সাংবাদিকদের ধমকালেন ক্যাট
একেই বলে খ্যাতির বিড়ম্বনা! পাপারাজ্জিদের জ্বালায় অতিষ্ঠ হয়ে এবার তাদের ধমক দিয়ে বসেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
রানবির কাপুরের সঙ্গে বিচ্ছেদের ক্ষত এখনও তাজা, তার ওপর সারাক্ষণ তার পিছু পিছু ঘুরছেন চিত্র সাংবাদিকরা, মেজাজ তো খারাপ হবেই! একা হবার পর এখন নতুন ঠিকানা খুঁজে নিতে হচ্ছে ক্যাটকে। বাসা খুঁজতে গিয়েই ঘটেছে এই ঘটনা।
স্পটবয় বলছে, ৬ মার্চ সন্ধ্যায় বাড়ি খোঁজার কাজে বেরিয়েছিলেন ক্যাট এবং তার ব্যবস্থাপক রেশমা শেঠি। ব্যান্ড্রার যেই বাড়িতে রানবিরের সঙ্গে উঠেছিলেন ক্যাট, সেই বাড়ি ছেড়ে ইতোমধ্যেই নিজের ঠিকানা খুঁজে নিয়েছেন রানবির কিন্তু কাজের ব্যস্ততায় এখনও সময় হয়নি ক্যাটের।
কাজের ব্যস্ততার ফাঁকে কিছুটা সময় বের করে সন্ধ্যায় বের হয়েছিলেন বাড়ি খুঁজতে। এ সময় তাদের পিছু নেন দুই চিত্র সাংবাদিক। একের পর এক ছবি তোলার কারণে আগে থেকেই বিরক্ত হচ্ছিলেন ক্যাট, শেষমেশ নিজের মেজাজ ধরে রাখতে পারলেন না এই অভিনেত্রী।
হঠাৎ করেই গাড়ি থেকে নেমে দুই সাংবাদিকের দিকে এগিয়ে এসে ক্যাট বলেন, "আপনারা আমার পিছু নিয়েছেন কেন? এরপর যদি এমন করেন, তাহলে আমি পুলিশের কাছে অভিযোগ করবো।"
এরপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়িতে উঠে পড়েন। ড্রাইভারকে ধমক দিয়ে বলেন, "জলদি চলো!"
