জয় বাংলা কনসার্ট শুরুর সময় পেছালো
ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির কারণে জয় বাংলা কনসার্টের সময় পেছানো হয়েছে।
সোমবার আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্টে অংশ নেওয়ার কথা ওয়ারফেইজ, ক্রিপটিক ফেইট, শিরোনামহীন, লালন, নেমেসিস, শূন্য এবং আরবোভাইরাসের।
আয়োজক প্রতিষ্ঠান সিআরআই-এর প্রতিনিধি গ্লিটজকে জানান, বিকাল ৩টা ২৫মিনিটের পরিবর্তে বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হবে। আর্মি স্টেডিয়ামের গেইট খোলা হবে দুপুর ১টা ৩০ মিনিটের পরিবের্তে ৩টায়।
সিআরআই-এর পলিসি এনালিস্ট ব্যারিস্টার শাহ আলী ফরহাদ রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আর্মি স্টেডিয়ামে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। আকস্মিক ঝড়-বৃষ্টিতে আয়োজনের প্রস্তুতিতে বেশ ক্ষতি হয়েছে।
“সেসব ঠিক-ঠাক করে ভালোমতো কনসার্ট শুরু করার জন্যই সময় পেছানো হয়েছে।”
রোববার বিকালে থেকে আর্মি স্টেডিয়ামে শুরু হয় শেষ প্রস্তুতির শেষ ছোঁয়া দেওয়ার পালা। কিন্তু সন্ধ্যা সোয়া ছয়টার দিকে হঠাৎ করেই প্রচণ্ড দমকা বাতাসের সঙ্গে ধুলিঝড় ওঠে। এর পরপরই এক পশলা বৃষ্টির দেখাও মেলে।
ঝড়-বৃষ্টির জন্য তেমন বড় ক্ষতি না হলেও প্রস্তুতি পর্বের অনেকটা সময় নষ্ট হয়েছে। এর প্রভাব শুধু সময় পেছানোর মাধ্যমেই কাটিয়ে তোলা যাবে বলে আশাবাদ আয়োজকদের।
