাক্কা। শুধু আমি নই, যারা কাল প্রেক্ষাগৃহে বসে চলচ্চিত্রটি দেখছিলেন, তাদের অনেককেই দেখেছি আবেগাপ্লুত হতে, চোখ থেকে অনেককেই দেখেছি নোনা জল ফেলতে এবং এগুলোর কোনোটাই যে ভান নয় সেটা আমি হলপ করে বলতে পারি। 

শবনমের বানানো চলচ্চিত্রটির নাম 'জন্মসাথী' বা 'বার্থ মেইট'। তিনি জন্মেছেন ১৯৭২ সালের সূচনালগ্নে, সদ্য স্বাধীন দেশে, ঢাকার হোলি ফ্যামিলি হাসপাতালে। তিনি যেদিন জন্মেছেন সেদিন হোলি ফ্যামিলি হাসপাতালে তারই সঙ্গে জন্মেছিল মোট তেরটি শিশু। শবনম জেনেছিলেন যে, এই তেরটি শিশুর মধ্যে তিন কি চারটি শিশু জন্মেছিল কোনো পিতৃপরিচয় ছাড়াই, কারণ তাদের মায়েরা একাত্তরে পাকিস্তানি সেনা বাহিনীর দ্বারা যৌন নিযর্াতনের শিকার হয়েছিলেন। তিনি বড় হয়েছিলেন একথা শুনতে শুনতে যে, তিনি আসলে 'ভিক্টরি চাইল্ড' বা বিজয়ী শিশু। কিন্তু তার সঙ্গে জন্মানো সেই তিন/চারটি শিশুর পরিচয় “ওয়ার বেবি” বা যুদ্ধশিশু। 

শবনম আমাদের বলেছেন যে, তার ভেতর প্রশ্ন জেগেছিল আসলে কেন একই দিনে একই হাসপাতালে জন্মানো দু’টি শিশুর পরিচয় দু’রকম হলো? বা হবে? এই প্রশ্ন থেকেই তিনি খুঁজতে বেরিয়েছিলেন তার জন্মসাথীদের, যারা সেদিন তার সঙ্গে জন্মেছিলেন একই হাসপাতালে। খুঁজতে খুঁজতে তিনি জানতে পারেন যে, সেই যুদ্ধশিশুদের কেউই আর এদেশে নেই, কিংবা থাকলেও তারা কোথায় আছে, কেমন আছে তার খোঁজ তাকে কেউ দিতে পারে না। অদ্ভূত না ব্যাপারটা? শবনম বা তার সঙ্গে জন্মানো ১৩টি শিশুর মধ্যে নয়/দশ জন বিজয়ী-শিশু হিসেবে এই দেশে বেড়ে উঠে এখন তারই মতো সমাজে প্রতিষ্ঠিত কিন্তু তার সঙ্গে জন্মানো বাকি ৩/৪টি শিশুর কোনো হদিস নেই। মানুষ মারা গেলে তার নথি থাকবে, হারিয়ে গেলেও রাষ্ট্রের কাছে থাকবে তার রিপোর্ট কিন্তু এই রাষ্ট্রের কাছে সেই শিশুগুলোর কোনো নাম-নিশানা নেই। কোথায় গেলো? 

যেখানেই যান শবনম সেখানেই শুনতে পান যে, তাদের জানা নেই এই শিশুদের কী হয়েছে। আমরা জানি যে, সেই সময় যুদ্ধশিশুদের এদেশের সমাজ-বাস্তবতায় এখানে রেখে দেওয়ায় সমস্যা ছিল, কেউ দায় বা দায়িত্ব নেওয়ারও ছিল না, তাই তাদের অনেককেই বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে যাদের কারো কারো পরিচয় আমরা জানতে পারি, শবনমের ছবিতেও রয়েছে তেমনই একজন যুদ্ধশিশুর কথা, যার নাম মনোয়ারা ক্লার্ক। এই লেখকের সঙ্গেও পোল্যান্ডে, নেদারল্যান্ডে, ইংল্যান্ডে থাকা কয়েকজন যুদ্ধশিশুর পরিচয় আছে। কিন্তু শবনমের মতো আমরা কেউ সাহসী হয়ে তাদের খুঁজতে বের হইনি, প্রশ্ন তুলিনি রাষ্ট্রের অগ্রাহ্যতার ইতিহাস নিয়ে। 

