২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় বাংলা কনসার্ট: মিলবে রঙিন ৭ই মার্চের ভাষণের দেখা

৭ মার্চ আবার বসবে জয় বাংলা কনসার্টের আসর। আর বিশেষ এ আয়োজনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের রঙিন সংস্করণ তৈরি করা হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 03:48 PM

Updated : 11 Oct 2022, 07:53 PM

পুরনো খবর:

আবার জয় বাংলা কনসার্ট 

জয়বাংলা কনসার্ট আয়োজক সেন্টার ফর রিসার্ট অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তরফ থেকে জানানো হয়েছে, ৭ই মার্চের ভাষণের ভিডিও ও স্থিরচিত্র ভারত থেকে রঙিন করিয়ে আনা হয়েছে। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কনসার্টে সেগুলো প্রদর্শিত হবে।

ব্যান্ডগুলোর পরিবেশনার ফাঁকে মঞ্চের সঙ্গে স্থাপিত বিশাল পর্দায় দেখানো হবে ভাষণের এই বিশেষ সংস্করণ।ভাষণ প্রচারের আগে একদল শিল্পীর পরিবেশনায় ঘোষিত হবে ভাষণ প্রদর্শনীর বার্তা। সিআরআই নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রর্দশিত হবে কনসার্টে।

এবারের আয়োজনে অংশ নিচ্ছে সাতটি ব্যান্ড। অংশ নেয়া ব্যান্ডগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো ওয়ারফেজ ব্যান্ডের ড্রামার টিপু জানান, তারা বিটলস তারকা জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’ গানটি পরিবেশন করবেন। ওয়ারফেজ ছাড়াও গানটিতে কণ্ঠ মেলাবেন কনসার্টে অংশ নেওয়া অন্য ব্যান্ডের শিল্পীরা।

Image
প্রথম জয় বাংলা কনসার্টে ওয়ারফেজের পরিবেশনা। ছবি: ফাইল ফটো

প্রথম জয় বাংলা কনসার্টে ওয়ারফেজের পরিবেশনা। ছবি: ফাইল ফটো

ওয়ারফেজের আরো গাইবে ‘ধূসর মানচিত্র’ গানটি। ব্যান্ডের চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘অসামজিক’-এর এই গানটির এক পর্যায়ে কমলের গিটারে বেজে ওঠে ‘একুশের গান’-এর সুর। বহু কনসার্টেই এই গানটি তারা গেয়েছেন। এবারের কনসার্টে কেবল গিটারের তারে নয়, শিল্পীদের গলায়ও শোনা যাবে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটির কয়েক কলি।

এই সময়ের নবীন অথচ মঞ্চে দাপুটে ব্যান্ডের নাম আরবোভাইরাস। কখনো তারা মঞ্চে গিটার ভেঙে আলোচনার জন্ম দেন, কখনো ক্রাউড সার্ফিং-এর মাধ্যমে সৃষ্টি করেন উন্মাদনা। তাদের কনসার্ট মানেই চমক।

ব্যান্ডটির ড্রামার নাফিজ জানান, এবারের চমক আগেই ফাঁস করতে চান না। তবে চমক থাকছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই।

পরিবেশনার জন্য নির্ধারিত যে সময় পেয়েছে ব্যান্ডটি তাতে ছটির মতো গান শোনাতে পারে। নাফিজ বলেন, "‘আমরা করবো জয়’ আগেরবার করেছিলাম, এবারও করবো। সঙ্গে শোনাবো ‘এক সাগর রক্তের বিনিময়ে’। এই দুটির সঙ্গে প্রস্তুতি থাকবে নিজেদের অন্তত চারটি জনপ্রিয় গান শোনানোর।"

Image
প্রথম জয় বাংলা কনসার্টে আর্বোভাইরাসের পরিবেশনা। ছবি: ফাইল ফটো

প্রথম জয় বাংলা কনসার্টে আর্বোভাইরাসের পরিবেশনা। ছবি: ফাইল ফটো

জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে কনসার্ট শুরু হবে বিকাল ৩টায়। তবে আর্মি স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে দুপুর ২টায়।

যাতায়াতের জন্য বাস সেবা দেয়ার উদ্যোগ নিয়েছে আয়োজক ইয়াংবাংলা। শহরের মোট সাতটি পয়েন্ট থেকে বিআরটিসির দ্বিতল বাস কনসার্টে আগতদের তুলে নেবে এবং পৌঁছে দেবে।

দুপুর ১টায় পাবলিক লাইব্রেরি (শাহবাগ), নটরডেম কলেজ (মতিঝিল), মৌচাক মোড়, মিরপুর-১০ নম্বর গোল চত্ত্বর, দেড়টায় সিটি কলেজ (সায়েন্স ল্যাব) ও টঙ্গী স্টেশন রোড এবং দুপুর ২টায় মোহম্মদপুর (টাউন হল) থেকে এসব বাস গন্তব্যের উদ্দেশ্যে ছাড়বে।

আগের মতোই এবারও সবার জন্যই কনসার্ট উন্মুক্ত। তবে এর জন্য অনলাইনের এই (http://goo.gl/LRQZ3d) ঠিকানায় নিবন্ধন করতে হবে, যার শেষ দিন আজ।

এবারের আয়োজনে অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

দ্বিতীয়বারের আয়োজনে অংশ নিচ্ছে ওয়ারফেইজ, ক্রিপটিক ফেইট, শিরোনামহীন, লালন, নেমেসিস, শুন্য এবং আরবোভাইরাস।

গত বছরের দারুণ সফল একটি আয়োজন ছিল এই কনসার্ট। গান শুনতে আর্মি স্টেডিয়ামে তারুণ্যের ঢল নামে সেবার। অংশ নেয় ওয়ারফেইজ, আর্টসেল, ক্রিপটিক ফেইট, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস, শিরোনামহীন, নেমেসিস, আর্বোভাইরাস।