'ভারতীয় দর্শক প্রগতিশীল নয়'
ভারতের চলচ্চিত্র অনেক এগিয়ে গেলেও হিন্দি সিরিয়াল যেন আরো পিছিয়ে গেছে। চটকদার সাজ এবং অবাস্তব গল্পে ভরপুর হিন্দি সিরিয়ালগুলো দর্শক টানছে বরাবরের মতোই। হিন্দি সিরিয়ালের সম্রাজ্ঞী উপাধি পাওয়া একতা কাপুরের ভাষ্যে, ছোট পর্দার দর্শকের রুচিই এমন।
ভারতীয় টিভিতে এ সময়ের সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল ‘নাগিন’। কল্পকাহিনিভিত্তিক এই সিরিয়ালের গাঁজাখুরি গল্প নিয়ে বিতর্ক চলছে অনেক দিন ধরেই। টিআরপির শীর্ষে থাকা এই সিরিয়ালের স্রষ্টা একতা কাপুর বলছেন, অবাস্তব গল্পের প্রতিই দর্শক বেশি আগ্রহী।
একতা বলেন, "আমি ‘প্যায়ার কো হো জানে দো’র মতো বাস্তবসম্মত সিরিয়াল নির্মাণের চেষ্টা করেছি, যেখানে দুটি ভিন্ন দেশের মানুষ একে অপরের প্রেমে পড়ে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, এটি দর্শকপ্রিয়তা পায়নি। এরপর আমি ‘নাগিন’ নির্মাণ করি, যেখানে ভারতীয় লোককথার উপকরণ সমৃদ্ধ গল্প বলা হয়েছে। আর এই সিরিয়ালটি দর্শক খুবই পছন্দ করেছে।"
বালাজি টেলিফিল্মসের এই কর্ণধারের ভাষ্যে, ছোট পর্দার দর্শকরা এখনও প্রগতিশীল হিন্দি সিরিয়ালের জন্য প্রস্তুত নয়।
ভারতীয় দৈনিক মিড-ডেকে দেয়া এই সাক্ষাৎকারে একতা আরও বলেন, "উদাহরণ স্বরূপ বলা যায় ‘আজিব দাস্তা হ্যায় ইয়ে’ সিরিয়ালটির কথা। বিশ্বাস করবেন না, এরকম একটা গল্পের শো দর্শক একেবারেই পছন্দ করেনি। স্বামীর অত্যাচারে জর্জরিত এক নারীর বিচ্ছেদের পর সামনে এগিয়ে যাওয়ার গল্প দেখতে চায় না দর্শক, তারা চায় মেয়েটি অত্যাচার সহ্য করে হলেও স্বামীর কাছে থাকুক!"
একতার মতে, ভারতের ছোট পর্দায় প্রচারিত অনুষ্ঠানের ধরনে পরিবর্তন আনা সম্ভব তখনই, যখন বদলাবে দর্শকের রুচি।