খুঁজতে চাইলে যে জন্মসাথীদের কাউকে না কাউকে ঠিক পাওয়া যায় তার প্রমাণ পাওয়া যায় শবনমের এই ফিল্মে। তিনি ঠাকুরগাঁয় এক 'বীরাঙ্গনা' নারীর সন্ধান পান। স্থানীয় এক সাংবাদিককে সঙ্গে করে শবনম গিয়ে খুঁজে পান তার জন্মসাথীকে এবং সেই সঙ্গে এমন একজন মা’কে, যাকে একাত্তর সালে পাকিস্তানীরা তাদের ক্যাম্পে নিয়ে গিয়ে রেখেছিল, চালিয়েছিল তার ওপর অকথ্য নির্যাতন। নাম তার তেপরি বর্মণ। এলাকারই এক বাঙালি সন্তান বলেছিল যে, তেপরিকে পাকিস্তানীদের হাতে তুলে দিতে, নাহলে পরিবারের সবাইকে হত্যা করা হবে। তেপরির শরীরের বিনিময়ে বেঁচেছিল পরিবারের সকলের প্রাণ। যুদ্ধ শেষে তেপরি ফিরে এসেছিলেন এবং সঙ্গে নিয়ে এসেছিলেন পাকিস্তানীদের পুঁতে দেয়া বীজ। 

আমরা আজ একথা সকলেই জানি যে, পাকিস্তানীরা এ মাটিতে কেবল তাদের দখল কায়েম রাখতে চেয়েছিল। বাঙালি পুরুষদেরকে হত্যা করে এই পোড়া মাটিতে বাঙালি নারীর গর্ভে তাদের “উৎকৃষ্ট”(?) উত্তরাধিকার রেখে যেতে চেয়েছিল। অবৈধ সন্তান বলে আমাদের সমাজ ব্যবস্থা যাকে পরিত্যাগ করে বা মেরে ফেলতে চায়, তা যে কারো না কারো সন্তান সেকথা আজও কি কাউকে বোঝানো গেছে? যায়নি। কিন্তু ১৯৭২ সালের বৈশাখ মাসে তেপরি বর্মণের গর্ভে সুধীর নামে যে ছেলেটি এই পৃথিবীতে এসেছিল তার কিন্তু জানাও ছিল না যে, সে পাঞ্জাবী সৈন্যের সন্তান, এবং অবশ্যই এদেশে অনাকাঙ্ক্ষিত। যদিও সেই অনাকাঙ্ক্ষায় সুধীরের দোষ ও দায় কিসে? এ প্রশ্ন আমরা কেউই নিজেকে করিনি, এমনকি রাষ্ট্রও করেনি নিজেকে। ৭৫-এর পর থেকে তো রাষ্ট্র ওইসব পাকিস্তানী ধর্ষক বা তাদের সমর্থকদের দখলেই চলে গিয়েছিল, একার্থে। সকলেই সুধীরকে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু ছেলেটির নানা বলেছিল, “না ওকে মারবো কেন? আমি মারা গেলে এই ছেলেই তেপরিকে খাওয়াবে-পরাবে, ওকে বাঁচিয়ে রাখ”। কিন্তু ছেলেটির বড় হয়ে ওঠা কি খুব সহজ ছিল? কি মনে হয় আপনার? আপনিই ভাবুনতো একবার, উঠতে-বসতে, ঘরে-বাইরে, হাটে-মাঠে, স্কুলে-মাদ্রাসায় কোথাও কি এই ছেলেটির বেড়ে ওঠা সহজ ছিল? মোটেও ছিল না। কিন্তু জীবন বড় ত্যাড়া, ৪৩ বছর কাটিয়ে দিয়েছে সুধীর এই স্বাধীন বাংলাদেশে, লাত্থি-গুতো খেতে খেতে আর শুনতে শুনতে যে, সে পাঞ্জাবী সেনাদের জারজ সন্তান আর তা মা একটা “বেশ্যা”। 

