সাধের অস্কার হারাতে চলেছিলেন লিও!
কোনো কিছু পাওয়ার পর যে তার কদর কমে যায় - তাই নতুন করে প্রমাণ করেছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। যে অস্কারের জন্য বিশ্বজুড়ে তার ভক্তরা প্রার্থনা করেছেন, সেই সাধের অস্কার হারিয়েই ফেলছিলেন একটু হলে। আর এ ঘটনা ঘটেছে তার অস্কারপ্রাপ্তির রাতেই।
অস্কারের আসর থেকে এক ইতালীয় রেস্তোরাঁয় খেতে যান লিও। পশ্চিম হলিউডের সেই রেস্তোরাঁ থেকে ফেরার সময় অস্কারের ট্রফিটি ওখানেই ফেলে চলে যাচ্ছিলেন তিনি।
‘আগো’ নামের সেই রেস্তোরাঁর সিসি ক্যামেরায় ফুটে উঠেছে পুরো গল্প। দেখা যায়, ফেরার পথে একটি মদের বোতল হাতে গাড়ির দিকে এগিয়ে যান লিও, কিন্তু অস্কারের ট্রফিটি থেকে যায় তার খাবার টেবিলেই। তিনি গাড়িতে ওঠার ঠিক আগ মুহূর্তে রেস্তোরাঁর এক কর্মী তার দিকে ছুটে যান অস্কারের ট্রফি হাতে।
অবশ্য প্রত্যক্ষদর্শী জানায়, ফিরিয়ে দেয়া ট্রফিটির ব্যাপারে তেমন আগ্রহ দেখা যায়নি লিওর। রেস্তোরাঁর কর্মীটি অস্কার লিওর হাতে তুলে দেয়ার সময় তাকে জিজ্ঞেস করেন, "তুমি কি এটা তোমার সঙ্গে বাড়িতে নিয়ে যাবে?"
তখন খুব শান্তভাবে লিও উত্তর দেন, "এটি ড্যানকে দিয়ে দাও, ঐ যে সে ওখানে বসে আছে।"
গত বছর সেরা অভিনেত্রীর অস্কার পাওয়ার পর বিছানায় ট্রফি নিয়ে ঘুমিয়েছেন কেট ব্ল্যানচেট, অথচ যাকে অস্কার দেয়ার জন্য পুরো বিশ্বজুড়ে প্রচার চলেছে তারই এর প্রতি কোনো আকর্ষণ নেই!
অস্কারের আসর শেষ হবার পর বাকি তারকাদের মতো ভ্যানিটি ফেয়ারের আফটার পাটর্িতে অংশ নিয়েছিলেন লিও। কিন্তু ওখানে বাড়তি নিরাপত্তার কারণে প্রবেশাধিকার ছিল সংরক্ষিত, ফলে যেতে পারেননি তার অনেক বন্ধু। তাই পাশের রেস্তোরাঁয় গিয়ে নিজের বন্ধুদের সঙ্গে বিশেষ মুহূর্তটি উদযাপন করেন লিও।
প্রথম মনোনয়ন পাওয়ার ২৩ বছর পর ষষ্ঠ মনোনয়ন লিওকে অস্কার এনে দেয় ‘দ্য রেভনেন্ট’-এ অভিনয়ের জন্য। তার অস্কার জেতার মুহূর্তটি নিয়ে রেকর্ড সংখ্যক টুইট করা হয়েছে।
