সঞ্জয়ের মুক্তিতে খাবার, বাহন ফ্রি!
৪২ মাস পর ঘরে ফিরছেন অভিনেতা সঞ্জয় দত্ত। প্রিয় তারকার কারামুক্তি উদযাপনে এখন সরগরম মুম্বাইয়ের রেস্তোরাঁগুলো। বিভিন্ন রেস্তোরাঁয় চলছে মূল্যহ্রাস এমনকি বিনামূল্যে খাবার বিতরণও।
সঞ্জয়ের মুক্তির আগের দিনই বিনামূল্যে খাবার বিতরণের ঘোষণা দিয়ে বসেছিলেন মোঘলাই রেস্তোরাঁ নূর মোহাম্মদি হোটেলের মালিক খালিদ হাকিম। সেই প্রতিশ্রুতি রেখেছেনও।
বৃহস্পতিবার ‘চিকেন সাঞ্জু বাবা’ নামে মুরগির এক বিশেষ পদ রেস্তোরাঁয় আগত অতিথিদেরকে বিনামূল্যে বিতরণ করেছেন হাকিম। ২০১০ সালে এই পদের রন্ধন প্রণালী নিজে আবিষ্কার করেন সঞ্জয় দত্ত। এরপর থেকে হাকিমের রেস্তোরাঁর অন্যতম জনপ্রিয় খাবার এটি।
১৯২৩ সালে যাত্রা শুরু হয় নূর মোহাম্মদি হোটেলের। খালিদ হাকিম ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁর তৃতীয় প্রজন্মের মালিক। জানালেন, সঞ্জয়ের মুক্তির দিন (বৃহস্পতিবার) দুপুরে শুরু হয় ‘চিকেন সাঞ্জু বাবা’ বিনামূল্যে বিতরণ, চলে মধ্যরাত পর্যন্ত। খাবার সরবরাহ শুরুর অনেক আগে থেকেই সেদিন ছিল রেস্তোরাঁয় উপচে পড়া ভিড়।
"২০১০ সালে সঞ্জয় আমাদের রেস্তোরাঁয় এসে এক দিন এই রেসিপিটি দিয়ে যান। মুরগির মাংসের মশলাদার ঝোল তরকারির এই রেসিপির নাম আমরা রাখি ‘চিকেন সাঞ্জু বাবা’, তিনি লিখিতভাবে আমাদের এই খাবার পরিবেশনের অনুমতি দেন।"
ওদিকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার জনপ্রিয় রেস্তোরাঁ ভাইজানস রেস্টুরেন্টে সেদিন ছিল ৫০ শতাংশ মূল্যহ্রাস। সঞ্জয়ের মুক্তি উপলক্ষে এক বিশেষ পদের প্রচলন শুরু করেন তারা, যার নাম ‘ভাই-বাবা চল মেরে ভাই’।
রেস্তোরাঁর ব্যবস্থাপকের ভাষ্যে, "এটি খাসি এবং মুরগির মাংসের কিমা দিয়ে তৈরি একটি পদ। সালমান খান খাসির মাংস খেতে পছন্দ করেন, আর সঞ্জয়ের পছন্দ মুরগি, তাই দুজনের বন্ধুত্বকে সম্মান জানাতে আমরা এই খাবারটি তৈরি করেছি।"
মজার ব্যাপার হল, ভাইজানস রেস্টুরেন্ট হলো বলিউড সুপারস্টার সালমান খানের সম্মানে নির্মিত প্রথম রেস্তোরাঁ। গত বছর এটি খোলেন সালমানের পাঁচ ভক্ত, যারা আবার সেই স্কুলে পড়েছেন যেখানে সালমান পড়েছিলেন।
রেস্তোরাঁটির সবকিছুই সালমানকে কেন্দ্র করে তৈরি, জানালেন তারা। এমনকি এই রেস্তোরাঁর বারান্দাও নির্মিত হয়েছে সালমানের বাড়ির বারান্দার আদলে।
কোলাবার এক জনপ্রিয় পানশালা গোকুল বারেও বিশেষ অফার চলেছে সেদিন। বারের মালিক দীনেশ পুজারি সঞ্জয় ভক্ত। বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিয়েছিলেন বিশেষ ছাড়। সঞ্জয়ের মুক্তির আনন্দে সেদিন ৩০০টি ঠাণ্ডা বিয়ার বিনামূল্যে বিতরণ করেছেন তিনি। জানা গেল, প্রথম দুই ঘণ্টায়ই ৩০০টি বিয়ার শেষ হয়ে গেছে সেদিন।
সঞ্জয়ের প্রতি ভালবাসা শুধু রেস্তোরাঁর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। অটোরিকশা চালক সান্দিপ বাচ্চে সেদিন সবাইকে ফ্রিতে পৌঁছে দিয়েছেন গন্তব্যস্থলে।
"অনেক বছর আগে, দত্ত পরিবার আমাকে চিকিৎসার ব্যাপারে সাহায্য করেছিল, যার জন্য আমি আজও কৃতজ্ঞ। যেদিন আমি দেখলাম সঞ্জয়কে কারাদণ্ড দেয়া হয়েছে, সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যত দিন তিনি না ফিরবেন, ততদিন খালি পায়ে চলবো। এখন আবার জুতা পড়া আরম্ভ করতে হবে।"
১৯৯৩ সালে মুম্বাই হামলায় ব্যবহৃত অস্ত্র নিজের হেফাজতে রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হন সঞ্জয় দত্ত। এরপর ৫ বছরের কারাভোগ শেষে ২৫ ফেব্রুয়ারি বাড়ি ফিরেছেন এই অভিনেতা।