শবনম আরো একজন জন্মসাথী নারীকে পেয়ে যান হবিগঞ্জের চুনারুঘাট এলাকায়। যার সঙ্গে তার নিজ বাড়িতে কথাও বলতে পারেন শবনম, কারণ তাতে মেয়েটির অসুবিধে হতে পারে। আসলে মেয়েটির কোনো বাড়িও নেই। নাম ওর শামসুন্নাহার। একাত্তরে ধর্ষণের শিকার শামসুন্নাহারের মা ওকে ১৯৭২ সালের মাঝামাঝি কোনো একদিন জন্ম দিয়েছিলেন। তারপর ওকে মায়ের বাড়ি রেখে তাকে অন্যত্র চলে যেতে হয় কারণ যার সঙ্গে তার বিয়ে হয়েছিল সে চায়নি এই “জারজ” সন্তানকে। মায়ের স্নেহবঞ্চিত শামসুন্নাহারকে কথায়, বার্তায় অসংলগ্ন মনে হয়। কারণ, ওর জীবন থেকে শৈশব, কৈশোর, যৌবন সবকিছু কেড়ে নিয়ে গেছে ওর জন্মপরিচয়হীনতা। 

শামসুন্নাহার এবং সুধীর “যুদ্ধশিশু” আর শবনম যেহেতু “বিজয়ী-শিশু” সেহেতু শবনমের জীবনের সঙ্গে ওদের জীবনের বিস্তর ফারাক। এই ফারাক আমরা দেখতে পাই কানাডায় বড় হওয়া মনোয়ারা ক্লার্কের জীবনেও, কারণ ওর কানাডিয়ান স্বামী তার কাছ থেকে ওর সন্তানকে কেড়ে নিয়েছে, সন্তানের জন্য মামলা লড়তে হচ্ছে মনোয়ারাকে, মনোয়ারা মনে করেন যে, এর কারণ, ওই স্বামীপ্রবরটি জানে যে, মনোয়ারার আসলে কেউ নেই। সুধীর, শামসুন্নাহার বা মনোয়ারাদের আসলেই কেউ নেই—  রাষ্ট্র নেই, সমাজ নেই, ভাই নেই, বোন নেই, মা নেই, বাবা নেই, বন্ধুও নেই। শবনমের বানানো সিনেমাটি আমাদেরকে এই “নেই-ওয়ালাদের” সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আমরা কাঁদি, আবেগমথিত হই, আমাদের শরীর-মন কুঁকড়ে বেদনা জাগ্রত হয়। 

শবনমের সিনেমাটি দেখতে দেখতে আমি ভাবি অন্য একটি কথা। এই শিশুরা, যাদেরকে আমরা “যুদ্ধশিশু” খেতাব দিয়েছি, তাদের কেউ কেউ যে ৪৩ বছর পরেও টিকে আছেন এদেশে, তাতো শবনমের সিনেমাই বলে দিচ্ছে। আজকে তাদেরও সন্তানাদি হয়েছে, যেমন হয়েছে সুধীরের। একটি কন্যা, নাম জনতা বর্মণ। শবনম যখন তাকে প্রশ্ন করেন, যদি আরেকটি যুদ্ধ লাগে, তাহলে সে কী করবে? জনতা অকপট বলে, “কেন দাদুর মতো আমিও যুদ্ধ করবো?”। 

জনতার গলার স্বর আমাদের বলে দেয়, এই চাওয়ায় কোনো ভান নেই। জনতা ওর দাদুকে কেবল একাত্তরের একজন বীরাঙ্গনা হিসেবে দেখে না, দেখে আর দশজন মুক্তিযোদ্ধার মতোই একজন যোদ্ধা হিসেবে। আমার মনে হয়, বীরাঙ্গনা তেপরি বর্মণের নাতনি, পিতৃ পরিচয়হীন সুধীরের কন্যা জনতা তার স্বল্পজ্ঞানে যে উপলব্ধি ধারণ করে, এই রাষ্ট্র, এই রাষ্ট্রের শিক্ষিত জনগোষ্ঠী এই উপলব্ধির ধার দিয়েও হাঁটে না। এখানেই শবনমের চলচ্চিত্রের বক্তব্য স্পষ্ট হয়ে যায়, শুরুতেই শবনম যে প্রশ্ন তুলেছিলেন, তার উত্তরও আমাদের জানা হয়ে যায়।

দুঃখজনক সত্যি হলো, ৪৩ বছর ধরেও আমরা সে প্রশ্নের সঠিক ও সর্বজনগ্রাহ্য কোনো উত্তর বের করতে পারিনি। হতাশার কথা আমি বলতে চাইনে কখনও, কিন্তু হতাশাই যে নির্মম বাস্তব হয়ে ওঠে, সে বাস্তবতাই বা এড়াই কী করে?