এবার ‘বৃহন্নলা’র গান নিয়ে বিতর্ক!
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির ঘোষণার পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’ সিনেমাটির। এবার ‘বৃহন্নলা’ সিনেমার ‘প্রিয় তোর কিসের অভিমান’ গানটির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। সিনেমায় ব্যবহৃত এই গানের কথা ও কন্ঠ দিয়েছেন দেবলীনা সুর। আর সঙ্গীতায়োজনে ছিলেন ইমন সাহা।
এ ব্যাপারে গ্লিটজকে ইমন সাহা বললেন, “এই গানের টিউনটা অনেক পুরনো একটা টিউন। বেগম আক্তার থেকে শুরু করে মেহেদি হাসান পর্যন্ত অনেক ক্লাসিকাল শিল্পী ‘বালমা তুম ক্যায়া জানো’ গানটি গেয়েছেন। এটা হলো অরিজিনাল। এই লিরিকের উপরে এই সুরটা খুব প্রচলিত। কিন্তু সুরের উপর অনেক লিরিকেই এই বন্দিশটা গাওয়া হয়েছে। এই গানটি ত্রিশ, চল্লিশ, পঞ্চাশের দশকে গাওয়া হতো। পরবর্তীতে মেহেদি হাসান ‘বালমা তুম ক্যায়া জানো’ বন্দিশটা গজল আকারে করেছিলেন।”
এই সুরটি কোনো ভাবেই চুরি করা হয়নি বলে দাবী করলেন ইমন। তিনি বললেন,“ আমি তো কখনোই দাবী করি নাই এটা আমরা করা সুর। তাহলে কেন আমাকে এমন অপবাদ দেয়া হচ্ছে। আমি তো বলেই দিয়েছি এটা প্রচলিত সুর। যারা বলছেন আমি চুরি করেছি এটা খুবই দুঃখজনক ।”
