সমকামিতা যখন অপরাধ: ‘আলিগড়' নিষিদ্ধ আলিগড়ে
সমালোচক মহলে প্রশংসিত হলেও 'আলিগড়' সিনেমাটির প্রদর্শনী নিয়ে ঝামেলা পোহাতে হচ্ছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা হানসাল মেহরাকে। আলিগড় শহরেই প্রায় বন্ধ হয়ে গেছে সিনেমাটির প্রদর্শনী। মিল্লাত বেদারি মুহিম কমিটি নামে একটি সংগঠন বলছে সিনেমাটি যাতে কোনো মতেই দেখানো না হয় সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছেন তারা।
আলিগড় বিশ্ববিদ্যালয় সমকামী শিক্ষক অধ্যক্ষ রামচন্দ্র সিরাসের জীবনীনির্ভর এই সিনেমাটিকে আলিগড় শহরের কৃষ্টি ও সংস্কৃতির ওপর আঘাত বলেই মনে করছেন তারা। মিল্লাত বেদারি মুহিমের সম্পাদক জসিম মুহাম্মদ বলেন, "সিনেমাটি আনুষ্ঠানিকভাবে হয়তো নিষিদ্ধ হয়নি কিন্তু আমাদের সংগঠনটি এটা নিশ্চিত করেছে যেন এটি এই শহরের কোনো প্রেক্ষাগৃহে প্রদর্শিত না হয়। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আমরা এক সপ্তাহ আগেও বিক্ষোভ করেছি। স্টারওয়ার্ল্ড সিনেমাস, বিগ সিনেমাস ভাদ্রা, আকশারা এবং মিনাক্ষি- এই চারটি হলে সিনেমাটি প্রদর্শিত হবার কথা ছিল, তবে আমাদের প্রতিবাদে সেটি আর হয়নি।"
শহরের হিন্দু এবং মুসলমানরা সিনেমাটির বিরোধিতাকারী সংগঠনটিকে সমর্থন করছে বলেও জানান তিনি। এদিকে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক অসিম সিদ্দিকির বললেন, "সিনেমাটি স্টারওয়ার্ল্ড সিনেমাসে শুক্রবার দেখানো হয়েছে ঠিকই, কিন্তু পরদিনই সিনেমাটির প্রদর্শনী বন্ধ করে দেয়া হয়। দর্শক উপস্থিতি কম হলেও আমি শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার শোতে সিনেমাটি দেখি। কিন্তু আজ কিছু মানুষ আমাকে ফোন করে জানায় সিনেমাটি প্রেক্ষাগৃহে আর চলছে না"।
এদিকে সিনেমার নামকরণ এবং সিনেমার বিষয়বস্তুর 'অপ্রাসঙ্গিকতা' প্রমাণ করার চেষ্টায় ভারতের তথ্য ও প্রচারণা মন্ত্রনালয়ের কাছে চিঠিও পাঠিয়েছে সংগঠনটি। চিঠিতে বলা হয়েছে, “আলিগড় পুরো বিশ্বে বিখ্যাত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কারণে...আলিগড়ের সংস্কৃতি এবং ঐতিহ্যের পীঠস্থান হিসেবে এর খ্যাতি ক্ষতিগ্রস্ত হবে সিনেমাটির নামের কারণে।"
চিঠিতে সমকামিতাকে তুলনা করা হয়েছে একটি 'অমানবিক যৌনাচার' হিসেবে। তাদের আশংকা, এই সিনেমাটি প্রদর্শিত হলে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে কোনো বাবা-মা আর তাদের সন্তানকে পড়তে পাঠাবেন না।
এদিকে মিল্লাত বেদারি মুহিমের দাবীর সাথে সুর মিলিয়েছেন আলিগড়ের বিজেপি সমর্থকারী মেয়র শকুন্তলা ভারতী, "আমরা সতর্ক করেছি এই শহরে সিনেমাটির কোনো প্রকার প্রদর্শনী না চালানোর ব্যাপারে। দশদিন আগেই আমরা সিনেমাটি প্রদর্শনের বিরোধিতায় প্রতিবাদ করি।"
এদিকে পুরো বিষয়টি নিয়ে কিছুটা বিব্রত এবং হতাশ সিনেমাটির নির্মাতা হানসেল মেহরা। তিনি বলেন, "সিনেমাটির প্রদর্শনী বন্ধ করে দিয়ে তারা আরো একবার সিরাসকে হত্যা করলেন।"
বিশতম বুসান চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা জেতা সিনেমা 'আলিগড়' নির্মিত হয়েছে প্রভাষক শ্রীনিবাস রামচান্দ্রান সিরাসের জীবনের সত্য ঘটনা অবলম্বনে। সমকামী এই শিক্ষককে নিজ বাড়িতে অন্য পুরুষের সঙ্গে যৌনকর্মে লিপ্ত হওয়ার অভিযোগে ২০০৯ সালে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। তিনি মামলা করেন এবং কেবল সমকামী হওয়ায় তাকে অপরাধী হিসেবে গণ্য করা যাবে না - এর ভিত্তিতে তার মামলা পরিচালনা করা হয়। ২০১০ সালের পহেলা এপ্রিল তিনি মামলায় জিতে চান কিন্তু রহস্যজনকভাবে ১০ এপ্রিল তার মৃত্যু হয়। একটি হত্যা মামলা দায়ের করা হয় এবং ৬ ব্যক্তিকে গ্রেফতারও করা হয়। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে তারা ছাড়া পেয়ে যান।
সিনাময় অধ্যক্ষ সিরাসের ভূমিকায় অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও।
