উৎসব আর ঐতিহ্যে বসন্তবরণ
শুষ্ক শীতকে বিদায় জানিয়ে বসন্ত এসেছে মাসখানেক আগেই। একটু দেরি করে হলেও বসন্তবরণের আসর বসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটি এবারই প্রথম বসন্ত উৎসবের আয়োজন করলো।
সকাল দশটায় শুরু হয়ে প্রায় রাত সোয়া দশটা পর্যন্ত চলা এই উৎসবে বাসন্তী সাজে যোগ দিয়েছেন অনেকেই। নাগরিক কোলাহলের মাঝে গ্রামীণ ঐতিহ্য আর লোকজ সংস্কৃতির ছোঁয়া খুঁজে নিতে চেয়েছেন।
উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যব্যক্তিত্ব আলী যাকের, বসুন্ধরা গ্রুপের প্রধান ব্র্যান্ড কর্মকর্তা সলিমউল্লাহ সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটির (ডিইউসিএস) সভাপতি ওয়াসেক সাজ্জাদ ও সাধারণ সম্পাদক আহসান রনি।
"ঢাকা বিশ্ববিদ্যালয় বাঙালি কৃষ্টির প্রতিনিধিত্ব সব সময়ই করে আসছে। এরকম আয়োজনের কথা ভাবা হয়েছে এই দীর্ঘ সময়ের চর্চাকৃত সংস্কৃতির একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যেখানে মূল কেন্দ্রবিন্দুতে থাকবে আমাদের দেশীয় সংস্কৃতি।"
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের প্রতিভার বিকাশের জন্য এই উৎসবটি একটি অসাধারণ মাধ্যম হয়ে উঠবে বলেই ধারণা করছেন সাধারণ সম্পাদক রনি।
চৈত্রের খরতাপ সত্ত্বেও সকাল থেকে ক্রমশ বেড়েছে উৎসব দেখতে আসা মানুষের।ডিইউসিএস সভাপতি ওয়াসেক সাজ্জাদ জানান ভবিষ্যতে উৎসবের পরিধি আরো বাড়ানোর ইচ্ছা তাদের রয়েছে।
সকাল দশটায় উদ্বোধনী ঘোষণা হলেও মূল উৎসবের পর্দা উঠেছে দুপুর তিনটায়। ডিইউসিএস সদস্য, যারা বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগে পড়াশোনা করছেন, নানা পরিবেশনায় দর্শক মাতিয়েছেন।
উৎসব প্রাঙ্গনের এক পাশে বসেছিল মেলা। নাগরদোলা থেকে শুরু করে বানর নাচ, ভাগ্য লিখন, বায়োস্কোপের মতো নানা আয়োজনে মেতে উঠেছিলেন দর্শনার্থীরা। আর নানা ধরনের খাবারের পসরা তো ছিলই।
মূল মঞ্চ তখন মুখরিত হচ্ছে জারি, সারি, ভাটিয়ালি, লালনগীতির সমবেত কণ্ঠের পরিবেশনায়। 'আল্লা মেঘ দে', 'নাও ছাড়িয়া দে', 'বসন্ত বাতাসে', 'গ্রামের নওজোয়ান'- এর মত গানগুলোতে উপস্থিত দর্শকরাও কণ্ঠ মিলিয়েছেন।
এরপর বসেছিল পুঁথি পাঠের আসর। পাঠ করা হয় জরিনা বিবির উপাখ্যান। থিয়েটার অ্যান্ড পারফর্ম্যান্স স্টাডিজের উপস্থাপনায় পরিবেশিত হয় পল্লীকবি জসিমউদ্দীনের 'নকশী কাঁথার মাঠ' এর নাট্যা সংস্করণ।
এরপরই মঞ্চে ওঠেন লোকসংগীতশিল্পী কিরণ চন্দ্র রায়। 'আয় দেখে যা জগতবাসী' এবং 'ভালো আছি ভালো থেকো' গেয়ে তিনি মাতিয়ে দেন সবাইকে।
তবে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল 'জলের গান'। তুমুল করতালিতে তাদের মঞ্চে আমন্ত্রণ জানান দর্শকরা। শুরু হলো 'পাখির গান'। পুরনো গানগুলোর পাশাপাশি নতুন গান 'শীতল পাটি'র সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিল দলটি। 'বকুল ফুল' আর 'পাতার গান'- এ সবাইকে বসন্তের আমেজে ডুবিয়ে নিজেদের পারফর্ম্যান্স শেষ করে 'জলের গান'।
সাড়ে নটা বাজতেই মঞ্চে 'বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস'। সবার মনের ইচ্ছা পূরণ করেছেন সব পছন্দের গান গেয়ে। 'বাজি', পরী', 'সূর্যস্নানে চল' আর 'স্বপ্নের বিবর্তন'-এ সবাইকে মাতিয়ে বিদায় নেয় ব্যান্ডটি। একই সাথে পর্দা নামে বসন্তবরণের মহাসমারোহের।
