আমালকে মৃত্যুহুমকি, নিরাপত্তা বাড়ালেন ক্লুনি
মার্কিন অভিনেতা জর্জ ক্লুনি ও আইনজীবী আমাল আলামুদ্দিন ক্লুনির বাড়ি ঘিরে এখন নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। দেহরক্ষী ছাড়া কোথাও যাওয়ার কথা চিন্তাও করছেন না ক্লুনি এবং তার স্ত্রী। কারণ আমালের প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে ক্রমাগত।
দক্ষিন ইংল্যান্ডের বার্কশায়ারে অবস্থিত এক কোটি সাত লাখ মার্কিন ডলার মূল্যের তার বিলাসবহুল বাড়িতেও তাই নিরাপদ বোধ করছেন না এই জুটি।
যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী আমাল মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদের মামলায় সম্পৃক্ত। বর্তমানে কারাবন্দি এই সাবেক রাষ্ট্রপ্রধানের মামলায় সংশ্লিষ্টতার কারণেই ৩৮ বছর বয়সী এই আইনজীবীকে হুমকি দেয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ক্লুনি এবং তার স্ত্রী নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়িতে খুঁটির সঙ্গে আটটি এবং মাটিতে দশটি নিরাপত্তা ক্যামেরা স্থাপনের অনুমতির জন্য আবেদন করেছেন। প্রতিবেশীদের নিরাপত্তায় হস্তক্ষেপ হতে পারে এই কারণ দেখিয়ে তাদের এই আবেদন অগ্রাহ্য করা হয়েছে। যদিও বিকল্প ব্যবস্থার কথা ভাবা হচ্ছে।
